পেছালো বাংলাদেশ-ভারত সিরিজ, হবে ২০২৬ সালে

বাংলাদেশ সফরে ভারতের ক্রিকেট দলের আগমন এক বছর পিছিয়ে গেছে। চলতি বছর আগস্টে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় দলের আসার কথা থাকলেও, সেটি হবে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে।
বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৫ জুলাই) বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে বিসিবি জানায়, আন্তর্জাতিক ক্রিকেট সূচি ও উভয় দলের ব্যস্ত সময়সূচি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ড যৌথভাবে সিরিজটি পেছানোর সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে, গত ১৫ এপ্রিল বিসিবি ভারত সিরিজের সূচি ঘোষণা করে। ১৭ আগস্ট থেকে ঢাকা ও চট্টগ্রামে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সিরিজ পেছানোয় দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে হতাশা থাকলেও, বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে আরও ভালোভাবে সিরিজটি আয়োজনের লক্ষ্যেই সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম








