বরিশাল-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

ব্যুরো চীফ, বরিশাল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দলের দুর্দীনের নেতাকর্মীদের একমাত্র আশ্রয়স্থল ক্লিন ইমেজের নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় বরিশাল বিভাগের সবচেয়ে বেশি হিন্দু অধ্যুষিত এলাকা আগৈলঝাড়া উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে নির্বাচনী এলাকার বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের বৃহত অংশের নেতাকর্মীসহ হিন্দু সম্প্রদায়ের শত শত নারী ও পুরুষ অংশগ্রহন করেন।

মানববন্ধন চলাকালীন সময় বক্তারা বলেন, বিএনপির ঘোষিত খসরা তালিকায় যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি বিগত ওয়ান ইলেভেনের সময় জিয়াউর রহমানের পরিবার ও দলকে নিয়ে চরম বিষোধগার করেছেন। এছাড়াও তিনি সংসদ সদস্য থাকাকালীন সময় এ আসনে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। ওইসময় এ আসনের অসংখ্য সংখ্যালঘু সম্প্রদায়ের নারী-পুরুষকে জীবন রক্ষা করতে রামশীলে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। তাকে পূণরায় এ আসনে মনোনয়ন দেয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ফের আতঙ্ক ছড়িয়ে পরেছে। পাশাপাশি বিগত পতিত সরকারের সময়ে তাকে রাজপথে কোন আন্দোলন সংগ্রামে পাওয়া যায়নি।

অপরদিকে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দীর্ঘদিন থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার হামলা, অসংখ্য মামলায় কারাভোগ করেছেন। এছাড়াও কারাভোগ করা দলীয় নেতাকর্মীদের নিজ অর্থে তিনি (সোবহান) জামিনে মুক্ত করিয়েছেন। দলের চরম দুর্দীনে নেতাকর্মীদের পাশে থেকে এবং এ আসনের হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের একমাত্র আশ্রয়স্থল হিসেবে সবার কাছে আস্থা অর্জন করেছেন।

হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষ নিশ্চিন্তে বাড়ি ঘরে থাকার জন্য অতিদ্রুত বরিশাল-১ আসনে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তা বাতিল করে ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে মনোনয়ন দেয়ার দাবি করেন।

মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে হিন্দু সম্প্রদায়ের নেতা নবীন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন-রবীন্দ্রনাথ গাইন, দীলিপ ঘটক, বিধান সরকার, হরিপদ বাড়ৈ, হাসি মধু, শিখা রাণী, প্রমিলা মধুসহ অন্যান্যরা।

এসময় আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ন সম্পাদক ডা. মাহবুবুল ইসলামসহ বিএনপি ও তার সকল সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়।

কর্মসূচিতে বরিশাল-১ আসনের বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।




বরিশালে তারেক রহমানের জন্মবার্ষিকী পালিত

ব্যুরো চীফ, বরিশাল : জনগনই সকল ক্ষমতার উৎস শ্লোগানে বরিশালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, রক্তদান ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ কর্মসূচির আয়োজন করেন প্রজন্ম জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বরিশাল জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা।

প্রধান অতিথি হিসেবে রক্তদান ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধণ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

আলোচনা সভায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বরিশাল মহানগর শাখার আহবায়ক নুরুল আলম ফরিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে মুক্তিযোদ্ধা আজিজুল হক আক্কাস, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসরাইল পন্ডিতসহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

ব্যুরো চীফ, বরিশাল : নাগরিক সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহন না করে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উচ্চ বিলাসী প্রকল্প বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নীলু অভিযোগ করে বলেন, বরিশাল সিটি করপোরেশন পর্যটন কেন্দ্র কুয়াকাটায় রিসোর্ট তৈরির লক্ষ্যে ১৭ কোটি টাকা ব্যয়ে ৭.৩২ শতক জমি ক্রয় করেছে।

