ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করে দলটি।
সোমবার দিনগত রাত ১২টার দিকে এ বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে শাহবাগ এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। মিছিল চলাকালে তাদের ‘এনসিপি জিন্দাবাদ’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘হামলা করে সংস্কার বন্ধ করা যাবে না’—এমন বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এর আগে, দলটির কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আহত হন শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক শফিকুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব, ঢাকা মহানগর নেতা আসিফ উদ্দিন সম্রাট এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারীবাগ থানার সিনিয়র যুগ্ম সদস্যসচিব সুমন হোসেন।
এ ঘটনায় দলের পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।








