‘জুলাই সনদের ভিত্তিতেই হবে নির্বাচন’, ঘোষণা দিলেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন হবে ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে। একই সঙ্গে তিনি এই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবিও জানান।
শনিবার (২ আগস্ট) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “আমরা বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।” তিনি আরও বলেন, “জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানের প্রস্তাবনা ও তফসিলে উল্লেখ করে স্বীকৃতি দিতে হবে। আগামী ৫ আগস্টের মধ্যেই এটি চূড়ান্ত করার দাবি জানাচ্ছি আমরা।”
নাহিদ ইসলাম জানান, সরকারের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে, আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। তবে ঐকমত্য কমিশন এখনো ‘নোট অব ডিসেন্ট’ সম্পর্কিত বিষয়গুলোর সমাধান দেয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “৫ আগস্টের মধ্যে জুলাই সনদের সুরাহা করা আমাদের এবং দেশবাসীর যৌক্তিক দাবি। এই সনদে যেন জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়, তা নিশ্চিত করতে হবে।”
ছাত্রদল ও এইচএসসি পরীক্ষার কারণে রোববার ঢাকায় কর্মসূচি চলাকালে ভোগান্তি সৃষ্টি হতে পারে উল্লেখ করে এনসিপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। একই সঙ্গে ছাত্রদলের কর্মসূচির স্থান পরিবর্তন করায় তাদের ধন্যবাদ জানান নাহিদ।
ছাত্রনেতাদের চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, “এসব ঘটনা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী। যারা জড়িত, তাদের শাস্তি হওয়া উচিত।”
নাহিদ ইসলাম আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পূর্ণতা পায়নি। জুলাই সনদের মাধ্যমে আংশিক পূরণ হতে পারে। তবে কর্মসংস্থান ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।”
তিনি জানান, নতুন বাংলাদেশের জন্য আন্দোলন এখনো শেষ হয়নি। আগামীকাল রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে। এর মধ্য দিয়েই জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি টানা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সামান্তা শারমিন এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।








