আফগানিস্তানের বিপক্ষে ডাচদের সংগ্রহ ১৭৯

চন্দ্রদীপ ডেস্ক : বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম অঘটনের জন্ম দিয়েছিল নেদারল্যান্ডস। এক যুগ পর বিশ্বকাপ খেলতে আসা ডাচরা নিজেদের সবশেষ ম্যাচে হারিয়েছে বাংলাদেশকেও। সেমিফাইনালের লক্ষ্যে ডাচরা আজ মাঠে নেমেছিল আফগানিস্তানের বিপক্ষে। তবে পুনেতে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় নেদারল্যান্ডস, এরপর এক একে ৪ জন ব্যাটার রান আউটের শিকার হওয়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে ডাচরা। তবে সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটের ৫৮ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৪৬.২ ওভারে অলআউট হওয়ার আগে ১৭৯ রানের সংগ্রহ পেয়েছে স্কট এডওয়ার্ডসের দল।

সেমিফাইনালে ওঠার লক্ষ্যে আফগানদের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে ৬ ম্যাচের তিনটিতে জিতেছে হাশমতউল্লাহ শহিদীর দল। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দুটি দল সেমিতে ওঠার সুযোগ রয়েছে। এই ম্যাচ জিতলে অনেকটাই এগিয়ে যাবে রশিদ-মুজিবরা। অন্যদিকে বিশ্বকাপের বড় অঘটনের জন্ম দেওয়া ডাচরাও দুই ম্যাচ জিতেছে। দক্ষিণ আফ্রিকার পর তারা হারিয়েছে বাংলাদেশকেও। যার মাধ্যমে নেদারল্যান্ডস চলতি বিশ্বকাপকে অবিস্মরণীয় করে তুলেছে।




শ্রীলংকাকে ৩০২ রানে হারিয়ে সবার আগে সেমিতে ভারত

চন্দ্রদীপ ডেস্ক : ভারতের দেওয়া ৩৫৭ রানের জবাবে মাত্র ৫৫ রানেই গুঁড়িয়ে গেছে লঙ্কানদের ইনিংস। যা বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় বড় হার (৩০২ রান)।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) প্রথম ইনিংসে ঝড় তুলেছিলেন বিরাট কোহলি ও শুভমান গিলরা। যদিও দুজনেই আউট হয়েছেন সেঞ্চুরি থেকে কয়েক কদম দূরত্বে। এরপর শেষদিকে শ্রেয়াস আইয়ারও ম্যাজিক ফিগারের আশা জাগিয়ে ফিরে যান। কিন্তু ততক্ষণে ভারত বড় সংগ্রহ পেয়ে যায়। বিপরীতে লঙ্কান পেসার ‍দিলশান মাদুশঙ্কা ৫টি উইকেট শিকার করেন।

৩৫৮ রানের লক্ষ্য তাড়ায় লঙ্কানরা ক্রিজে দাঁড়াতেই পারেনি। তাদের ৫ ব্যাটারই আউট হন রানের খাতা খোলার আগে। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন মাত্র ৩ ব্যাটার। বিপরীতে উইকেট শিকারে প্রতিযোগিতা করেছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজরা। তবে সেই দৌড়ে সেরা শামি। ভারতের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট পাওয়ার দিনে ডানহাতি পেসার মাত্র ১৮ রান খরচায় নেন ৫ উইকেট। এছাড়া ১৬ রানে সিরাজ ৩ উইকেট এবং একটি করে শিকার করেন জসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা।

টপ ও মিডল অর্ডারের ব্যর্থতার মাঝে একমাত্র দুই অঙ্কের রানে পৌঁঁছা ব্যাটার অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস। ২৫ বলে তিন ১২ রান করেন। ২৯ রানে আট উইকেট হারিয়ে লঙ্কানরা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ব্যবধানে হারের প্রহর গুনছিল। সেখান থেকে তাদের উদ্ধার করেছেন টেল-এন্ডারে নামা মাহেশ থিকশানা ও ‍কাসুন রাজিথা। দুজনের ব্যাটে যথাক্রমে আসে ১২ ও ১৪ রান। মাত্র ১৯.৪ ওভারেই ভারতের দেওয়া লক্ষ্যের চেয়ে ৩০২ রান দূরত্বে নোঙর ফেলে লঙ্কান জাহাজ!

