ঢাকায় পৌঁছেছেন সমিত সোম

এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় এসেছেন কানাডাপ্রবাসী ফুটবলার সমিত সোম। বুধবার (৪ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ঢাকায় পা রেখেই জাতীয় দলের হয়ে মাঠে নামার জন্য নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন এই তরুণ ফুটবলার।
গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সমিত সোম জানান, “বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন অনেক দিনের। এবার সেই সুযোগ আসছে বলে খুব রোমাঞ্চিত লাগছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দেশের জন্য ভালো কিছু করতে চাই।”
সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে গত ৩০ মে থেকেই ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। পরদিন থেকেই অনুশীলন শুরু হয়। এই বাছাইপর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ জুন।
এর আগে বাংলাদেশ দল ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এই দুটি ম্যাচের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন কোচ কাবরেরা। সেই দলে জায়গা পেয়েছেন কানাডার নাগরিকত্বধারী হলেও বাংলাদেশের প্রতি দুর্দান্ত টান রাখা সমিত সোম। তার আগমনে দলীয় শক্তি ও মিডফিল্ডের গভীরতা আরও বাড়বে বলে বিশ্বাস করছেন ফুটবল বিশ্লেষকরা।
সমিতের আগেই ঢাকায় এসে পৌঁছেছেন ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম, যিনি ২৮ মে থেকে ক্যাম্পে যুক্ত আছেন। পাশাপাশি ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীও ২ জুন সকালে ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেন। দেশের মাটিতে আন্তর্জাতিক পর্যায়ের এই ম্যাচে দর্শকদের আগ্রহ যেমন তুঙ্গে, তেমনি প্রবাসী ফুটবলারদের আগমনে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।
সমগ্র দেশবাসী এখন তাকিয়ে আছে ১০ জুনের দিকে, যখন লাল-সবুজের প্রতিনিধিরা ঘরের মাঠে মুখোমুখি হবে শক্তিশালী সিঙ্গাপুরের। সমিত সোমের মতো প্রতিশ্রুতিশীল ফুটবলারদের পারফরম্যান্সে ভর করে বাংলাদেশ দলের সামনে রয়েছে ভালো কিছু করার দারুণ সুযোগ।








