তামিম ইকবাল তার ফেসবুক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করলেন

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা তামিম ইকবাল সম্প্রতি ফেসবুকে একটি আবেগপূর্ণ পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি তার পরিবার, ভক্ত এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রায় দেড়দিন ধরে অসুস্থ থাকায়, তামিমের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। তবে, অবশেষে সকলের দোয়া এবং আল্লাহর রহমতে তিনি সংকট কাটিয়ে সুস্থ হয়ে ফিরেছেন।
তামিম তার পোস্টে বলেন, “দুই বছর আগে এই রোজার সময়ই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা চার বছরেও হার্টের অপারেশন করতে পারেননি।” তিনি আরো উল্লেখ করেন, “হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে, কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?”
পোস্টে তামিম তার ফিরে আসার জন্য আল্লাহর অশেষ রহমত এবং তার পাশে থাকা কিছু অসাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। “এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি,” তিনি বলেন।
এছাড়া, তামিম তার সকল ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ করেন, “জীবন আসলে কতটা ছোট, আর এই ছোট জীবনে সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়—এটিই আমার অনুরোধ।”
তিনি পোস্টে আরও বলেন, “আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।”
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








