দেশের প্রত্যাশার কেন্দ্রবিন্দু তারেক রহমান: সেলিমা রহমান

“আজ সমগ্র দেশ তাকিয়ে আছে তারেক রহমানের দিকে”—এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেন, ”গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে নগর বিএনপি ও উত্তর জেলা বিএনপির যৌথ উদ্যোগে বিজয় শোভাযাত্রা বের হয়।
সমাবেশে যোগদানের আগে আজ সকাল ৯টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠী গ্রামে যান সেলিমা রহমান। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবদুল্লাহ আল আবিরের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর তিনি শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। সেলিমা রহমান বলেন, “আন্দোলনে নিহত শহীদ আবির, শান্ত ও রাজিবের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ন্যায় ও সমতার সংগ্রামে তাঁরা আমাদের অনুপ্রেরণা।”
সমাবেশে সেলিমা রহমান আরও বলেন, “আমাদের লক্ষ্য একটাই—জনগণের অধিকার ও ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দেওয়া। সে জন্য প্রতিটি নেতাকর্মীকে ধৈর্য ও সাহস নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।”
তিনি উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে একটি সুশাসনভিত্তিক ও জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। সমাবেশ শেষে বরিশাল মহানগর ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে বের করা হয় বিজয় শোভাযাত্রা। এটি সদর রোড থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দ সড়কে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন—
-
বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান,
-
কেন্দ্রীয় নেতা মেজবাহ উদ্দিন ফরহাদ, হাসান মামুন,
-
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান শহীদুল্লাহ,
-
মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারসহ
মহানগরের ৩০টি ওয়ার্ড, উত্তর জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








