তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে: মির্জা ফখরুল

আগামী ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠককে বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ ‘টার্নিং পয়েন্ট’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকটি লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ বৈঠককে আমরা স্বাগত জানাই। এটি আমাদের রাজনৈতিক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
ফখরুল আরও বলেন, “আমরা মনে করি এটি একটি বড় রাজনৈতিক ইভেন্ট। অনেক সমস্যার সমাধানের পথ খুলে যেতে পারে। নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে। এটা নির্ভর করবে আমাদের নেতাদের ওপর যে, তারা এই ইভেন্টকে কীভাবে কাজে লাগান।”
তিনি জানান, ড. ইউনূস যে হোটেলে অবস্থান করবেন, সেখানেই এই দুই ঘণ্টার বৈঠকটি অনুষ্ঠিত হবে। স্থায়ী কমিটির পক্ষ থেকেও এ বৈঠককে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে বলে জানান বিএনপি মহাসচিব।
এ সময় তিনি বলেন, “বিএনপি বিপ্লবী দল নয়, বরং আমরা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যেতে চাই। যে কোনো সময় ভোট হলে আমরা প্রস্তুত।”
এর আগের দিন সোমবার, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় গুলশানে। ভার্চুয়ালি এতে সভাপতিত্ব করেন তারেক রহমান।








