“সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষকে রুখতে পারবে না কেউ” — জয়নুল আবদিন ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে আল্লাহ ছাড়া কেউ ধানের শীষকে রুখতে পারবে না।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কর্মজীবী দল আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নেতাকর্মীদের উদ্দেশে ফারুক বলেন, “আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ট্রেন চলছে, তাতে জনগণের সমর্থন তখনই পাবেন যখন বয়োজ্যেষ্ঠদের সম্মান করবেন, গ্রামে যারা অত্যাচার করে তাদের রুখবেন এবং পদলোভ না করে দলকে ভালোবাসবেন।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দেশের মানুষ তা প্রতিহত করবে। এই দেশ এখন জনগণের, আর হাসিনার বাংলাদেশ নয়। এখন ভোট আমরাই দেব, যে ভোটের জন্য আমরা আত্মাহুতি দিয়েছি।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফারুক বলেন, “এই দেশে পিআর, ইভিএম কোনো কিছুই টেকেনি। ক্ষমতায় থাকাকালে লুটপাট হয়েছে, প্রতিবেশী দেশকে সব দিয়ে দেওয়া হয়েছে। এখন ভালোবেসে সেখানেই থাকা হয়, কিন্তু উসকানি দেওয়া চলবে না। ষড়যন্ত্র রুখতে দেশের মানুষ প্রস্তুত।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহসহ দলের অন্যান্য নেতারা।








