নুর-রাশেদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেওয়ার নির্দেশ

বরিশালে জাতীয় পার্টি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানকে।
মামলার নির্দেশ বৃহস্পতিবার বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসিকে দেন আদালত। মামলার আবেদনকারীর আইনজীবী ও জাতীয় পার্টির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল জানান, ৩১ মে রাতে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী নগরীর ফকিরবাড়ি রোডের জাতীয় পার্টির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করে। ঘটনার পর ভুক্তভোগীরা মামলা করতে থানায় গেলেও পুলিশ অভিযোগ নেয়নি। পরবর্তীতে আদালতের শরণাপন্ন হলে আদালত মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ দেন।
মামলায় শুধু নুর ও রাশেদ নন, বরিশাল জেলা ও মহানগরের বেশ কয়েকজন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। মোট ২৫ জনের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আদালতের কোনো নথি এখনো অফিসিয়ালি হাতে পৌঁছায়নি। তবে ডিউটি অফিসার যদি গ্রহণ করে থাকে, তাহলে তা যথাসময়ে প্রক্রিয়াকরণ করা হবে।
অন্যদিকে গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জানান, মামলা বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানেন না। তবে অভিযোগ হয়ে থাকলে দলীয়ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম







