ব্যাটিং ব্যর্থতায় বিশ্বকাপের আগে সিরিজ হার বাংলাদেশের

চন্দ্রদীপ ডেস্ক : ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় বিশ্বকাপের পূর্বপ্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আর এই পরাজয়ে ২-০তে সিরিজ খোয়াল স্বাগতিকরা।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে বাজে ব্যাটিংয়ের প্রদর্শনীতে ৫০ ওভারের ম্যাচে ৩৪.৩ ওভারেই ১৭১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৩ উইকেট হারিয়ে ও ১৫ ওভার বাকি থাকতে জয় নিশ্চিত করে কিউইরা।

ম্যাচে অধিনায়কত্ব করেছেন বাংলাদেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া এই ম্যাচ দিয়ে ওপেনার জাকির হাসানেরও ফরম্যাটটিতে অভিষেক ঘটেছে।

১৭২ রানের লক্ষ্য তাড়ায় খুব একটা বেগ পেটে হয়নি কিউইদের। উইল ইয়ংয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ জয়ে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করে নিউজিল্যান্ড। দেখে শুনেই এগিয়ে যেতে থাকেন দুই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়ং। ৪৯ রানের ওপেনিং জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দশম ওভারে বল করতে এসে এ জুটি ভাঙেন শরিফুল ইসলাম। তার শর্ট বলে পুল করেছিলেন ফিন অ্যালেন। তবে অফ স্টাম্পের বেশ বাইরের বলে টেনে খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে দেন তিনি। ২৬ বলে ২৮ রান করেন অ্যালেন।

অসাধারণ ডেলিভারিতে পরের বলেই ডিন ফক্সক্রাফটকে তুলে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন শরিফুল। তার ফুললেন্থ বলে বোল্ড হয়ে যান এ ব্যাটার। তুলে নিতে পারতেন হ্যাটট্রিকও। পরের বলটিও দুর্দান্ত করেছিলেন শরিফুল। হেনরি নিকোলসের আউটসাইড এজের আবেদন জোরালো আবেদন ছিল। তবে আম্পায়ার সাড়া দেননি। নিশ্চিত না হওয়ায় রিভিউ নেননি টাইগাররা।

এরপর বাংলাদেশের হতাশা বাড়াতে থাকেন ইয়ং ও নিকোলস। তৃতীয় উইকেটে ৮১ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। তাতেই জয়ের ভিত পেয়ে যায় দলটি। এরপর দুর্দান্ত এক ডেলিভারিতে ইয়ংকে ফিরিয়ে এ জুটি ভেঙেছিলেন নাসুম। তার ভেতরে ঢোকা বলটি বাঁক খেয়ে অফ স্টাম্প ভাঙলে ব্যক্তিগত ৭০ রানে থামেন ইয়াং। ৮০ বলে ১০টি চার ও ১টি ছক্কায় সাজান তার ইনিংস।

এরপর বাকি কাজ টম ব্লান্ডেলকে নিয়ে শেষ করেন নিকোলস। এক প্রান্তে আগলে ৮৬ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। তবে উইকেটে নেমে কিছুটা আগ্রাসী হয়ে ১৬ বলে ২৩ রান তুলে দলের জয় নিশ্চিত করেন ব্লান্ডেল।

 




বিশ্বকাপের দল ঘোষণা, বাদ তামিম আছেন মাহমুদউল্লাহ

চন্দ্রদ্বীপ স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। তার আগমুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলে শুরু হয় চরম নাটকীয়তা। দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মাঝে কিছুটা দ্বন্দ্বের কারণে গত দুদিন ধরে রহস্যময় পরিস্থিতি তৈরি হয় দেশের ক্রিকেটে। অবশেষে টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। সাকিবকে অধিনায়ক রেখে ঘোষিত দলে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। তবে পুরোপুরি ফিট না হওয়ায় সেখানে জায়গা মেলেনি দেশসেরা ওপেনার তামিম ইকবালের।