ইতোমধ্যে পাঁচ কোটি টাকা ব্যয়ে বায়না দলিল সম্পন্ন করেছে। অথচ আমরা জানি বর্তমানে সিটি করপোরেশনের ৩৮৪ কোটি টাকা দেনা রয়েছে। এরমধ্যে ঠিকাদাররা পাবে তিনশ’ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগ পাবে ৬৪ কোটি টাকা আর ২০ কোটি টাকা পাবে চাকরি থেকে অবসরপ্রাপ্ত ও চাকরি হারানো নিন্ম বেতনভুক্ত কর্মচারীরা। বর্তমানে কর্মরতদের মাঝেও রয়েছে বেতন বৈষম্যের অসন্তোষ।

তিনি আরও বলেন-বরিশাল সিটি করপোরেশন নানা সমস্যায় নিমজ্জিত। যারমধ্যে অন্যতম নগরীর বর্জ-ব্যবস্থাপনা, নগর পরিবহনের ব্যবস্থার বেহাল দশা, ড্রেনেজ ও পয়নিষ্কাশন ব্যবস্থার খারাপ অবস্থা। মশক নিধণ ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থার ভঙ্গুর দশা। বর্জ্য অপসারনে নিযুক্ত কর্মচারীরা সম্পূর্ন অনিরাপদ পরিবেশ পরিস্থিতিতে দায়িত্ব পালন করেন। তাদের জন্য কোনো নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা নেই। যা তাদের ও পরিবারকে ভীষন স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে।

এছাড়াও নগরবাসীর সুপেয় পানির জন্য কোটি টাকা ব্যয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দুটি এখনো চালু করা যায়নি। একইসাথে নগরীর ৫ নম্বর ওয়ার্ডসহ আরো কিছু এলাকা এখনো সামান্য জোয়ারেই ডুবে যায়। এজন্য নেই কোন পরিকল্পনা। এহেন দশার মধ্যে সিটি করপোরেশনের কোটি কোটি টাকা ব্যয় করে রিসোর্ট তৈরির মতো বিলাসবহুল প্রকল্প গ্রহণকে আমরা উদ্দেশ্য প্রনোদিত বলে মনে করছি।

দেওয়ান আবদুর রশিদ নীলু আরও বলেন-এ প্রকল্প বাতিলের জন্য মহামান্য হাইকোর্টে একটি রিট আবেদন করা হলে আদালত গত ১৭ নভেম্বর বিষয়টি আমলে নিয়ে সিটি করপোরেশনের এ প্রকল্পের জন্য জমি ক্রয়ের ওপর আগামি ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছে। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিসিসির এ উচ্চবিলাসী প্রকল্প বাতিলের জন্য তিনি জোর দাবি করেন।




সেই ভাইরাল নুপুরকে জেলহাজতে প্রেরণ

ব্যুরো চীফ, বরিশাল: সরকারি অফিসে প্রবেশ করে কৌশলে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টার সময় আটক হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নুপুর আক্তার (৩৫)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে আত্মহত্যার চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শারিরিক প্রতিবন্ধী নুপুর আক্তার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের আব্দুর রশিদ সরদারের মেয়ে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসকে বিয়ে করার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলো নুপুর আক্তার।

গৌরনদী মডেল থানার এসআই মো. অলিউল্লাহ জানিয়েছেন-নুপুর আক্তারের বিরুদ্ধে পূর্বে চুরি ও প্রতারনার অভিযোগে রাজধানীর গুলশান থানায় দুইটি এবং যাত্রাবাড়ি থানায় একটি মামলা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারি জিএম আব্দুর রব জানিয়েছেন, ১৯ নভেম্বর দুপুর দেড়টার দিকে তিনি যোহরের নামাজ আদায় করার জন্য মসজিদে যান। এ সুযোগে এক নারী অফিস রুমে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন।