এর আগে মুম্বাইয়ের ব্যাটিং উইকেটে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত লঙ্কানদের জন্য ফিরে আসে বুমেরাং হয়ে। পুরো ম্যাচে কখনোই খুব বেশি সুবিধা করতে পারেননি তারা। এর সঙ্গে যুক্ত হয়েছে বাজে ফিল্ডিং। শুরুতে গিল আর কোহলির পর শেষে ঝড় তুলেছেন রানখরায় থাকা শ্রেয়াস আইয়ার। তিনজনের হাফ সেঞ্চুরির সুবাদে ভারতের স্কোর ৩৫৭ রান। বল হাতে এদিন লঙ্কানদের হয়ে সফল ছিলেন দিলশান মাদুশঙ্কা। নিয়েছেন ৫ উইকেট।

ম্যাচের প্রথম ওভারে রোহিত শর্মার উইকেট যেন ঝড়ের আগে খানিক স্বস্তি দিয়েছে শ্রীলঙ্কাকে। এরপর থেকে শুধুই হতাশা। মাঝে বিরাট কোহলির ক্যাচ নেওয়ার সুযোগ ছিল। তবে সেটা নিতে পারেননি বোলার দুশমান্থ চামিরা। এরপর যেন একেবারেই চেপে বসেন ভারতের দুই ব্যাটার। দ্বিতীয় উইকেটে দুজন মিলে যোগ করেন ১৮৯ রান।

দুজনেই ছুটছিলেন সেঞ্চুরির দিকে। জোড়া সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন ওয়াংখেড়ের দর্শকরা। তবে সেই উৎসবের আমেজ পণ্ড করে দেন দিলশান মাদুশঙ্কা। নিজের দুই ওভারে গিল আর কোহলিকে ফেরান এই লঙ্কান পেসার। গিল আউট হয়েছেন লাফিয়ে ওঠা বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। আর কোহলি হয়েছেন বিভ্রান্ত। শর্ট পিচ ডেলিভারিতে স্ট্রেট ড্রাইভ খেলবেন কিনা তা নিয়ে সংশয়ে ভুগছিলেন। তাতেই ক্যাচ উঠে যায় পাথুম নিশাঙ্কার হাতে।

গিল আউট হয়েছেন ব্যক্তিগত ৯২ রানে। আর কোহলি আউট হয়েছেন ব্যক্তিগত ৮৮ রানে। তাদের আউটের আগে পর্যন্ত ধারণা করা হচ্ছিল, আরও একবার ৪০০ রানের স্কোর দেখা যাবে এবারের বিশ্বকাপ। তবে এই দুই উইকেটের পর কিছুটা ছেদ পড়ে রান তোলায়। ক্রিজে এসে লোকেশ রাহুল আর শ্রেয়াশ আইয়ার কিছুটা সময় নিতে চেয়েছিলেন।

রাহুল ইনিংস বড় করতে পারেননি। ১৯ বলে ২১ রান করে দুশমান্থ চামিরার বলে দুশান হেমন্তর হাতে ক্যাচ দেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপরের পুরোটা সময় শুধুই শ্রেয়াশ আইয়ার। চলতি বিশ্বকাপে রানখরায় ভুগতে থাকা এই মিডলঅর্ডার ব্যাটার আজ খেলেছেন মনে রাখার মত এক ইনিংস। সূর্যকুমার ৯ বলে ১২ করে ফিরে গেলেও অবিচল ছিলেন আইয়ার।

৩ চার আর ৬ ছয় দিয়ে দুর্দান্ত এক ইনিংস সাজিয়েছেন আইয়ার। যদিও শেষ পর্যন্ত সেঞ্চুরি তাড়া করতে গিয়ে ৮২ রানেই থামে তার ইনিংস। পরে রবীন্দ্র জাদেজার ২৪ বলে ৩৫ রানের ক্যামিও ভারতের স্কোর নিয়ে গিয়েছে ৩৫৭ রান পর্যন্ত।

লঙ্কানদের হয়ে উইকেটের দেখা পেয়েছেন কেবল দুজন। দিলশান মাদুশঙ্কা নিয়েছেন ৫ উইকেট। তবে এজন্য খরচ করেছেন ৮০ রান। ক্রিকেটে এরচে বেশি রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন কেবল আদিল রাশিদ। আর অন্য উইকেট নিয়েছেন দুশমান্থ চামিরা।




২৪ বছর পর নিউজিল্যান্ডকে হারিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

চন্দ্রদীপ ডেস্ক : বিশ্বকাপে সবশেষ নিউজিল্যান্ডকে হারিয়েছিল সেই ১৯৯৯ সালে। ২৪টি বছর বিশ্বআসরে কিউইদের হারাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। অবশেষে সেই আক্ষেপ ঘুচলো। কিউইদের ১৯০ রানের বড় ব্যবধানে উড়িয়েই পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেলো দক্ষিণ আফ্রিকা।

রানরেট এমনিতেই ছিল বেশি। নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সেটা আরও বাড়িয়ে নিয়েছে প্রোটিয়ারা। এতে করে তারা ভারতের সমান ১২ পয়েন্ট নিয়ে উঠে গেছে পয়েন্ট তালিকায় সবার ওপরে।

মাথার ওপর বিশাল রানের বোঝা। তাড়া করতে হবে ৩৫৮। প্রোটিয়া বোলারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। ৬৭ রান তুলতে ৪ আর ১০০ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে লাথামের দল। শেষ পর্যন্ত ৩৫.৩ ওভারে ১৬৭ রানে অলআউট হয়েছে কিউইরা।




বিশ্বকাপ শুরুর ম্যাচে আশা জাগিয়েও সবার আগে বিদায় বাংলাদেশের

চন্দ্রদীপ ডেস্ক: কলকাতার ইডেন গার্ডেন্সে ব্যাটে বলে কখনোই আধিপত্য বিস্তার করা হয়নি বাংলাদেশের। ব্যাট হাতে যেমন ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। তেমনি ছিল একেবারেই নিরীহদর্শন বোলিং। একপেশে ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে বাবর আজমের দল। এই জয়ের পর বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে এখনও টিকে রইলো পাকিস্তান।

২০৫ রানের স্বল্প লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই দাপট দেখিয়েছেন দুই ওপেনার আব্দুল্লাহ শফিক এবং ফখর জামান। রানখরায় ভুগতে থাকা ফখর যেন নতুন জীবন পেলেন আজকের এই ম্যাচ থেকে। শুরু থেকেই ছিলেন সাবলীল। আর ছন্দে থাকা শফিক নিয়মিত যন্ত্রণাই বাড়িয়েছেন বোলারদের। সাদামাটা বোলিংয়ে পার্থক্য গড়ার মত স্পেল ছিল না কারোরই। প্রথম দশ ওভারেই এসেছে ৫২ রান।

শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান কেউই পারেননি নিজেদের নামের প্রতি সুবিচার করতে। বাধ্য হয়ে বল ঘোরাতে হয়েছে নাজমুল হোসেন শান্তকেও। তবে কাজের কাজ হয়নি।

পাকিস্তানের প্রথম উইকেটের পতন ঘটে ২২তম ওভারে। এলবিডব্লিউতে আব্দুল্লাহ শফিককে ফেরান মেহেদি মিরাজ। তবে শফিক ততক্ষণে এবারের বিশ্বকাপে নিজের চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। মিরাজের বলে আউট হওয়ার আগে খেলেছেন ৬৮ রানের ইনিংস। ১২৮ রানে প্রথম উইকেটের পতন।

বাবর আজম এসে খুব বেশি কিছু করতে পারেননি। ১৬ বলে ৯ করেই ফিরে গিয়েছেন সাজঘরে। এবারও উইকেট মিরাজের। ক্যাচটা নিয়েছেন তাওহীদ হৃদয়। আর সেঞ্চুরির দিকে ছুটতে থাকা ফখর জামান থেমেছেন ৮১ রানে। তাকেও ফিরিয়েছেন মিরাজই। বাউন্ডারি লাইনে রিয়াদের হাতে ক্যাচ দিয়ে হতাশ হয়ে ফিরতে হয় এই ওপেনারকে।

এরপর ক্রিজে থাকা ইফতেখার আহমেদ আর মোহাম্মদ রিজওয়ান দেখেশুনেই ইনিংস শেষ করেছেন। এই ম্যাচের পর ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বাড়ি ফেরা নিশ্চিত হলো বাংলাদেশের। আর ৬ পয়েন্ট নিয়ে এখনও সেমির আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান।




পাকিস্তান পেসারদের তোপে ২০৪ রানেই শেষ বাংলাদেশ

চন্দ্রদ্বীপ স্পোর্টস: লেগ সাইডের বাইরের ইয়র্কার আটকাতে গিয়েছিলেন মোস্তাফিজ। বল ব্যাটে লেগে আঘাত করে প্যাডে, সেখান থেকে গিয়ে ভেঙেছে স্টাম্প। শেষ ৭ বলে ৩ বোল্ড করলেন ওয়াসিম, বাংলাদেশ গুটিয়ে গেল ২০৪ রানেই।

প্রথম পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারানোর পর মাহমুদউল্লাহ ও লিটনের জুটি বাংলাদেশকে এগিয়ে নিয়েছিল বেশ। কিন্তু ইফতিখারের বলে ২১তম ওভারের প্রথম বলে লিটন আউট হয়ে ফেরার পর আর পথ খুঁজে পায়নি বাংলাদেশ। শেষ মুর্হূতে বাংলাদেশ ২০৪ রান, পাকিস্তান ২০৫ রানের টার্গেট করে ব্যাটিং এ নামবে ।




আবার ব্যালন ডি’অর জয় মেসির

চন্দ্রদীপ ডেস্ক : আবারো ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর ট্রফি জিতলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওলেন মেসি। আর্লিং হলান্ড কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে অষ্টমবারের মতো এই মর্যাদায় ভূষিত হলেন ৩৬ বছর বয়স্ক মেসি। সোমবার (৩০ অক্টোবর) রাতে প্যারিসের শ্যালে থিয়েটারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেন সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহাম। বিশ্বকাপ জয় তাকে এই পুরস্কার জয়ে অনেকটাই এগিয়ে দিয়েছে।

অষ্টম ব্যালন ডি’অর জিতে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মেসি বলেন, ‘আমি যে ক্যারিয়ার পেয়েছি সেটা আমি কল্পনাও করিনি! ভাগ্যকে আমার পাশে পেয়েছি, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমার সব লক্ষ্য পূরণ করতে পেরেছি, ফুটবলে যা কিছু আছে তার সবই অর্জন করতে পেরেছি— যা খুবই কঠিন।’

ফুটবলারদের ব্যক্তিগত মর্যাদার এ পুরস্কার অর্জনে মেসির ধারেকাছে নেই কেউ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছেন সর্বোচ্চ পাঁচটি। পর্তুগিজ তারকার সাথে ব্যবধানটা এখন বেড়ে দাঁড়াল তিনে।




পাকিস্তানের বিরুদ্ধে আজ মাঠে নামবে বাংলাদেশ

চন্দ্রদীপ ডেস্ক: বিশ্বকাপ ক্রিকেটে ইডেনের মাঠে আজ বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে কত আগ্রহ থাকতে পারত। কারা একাদশে নামবেন, সাকিব কী করবেন, রিয়াদ কী করবেন, পাকিস্তানের বাবর আজমকে কীভাবে আউট করতে হবে, রিজওয়ানকে কীভাবে ড্রেসিং রুমে ফেরাতে হবে, কলকাতার ইডেন গার্ডেনসে বেলা আড়াইটয় যখন টস করতে নামবেন সাকিব, তখন পিচের অবস্থা কেমন থাকবে, টস জিতলে ব্যাট না বোলিং নিলে ভালো হবে—এমন কতশত প্রশ্ন মুখে মুখে ঘুরে বেড়াত। আজ সেটা নেই। সেই আগ্রহের ফুল শুকিয়ে গেছে। দেশের ক্রিকেট-পাগল দর্শক হতাশ হয়েছে। সাকিব, হাথুরুসিংহের প্রতি শ্রদ্ধা নেই। সাধারণ মানুষ মনে করে, তাদের হাতে বিশ্বকাপ ক্রিকেটের স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে। কলকাতায় ১০ হাজার দর্শক গেছেন খেলা দেখতে। হোটেলে অবস্থান করছেন। কলকাতায় প্রথম ম্যাচ দেখে দেখে তারাও হতাশ। অপেক্ষায় রয়েছেন—দ্বিতীয় ম্যাচটায় যদি জয় নিয়ে ফেরা যায়, তাহলে বাড়ি ফিরে মুখ দেখানো যাবে। এটাই সান্ত্বনা। অথচ এই বিশ্বকাপে বাংলাদেশ ছিল ক্রিকেট দুনিয়ায় অন্যতম আলোচিত একটি দল। সেই দলের এখনকার যে অবস্থান, তা নিয়ে আশাকরার কিছু নেই। টানা পাঁচ হার নিয়ে আজ ৭ নম্বর ম্যাচে লড়াই করতে নামবে বাংলাদেশ।




ইংল্যান্ড, পাকিস্তানের পর এবার শ্রীলংকাকে হারালো আফগানিস্তান

চন্দ্রদীপ ডেস্ক : সাত উইকেট হাতে রেখেই শ্রীলংকার বিরুদ্ধে   জয়ের বন্দরে পৌঁছে গেল আফগানিস্তান।  ৪৫.২ ওভারেই প্রয়োজনীয় ২৪২ রান সংগ্রহ করতে সক্ষম হয় আফগানরা।
আজমত (৭৩)
ও হাশমত (৫৮) দুজনেই অর্ধশতক রান করে ক্রিজে অপরাজিত থাকেন।
দলীয় শুন্য রানে গুবরাজ আউট হলে কয়েক ওভার চাপে থাকলেও বাকী সময়টায় আফগানদেরই নিয়ন্ত্রণ ছিল ম্যাচে।




আফগান তোপে পুনেতে বেকায়দায় শ্রীলংকা

চন্দ্রদীপ ডেস্ক: এবারের বিশ্বকাপে স্বরূপে আবির্ভূত হতে পারেনি একসময়ের দূর্দান্ত এই দলটি। যার ধারাবাহিকতায় আজকের খেলায়ও আফগান বোলিংয়ের বিরুদ্ধে স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারেনি তারা।

পুরো সেশনে দাপট ছিলো আফগানদের।  তিন বল বাকী থাকতেই আউট হয়ে যাওয়ার পূর্বে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৪১।

জবাবে ২৪২ রানের লক্ষে  ব্যাটিং এ সর্তক সূচনা করলেও শূন্য রানেই প্রথম উইকেট হারায় আফগানিস্তান।




টানা ৬ ম্যাচ জিতে শীর্ষে ভারত

চন্দ্রদীপ ডেস্ক: বিশ্বকাপের চলতি আসরে স্বাগতিকদের জয়ের রথ চলছেই। রোহিত শর্মা-বিরাট কোহলিদের জয়ের রথ থামাতে পারেনি রেকর্ড ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও।

চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডকে আইসিসির কোনো ম্যাচে ২০ বছর পর এবার হারায় ভারত। টুর্নামেন্টের শুরু থেকে অবিশ্বাস্য ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকাও পরাস্ত হয় ভারতের কাছে।

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২০১৯ সালে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ব্রিটিশরা। ডিপেন্ডিং চ্যাম্পিয়নরা এবারের আসরের শুরু থেকেই পরাজয়ের বৃত্তে আটকে আছে। বাংলাদেশকে হারালেও আফগানিস্তানের মতো উঠতি দলের বিপক্ষে হেরে যায় ইংরেজরা।