দল হেরে যাওয়ায় ক্লাব প্রেসিডেন্টকে গুলি করে হত্যা

সোমবার নিজেদের মাঠে ম্যাচ ছিল টাইগ্রেস এফসির। প্রতিপক্ষ ছিল অ্যাটলেটিকো এফসি। সফরকারীদের কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরে যায় টাইগ্রেসরা।

ম্যাচ শেষে নিজের কন্যাকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত গাড়িতে বাসায় ফিরছিলেন ৬৩ বছর বয়সী এডগার পায়েজ। স্থানীয় মিডিয়া রিপোর্ট প্রকাশ করেছে, স্টেডিয়ামের কাছেই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে খুব কাছ থেকে এডগার পেরেজকে গুলি করেন।

গুলিতে পিতার মৃত্যু হলেও, সাথে থাকার কন্যার কিছু হয়নি। তাকে আতঙ্কগ্রস্থ অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় দ্রুত তদন্ত চলছে এবং দুর্বৃত্তদের গ্রেফতার করা হবে।

প্রেসিডেন্টের মৃত্যুর পর ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়। সেখানে তারা লিখেছে, ‘টাইগ্রেস পরিবার এবং ক্রীড়ামনস্ক সব মানুষই এই ঘটনায় বিধ্বস্ত হয়ে পড়েছে।’

বিবৃতিতে আরও লেখা হয়েছে, ‘দলের প্রতি তার নিবেদন, অঙ্গীকার ছিল অসাধারণ। আমাদের অঞ্চলে খেলাধুলার প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য। যিনিই তার কাছাকাছি হওয়ার সুযোগ পেয়েছেন, তিনিই জানেন, খেলাধুলার প্রতি কতটা অন্তপ্রাণ ছিলেন এডগার পায়েজ।’

কলম্বিয়ান পেশাদার ফুটবল লিগ মেজর ডিভিশনের প্রেসিডেন্ট ফার্নান্দো জারামিলো বলেন, ‘এই ঘটনায় আমরা ক্ষুব্ধ। দ্রুত জড়িতদের গ্রেফতার এবং শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পায়েজের ফুটবলের প্রতি নিবেদন ছিল আমাদের সবার জন্য অনুকরণীয়।’

পায়েজের সম্মানে কলম্বিয়ান ফুটবল লিগগুলোর আগামী ২ রাউন্ডে এক মিনিট করে নীরবতা পালন করা হবে।




সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

ঘরের মাঠে ২০১০ সালের পর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সব সময়ই থাকে এগিয়ে। কিন্তু বিশ্বকাপের আগ মুহূর্তে হওয়ার কারণে এই সিরিজে বাংলাদেশ দলে নেই অনেক তারকা ক্রিকেটার। নিউজিল্যান্ড দলেও তাই। তবুও, দলটিতে যে সব ক্রিকেটার রয়েছেন, তাদের শক্তি-সামর্থ্যও কম নয়।

 

প্রথম দুই ম্যাচের তুলনায় সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দলে বেশ পরিবর্তন এসেছে। অধিনায়ক লিটন দাস বিশ্রামে। তামিম ইকবালও থাকছেন না। এশিয়া কাপে ইনজুরিতে পড়ার পর এই ম্যাচে অধিনায়ক হয়েই দলে ফিরছেন নাজমুল হোসেন শান্ত।

 

বোলিংয়েও ‘চোট’ আছে বাংলাদেশ দলে। প্রথম দুই ওয়ানডেতে বিশ্রাম পাওয়া তাসকিন আহমেদের খেলার কথা ছিল শেষ ম্যাচে। কিন্তু অসুস্থতার কারণে তাকেও রাখা হচ্ছে না। পরিবর্তে ফের দলে নেয়া হয়েছে খালেদ আহমেদকে। মিরাজ খেলতে পারবে না বলে দলে ফেরানো হয়েছে আফিফ হোসেনকে। তবে তাকে কি খেলানো হবে?

সব মিলিয়ে নিচক একটি ম্যাচ হিসেবে চিন্তা না করে যদি এই ম্যাচকে সিরিজ বাঁচানোর লড়াই হিসেবে বিবেচনা করা হয়, তাহলে নিশ্চিত ম্যাচটা বাংলাদেশের জন্য কঠিনই হতে যাচ্ছে। একেবারে তরুণ একটি দলের কাঁধে আজ উঠতে যাচ্ছে সিরিজ বাঁচানোর লড়াই।




জাতীয় দলে প্রথমবারের মতো অধিনায়কত্ব, যা বললেন শান্ত

অবশেষে শান্তর সামনে বড় সুযোগ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে তাকে বেছে নিয়েছে বিসিবি। প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে অধিনায়কত্ব করবেন, শান্ত নিজেও বেশ রোমাঞ্চিত।

দেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে টাইগার এই ব্যাটারের। ২০১৮ সালের শেষদিকে ওয়ানডে অভিষেক হওয়া এই ক্রিকেটার মনে করছেন, তার এখনও অনেক দূর যাওয়া বাকি।

শান্ত বলেন, ‘জার্নির কথা যেটা বলি, শুরু থেকে খুবই ভালো যাচ্ছে। এখনও অনেক দূর যাওয়া বাকি। উপভোগ করেছি। প্রত্যেকটা সময় উপভোগ করেছি। ভালো সময় বলেন বা খারাপ সময় বলেন। প্রত্যেকটা সময় উপভোগ করার চেষ্টা করেছি। এবং ভবিষ্যতে যদি ওই সুযোগ আসে দলের দেশের হয়ে নেতৃত্ব দেওয়ার, অবশ্যই চেষ্টা করব। এটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারেরই স্বপ্ন যে, দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। এটা আমার এখন পর্যন্ত আসছে। ভবিষ্যতে যদি আবার সুযোগ আসে, আবার ভালোভাবে করার চেষ্টা করব।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে ছিলেন শান্ত। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, পরেরটিতে টাইগারদের ৮৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে লিড নিয়েছে কিউইরা।

ঘরের মাঠে সিরিজ হারের শঙ্কা। এমন সময়ে দলে ফিরেই অধিনায়কত্বের মতো গুরুদায়িত্ব। কতটা চ্যালেঞ্জিং? শান্ত বলেন, ‘চ্যালেঞ্জ না। আমার কাছে মনে হয় আনন্দের। খুব ভালো লাগছে এমন সুযোগ এবং এমন অবস্থায় আমাদের টিম আছে সামনে ওয়ার্ল্ড কাপ। সবমিলিয়ে আমার কাছে মনে হয়, যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি ম্যাচটা, ভবিষ্যতের জন্য ভালো হবে। আমি বিশ্বাস করি, আমাদের টিম একটা ভালো অবস্থায় থাকবে।’




পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ

ব্রোঞ্জ পদকের লড়াইয়ে আজ ঝেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট মাঠে পাকিস্তানের মুখোমুখি হয় নিগার সুলতানারা। ভারতের বিপক্ষে সেমিফাইনালে তারা যে ভুল করেছিলো, সেটা আর পাকিস্তানের বিপক্ষে করেনি। বরং, পাকিস্তানি নারী ক্রিকেটারদের ৫ উইকেটে হারিয়ে এশিয়ান গেমসের পদক তালিকায় বাংলাদেশের নাম তুললো তারা।

টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে নিদা দার অ্যান্ড কোং। জবাব দিতে নেমে ১৮.২ ওভারে (১০ বল হাতে রেখে) ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মিডল অর্ডার ব্যাটার স্বর্ণা আক্তার অপরাজিত থাকেন ১৪ রানে। দুই ওপেনার শামীমা সুলতানা এবং সাথি রানী করেন সমান ১৩ রান করে। শবনম মুস্তারি ৫, নিগার সুলতানা জ্যোতি ২ রান করে আউট হন। এছাড়া রিতু মনি আউট হন ৭ রান করে। ২ রানে অপরাজিত থাকেন সুলতানা খাতুনপাকিস্তানি বোলার নাশরা সান্ধু ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন। বাংলাদেশ শিবিরে কিছুটা ভয় ধরিয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটারদের দৃঢ়তায় শেষ পর্যন্ত জয়ের পথে তারা বাধা হতে পারেনি। সাদিয়া ইকবাল এবং নিদা দার নেন ১টি করে উইকেট।

টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানি ব্যাটারদের আটকে রেখেছিলেন বাংলাদেশের বোলার মারুফা আক্তার, স্বর্ণা আক্তার এবং সানজিদা আক্তার মেঘলা। মারুফা ৩ ওভার বল করে দিলেন মাত্র ২ রান। একটি মেডনের সঙ্গে উইকেট নেন ১টি। স্বর্ণা আক্তার ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। ২ উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। ১টি করে উইকেট নেন মারুফা, নাহিদা এবং সানজিদা।

পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৭ রান করেন আলিয়া রিয়াজ। ১৪ রান করেন নিদা দার, ১৩ রান আসে সাদাফ সামাসের ব্যাট থেকে। এছাড়া ১১ রান করেন নাতালিয়া পারভিজ।




হারের হ্যাটট্রিক অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের

চন্দ্রদ্বীপ স্পোর্টস ডেস্ক:  এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ভিয়েতনাম ও ফিলিপাইনের কাছে হারের পর অস্ট্রেলিয়ার কাছে হারটাও অনুমিত ছিল। দেখার ছিল শেষ হারটা কয় গোলের হয় মাহবুবুর রহমান লিটুর দলের। রোববার ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত নিজেদের শেষ গ্রুপ ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হেরেছে অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে।

ভিয়েতনামের কাছে ২-০ ও ফিলিপাইনের কাছে ৩-১ গোলে হারের পর শেষটা হলো হালি গোল খেয়ে। দ্বিতীয় মিনিটে গোল দিয়ে দলকে লিড এনে দেন অস্ট্রেলিয়ার সিয়েনা ডেল। প্রথমার্ধে আর গোল না হলেও দ্বিতীয়ার্ধে ওই সিয়েনার কাছেই ধ্বসে যায় বাংলাদেশ। হারের হ্যাটট্রিক করে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

৫৭ ও ৬১ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সিয়েনা। ৭৪ মিনিটে নিজের ও দলের চতুর্থ গোল করেন তিনি। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। চার দলের মধ্যে চতুর্থ হয়ে শূন্যহাতে দেশে ফিরছেন বাংলাদেশের মেয়েরা।

গত এপ্রিলে সিঙ্গাপুরে অনুষ্ঠিত বাছাইয়ের প্রথম রাউন্ডে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল তুর্কমেনিস্তান ও স্বাগতিকদের হারিয়ে। তখন ডাগআউটে ছিলেন নারী ফুটবল দলের তৎকালীন প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন।




৮০ লাখে মুশফিককে দলে নিলো বরিশাল

আজ রাজধানীর রেডিসন ব্লু হোটেলে দুপুর সাড়ে ১২টায় শুরু হয় বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। প্রথম রাউন্ডে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিককে দলে নিয়ে নেয় বরিশাল। আগেই তামিম ইকবালকে দলভূক্ত করেছিলো তারা। এবার বরিশাল স্কোয়াডে ঠাঁই মিলে গেলো মুশফিকেরও।

রংপুর রাইডার্স : রনি তালুকদার, শামীম হোসেন, রিপন মন্ডল, হাসান মুরাদ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অংকন, রিশাদ হোসেন।

সিলেট স্ট্রাইকার্স: মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী রাব্বি।

খুলনা টাইগার্স: আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান।

দুর্দান্ত ঢাকা: সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, মেহরাব হাসান।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: তানজিদ হাসান তামিম, আল আমিন হোসেন, সৈকত আলি, ইমরানুজ্জামান।




এশিয়ান গেমসের নারী ক্রিকেট : সেমিফাইনালে বাংলাদেশ

চন্দ্রদীপ ডেস্ক: হাংজুর জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্রিকেট মাঠে হওয়ার কথা ছিল ম্যাচটি। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল হংকং। কিন্তু বৃষ্টির কারণে হয়নি একটি বলও।

বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও পিছিয়ে যায় সেটি। দুই ঘণ্টা অপেক্ষার পরও আবহাওয়ার উন্নতি না হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। গেমসের নিয়ম অনুযায়ী, বাছাইয়ে এগিয়ে থাকায় হংকংকে টপকে বাংলাদেশ উঠে গেছে সেমিফাইনালে।

গতকাল ভারতও এভাবে সেমিফাইনালে উঠে গেছে মালয়েশিয়ার সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত হওয়াতে। আগামী রোববার ভারত–বাংলাদেশের মধ্যে হবে সেমিফাইনাল। দুই দলের মধ্যকার সর্বশেষ সিরিজটি ছিল বেশ আলোচিত।




এক লাফে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে সিরাজ

চন্দ্রদ্বীপ স্পোর্টস ডেস্ক:  এশিয়া কাপের ফাইনালে অগ্নিঝরা বোলিং করে ২১ রানে ৬ উইকেট শিকার করেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। তার আগুনে পুড়ে ৫০ রানেই শেষ হয়ে যায় লঙ্কানদের ইনিংস। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভারত কোনো উইকেট না হারিয়েই অষ্টমবারের মত এশিয়া কাপের শিরোপা জিতে।

সিরাজের এই অসাধারণ পারফরম্যান্স তাকে ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ের শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছে। অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজেলউডকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন এই ভারতীয় বোলার।

সিরাজ দ্বিতীয়বারের মত আইসিসির এই মর্যাদাপূর্ণ স্থানে নিজের জায়গা করে নিয়েছেন। এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিনি ওয়ানডে ফরম্যাটে সেরা বোলার ছিলেন। পরে তার কাছ থেকে শ্রেষ্ঠত্বের সিংহাসনটি কেড়ে নেন হ্যাজেলউড। সেই হ্যাজেলউডকেই এবার পেছনে ফেলে আবারও সেরা হয়েছেন সিরাজ।

এশিয়া কাপে দারুণ পারফরম্যান্সের কারণে ৮ ধাপ পদোন্নতি হয় সিরাজের। এই টুর্নামেন্টে সিরাজ ১০টি উইকেট শিকার করেছেন। ফাইনাল ম্যাচে এক ওভারেই তুলে নিয়েছিলেন ৪ উইকেট। গড়ে রান খরচ করেছেন ১২.২০। ফাইনাল ম্যাচের এই অসাধারণ কীর্তিকে ‘স্বপ্নের মত’ বলে উল্লেখ করেছেন সিরাজ।

আইসিসির সর্বশেষ করা সেরা বোলারের তালিকায় এক ধাপ অবনতি হয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জস হ্যাজেলউড। তৃতীয় অবস্থানে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। তারও এক ধাপ অবনতি ঘটেছে। চতুর্থ ও পঞ্চম স্থান ধরে রেখেচেন আফগানিস্তানের দুই অফস্পিনার মুজিব উর রহমান ও রশিদ খান।

এছাড়া এশিয়া কাপে ৯ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা হলেও ভারতীয় স্পিনার কুলদ্বীপ যাদব ৩ ধাপ পিছিয়ে ছয় থেকে নয়ে নেমে গেছেন। তালিকায় দশম স্থানে রয়েছেন পাকিস্তানের গতিতারকা শাহিন শাহ আফ্রিদি।