এ সময় কয়েকজন ব্যক্তি বিষয়টি দেখে ডাকচিৎকার শুরু করেন। পরবর্তীতে অন্যান্য স্টাফরা এগিয়ে এসে রুমের দরজা ভেঙ্গে ওই নারীকে উদ্ধার করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে নুপুর আক্তার নামের ওই নারীকে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানিয়েছেন-এ ঘটনায় আটক নুপুর আক্তারের বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য বৈশ্বিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি বুধবার (১৯ নভেম্বর) সর্বসম্মতিক্রমে মুসলিম ধর্মাবলম্বী রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বিষয়ে এ প্রস্তাব গ্রহণ করে।

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে এ প্রস্তাব পেশ করেছে। আর ১০৫টি দেশ যৌথভাবে এ প্রস্তাবে পৃষ্ঠপোষকতা করেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়,  ২০১৭ সাল থেকে গৃহীত এই বার্ষিক প্রস্তাবে রাখাইন রাজ্যে অব্যাহত মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গা মুসলিমদের লক্ষ্যবস্তু করা, মানবিক প্রবেশাধিকারের ওপর বিধিনিষেধ এবং বাংলাদেশ ও অন্যান্য প্রতিবেশী দেশে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ এবং টেকসই প্রত্যাবর্তনের জন্য অব্যাহত আন্তর্জাতিক সম্পৃক্ততারও আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাব গৃহীত হওয়ার পর বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ প্রতিনিধিদল সদস্য রাষ্ট্রগুলোকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানালেও গত আট বছরে মিয়ানমারে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের কোনো বাস্তব অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছে।

১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ভার বাংলাদেশের পক্ষে আর বহন করা সম্ভব নয় বলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।




লালমোহনে ৫শত গ্রাম গাঁজাসহ মিজান নামের একজন আটক

ভোলার লালমোহন উপজেলায় ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার এলাকা থেকে মিজান নামের একজনকে ৫শত গ্রাম গাঁজাসহ আটক করেছে লালমোহন থানা পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গল সিকদার তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) সম্মিত রায় পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এবিষয়ে এসআই সম্মিত রায় জানান,লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি এলাকায় জাহাঙ্গীর আলমের চায়ের দোকানের সামনের রাস্তা থেকে তাকে সন্দেহজনক ভাবে আটক করা হয়।পরে তার শরীর তল্লাশি করে ৫শত গ্রাম গাঁজা পাওয়া যায়। আটককৃত ব্যক্তি মিজানুর রহমান (৩২) তজুমদ্দিন উপজেলার উত্তর চাঁচড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ হাবিবুল্লাহর ছেলে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, গাঁজাসহ আটক মিজানুর রহমানের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন।




হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বিচারকদের হত্যার হুমকি, গ্রেপ্তার ১

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের পর তিন বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় চারজনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ইতোমধ্যে মো. শরীফ (২০) নামে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। গ্রেপ্তার শরীফ ভোলার লালমোহন থানার ২ নম্বর ওয়ার্ডের সাতআনি এলাকার মো. হারুনের ছেলে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রসিকিউটর তানভীর জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।




তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল

বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করেছেন দেশের সব্বোর্চ আদালত।

বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন।

বেঞ্চের অপর ৬ বিচারপতি হলেন— বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

এ রায়ের মাধ্যমে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারে অধীনে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে বলে রায়ে বলা হয়েছে। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৭ বিচারপতি সর্বসম্মতিক্রমে এ রায় দিয়েছেন।

এর আগে গত ১১ নভেম্বর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য ২০ নভেম্বর দিন ধার্য করা হয়।

টানা ১০ দিন শুনানি শেষে দেশের সর্ব্বোচ আদালত ঐতিহাসিক এ মামলার রায়ের দিন ঠিক করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া, বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহামদ শিশির মনির। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মহসীন রশিদ, ব্যারিস্টার শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

গত ২১ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয়। এর আগে গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়।

এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন বিশিষ্ট ব্যক্তি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল করেন।

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগ এ রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়।

এই সংশোধনীর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা ১৯৯৮ সালে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। হাইকোর্টের বিশেষ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে ২০০৪ সালের ৪ আগস্ট রায় দেন।

এ রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০০৫ সালে আপিল করে রিট আবেদনকারীপক্ষ। এই আপিল মঞ্জুর করে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন।

ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। ২০১১ সালের ৩ জুলাই এ–সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি। অন্য চারজন হলেন- তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।

আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে ১৬ অক্টোবর একটি আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের ২৩ অক্টোবর আরেকটি আবেদন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

পরে নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছর একটি আবেদন করেন।




বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ!

বরগুনার আমতলী উপজেলার উত্তর সোনাখালী এলাকার তাফালবাড়িয়া নদী সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙনরোধে জিও ব্যাগ তৈরির কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ প্রমানিত হওয়ায় বরগুনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তদন্ত করে বাঁধ নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে।

এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসি অভিযোগ করেন, প্রাক্কলন অনুযায়ী বালু ও সিমেন্টের সঠিক অনুপাত বজায় না রেখে নিম্নমানের জিও ব্যাগ তৈরি করা হচ্ছে। জানা গেছে, গত ৩০বছর ধরে তাফালবাড়িয়া নদীর ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত উত্তর সোনাখালী এলাকার মানুষের জীবনযাপন। প্রতি বছর বন্যা ও জোয়ারের পানিতে বাঁধ ভেঙে প্রায় ১০হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন।

২০২২ সালে পাউবো জিও ব্যাগ ফেলে ভাঙন কিছুটা নিয়ন্ত্রণে আনলেও ঠিকাদারি কাজের অনিয়মের কারণে দুই বছরের মধ্যেই ব্যাগ সরে গিয়ে আবারও ভাঙন দেখা দেয়। চলতি বছরের জুনে জরুরি ভিত্তিতে ১২০ মিটার এলাকায় পুনরায় জিও ব্যাগ স্থাপনের কাজ দেওয়া হয় ঠিকাদার পটুয়াখালী জেলা কৃষকদল আহবায়ক ও মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান টিটুকে। কিন্তু শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ উঠতে থাকে।

স্থানীয়রা জানান, প্রাক্কলনে ১ হাজার ৮৯৫টি জিও ব্যাগ তৈরির কথা থাকলেও ঠিকাদার ইতোমধ্যে তৈরি করেন ৪৯৫টি ব্যাগ। এর মধ্যে ১৩৮টি ব্যাগে কোনো সিমেন্টই দেওয়া হয়নি, আর বাকি ব্যাগগুলোতে প্রয়োজনের তুলনায় খুব কম সিমেন্ট ব্যবহার করা হয়েছে। যেখানে ছয় ফারা বালুর সঙ্গে এক বস্তা সিমেন্ট মেশানোর কথা, সেখানে এক বস্তা সিমেন্ট দিয়ে তৈরি করা হচ্ছে ১৫টি ব্যাগ। চুক্তি অনুযায়ী পাইলিংয়ের কথা থাকলেও নিম্নমানের ড্রাম সিট ও গাছের গুঁড়ি ব্যবহার করে দায়সারা কাজ করা হচ্ছে।

এমনকি ঠিকাদার ভাঙনস্থল নদী থেকেই বালু উত্তোলন করায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। স্থানীয় ইউনুস হাওলাদার বলেন, ৪৯৫টি ব্যাগের মধ্যে ১৩৮টিতে কোনো সিমেন্ট নেই। বাকিগুলোতেও সঠিক নিয়মে সিমেন্ট দেওয়া হয়নি। কাজের মান খুবই খারাপ। আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাফর জানান, আমরা অভিযোগ করার পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসে অনিয়ম দেখতে পেয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার মনিরুজ্জামান টিটু জানান, পানি উন্নয়ন বোর্ড কাজ বন্ধ করে দিয়েছে।