আজ রোববার ভারতের লখনৌতে বিশ্বকাপের স্বাগতিকদের বিপক্ষে স্রেফ উড়ে যায় ইংল্যান্ড। ভারতের বিপক্ষে ২৩০ রানের টার্গেট তাড়ায় ৩৪.৫ ওভারে ১২৯ রানে অলআউট হয় ইংল্যান্ড। ব্রিটিশরা ম্যাচ হারে ১০০ রানের বিশাল ব্যবধানে।

রোববার ভারতের লখনৌতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪০ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় ভারত।

ইংল্যান্ডের তারকা পেসার ক্রিস ওকসের গতির শিকার হয়ে ফেরেন ওপেনার শুভমান গিল ও শ্রেয়াস আইয়ার। দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলিকে শূন্য রানে সাজঘরে ফেরান পেসার ডেভিড উইলি।

৪০ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। চতুর্থ উইকেটে তারা ১১১ বলে ৯১ রান করেন। একটা সময়ে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ছিল ১৩১ রান। এরপর ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিশ্বকাপের স্বাগতিকরা। মাত্র ৫২ রানের ব্যবধানে ভারত হারায় ৪ উইকেট।

৩৯ রানে ফেরেন রোকেশ রাহুল। ১০১ বলে ১০টি চার আর তিনটি ছক্কায় দলীয় সর্বোচ্চ ৮৭ রান করে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। ৮ ও ১ রান করে ফেরেন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা ও পেস বোলার মোহাম্মদ শামি।

দলের এমন ব্যাটিং বিপর্যয়ে শেষ দিকে দায়িত্বশীল ইনিংস খেলেন সুরাইয়া কুমার যাদব। তিনি দলীয় ২০৮ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৪৭ বলে করেন ৪৯ রান।

ইনিংসের একিবারে শেষ বলে দলীয় ২২৯ রানে নবম ব্যাটসম্যান হিসেবে রান আউট হয়ে ফেরেন পেসার জসপ্রিত বুমরাহ।

ভারতের বিপক্ষে ২৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করে ইংল্যান্ড। এরপর শূন্য রানের ব্যবধানে হারায় দুই উইকেট। ব্যাটিং বিপর্যয়ের কারণে মাত্র ৯ রানের ব্যবধানে ইংল্যান্ড হারায় ৪ উইকেট।

পরপর দুই বলে ২ উইকেট শিকার করেন ভারতীয় তারকা পেসার জসপ্রিত বুমরাহ। এরপর ইংল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামি।

বুমরাহ-শামির গতির মুখে পড়ে মাত্র ৩৯ রানে ইংল্যান্ড হারায় ৪ উইকেট। এরপর ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন স্পিনার কুলদীপ যাদব। তার বলে বোল্ড হয়ে ফেরেন ইংল্যান্ড অধিনায়ক।

অলরাউন্ডার মইন আলিকে ক্যাচ তুলতে বাধ্য করেন পেসার মোহাম্মদ শামি। ক্রিস ওকসকে আউট করেন রবিন্দ্র জাদেজা। লিয়াম লিভিংস্টোনকে আউট করেন কুলদীপ যাদব। নবম ব্যাটসম্যান হিসেবে আদিল রশিদকে বোল্ড করে সাজঘরে ফেরান মোহাম্মদ শামি।

মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহের গতি আর কুলদীপ যাদব ও রবিন্দ্র জাদেজার স্পিনে বিভ্রান্ত হয়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ১২৯ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন লিয়াম লিভিংস্টোন। ১৬ রান করে করেন ডেভিড মালান ও ডেভিড উইলি।

ভারতের হয়ে মোহাম্মদ শামি সর্বোচ্চ ৪ উইকেট নেন। তিন উইকেট নেন জসপ্রিত বুমরাহ। ২ উইকেট নেন কুলদীপ যাদব আর এক উইকেট নেন রবিন্দ্র জাদেজা।