সাংবাদিক হত্যা নিয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ইস্যুতে বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর সিএমএম কোর্টে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৭ আগস্ট দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে একদল দুর্বৃত্ত। ওই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সারজিস আলম অভিযোগ করেন, তুহিন হত্যার সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত। পোস্টে তিনি লেখেন, “গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা… তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারী সন্ত্রাসীরা।”
বাদী তানভীর সিরাজ দাবি করেন, এই পোস্টের মাধ্যমে সারজিস আলম ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়েছেন, যা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। দলের নির্দেশনা অনুযায়ী তিনি এ মামলা দায়ের করেছেন।
মামলাটি শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক আলমগীর আল মামুন সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। বর্তমানে তদন্ত কার্যক্রম চলছে।
উল্লেখ্য, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড নিয়ে এখনো তদন্ত চলমান থাকলেও, এ ঘটনার জেরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। অন্যদিকে, সারজিস আলমের বক্তব্যের সত্যতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এখনো চূড়ান্ত মন্তব্য করেনি।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