আমি সঠিকভাবে তদারকি করতে না পারায় এমন অনিয়ম হতে পারে। পাউবোর উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, স্থানীয়দের অভিযোগের পরপরই ঘটনাস্থলে গিয়ে অনিয়মের প্রমাণ পাওয়ায় জিও ব্যাগ তৈরির কাজ বন্ধ করা হয়েছে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে কাজ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি যে সব অনিয়ম পাওয়া গেছে সেগুলো সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।




পিরোজপুরে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরের ইন্দুরকানীতে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে দৈনিক জনকণ্ঠের জেলা সংবাদদাতা নাছরুল্লাহ আল-কাফী ও নাগরিক প্রতিদিনের জেলা প্রতিনিধি আরিফ বিল্লাহর ওপর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে পিরোজপুর জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য দেন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউল হক, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি সোহরাব হোসেন জুয়েল, দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি নাছির উদ্দিন, গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি নাইম তালুকদার, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মনির চৌধুরী, ইউনাইটেড পিপলস বাংলাদেশ এর জেলা সেক্রেটারি মানজুর আজিজ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে পরিকল্পিতভাবে একটি মহল তাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তাদের মোবাইল ও বিভিন্ন ডিভাইস ছিনিয়ে নেয়। আহত সাংবাদিকরা পিরোজপুর জেলা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তারা প্রশাসনের কাছে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এর আগে রোববার উপজেলার চন্ডিপুর এলাকায় সুপারি কেনাবেচা ও পরিবহন নিয়ে খবর সংগ্রহ করছিলেন ওই দুই সাংবাদিক। বিকেলে চন্ডিপুর ইউনিয়ন বিএনপির একটি সমাবেশ চলছিল। এসময় সাংবাদিকরা সুপারি ট্রাকে তোলা এবং বাজারসংক্রান্ত ভিডিও ধারণ করছিলেন। সমাবেশে উপস্থিতি কম থাকায় বিএনপির কিছু নেতাকর্মী মনে করে সাংবাদিকরা তাদের ফাঁকা চেয়ারের ছবি তুলছে এমন সন্দেহে তারা অতর্কিতভাবে ওই দুই সাংবাদিকের ওপর হামলা চালায় এবং তাদের কাছে থাকা তিনটি মোবাইল ফোন, মাইক্রোফোন, ক্যামেরা স্ট্যান্ড, পেনড্রাইভ, প্রেসকার্ড, মানিব্যাগ ও তাদের সাথে থাকা কিছু টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতে দু’জনকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় সোমবার (১৭ নভেম্বর) রাতে আহত আরিফ বিল্লাহ এর ভাই শরিফ বিল্লাহ বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা দায়ের করে। বর্তমানে গুরুতর আহত হওয়ায় ওই দুই সাংবাদিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার আসামীরা হলেন, চন্ডিপুর (খোলপটুয়া) গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে যুবদল নেতা অহিদুল ইসলাম শেখ (৩৫), দক্ষিণ চন্ডিপুর গ্রামের হারুন মৃধার ছেলে ছাত্রদল নেতা ফাইজুল ইসলাম তাওহিদ মৃধা (২১), পূর্ব চন্ডিপুর গ্রামের আব্দুল আউয়াল বেপারী এর ছেলে তানভীর আহমেদ রাকিব (২২), উত্তর কলারন গ্রামের মৃত হাবিবুর রহমান হাওলাদারের ছেলে মো: জুয়েল হাওলাদার (৪০), পশ্চিম কলারন গ্রামের আলি আকবার তালুকদারের ছেলে বিএনপি কর্মী শাহাদাৎ হোসেন হিরু তালুকদার (৪৮), পশ্চিম চরবলেশ্বর গ্রামের মেনহাজ এর ছেলে যুবদল নেতা ফারুক হোসেন (২৮) ও আল আমিন শেখ (৪২)সহ আরও ২০/২৫ জন।

ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. মোস্তফা জাফর বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।