“লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত”

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেও তাতে আপত্তি নেই বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মতে, সুষ্ঠু ভোট আয়োজনের জন্য এখনো সমতল মাঠ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত হয়নি। তিনি বলেন, “আমাদের দাবি নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করা যাবে না।”
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা উপস্থিত ছিলেন।
আযাদ জানান, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণে সব দলের মতামত গ্রহণের আহ্বান জানিয়েছে জামায়াত। পাশাপাশি তিনি বলেন, সন্ত্রাস ও অনিয়ম রোধে ভোট পদ্ধতিকে সংখ্যানুপাতিক বা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তার ভাষায়, “তত্ত্বাবধায়ক সরকার অনেকেই চায়নি, কিন্তু পিআর পদ্ধতি জাতীয় কল্যাণে কার্যকর হতে পারে। জনগণ চাইলে এই ব্যবস্থায় যেতে হবে।”
পিআর ছাড়া জামায়াত নির্বাচনে অংশ নেবে কি না—এমন প্রশ্নে তিনি সরাসরি উত্তর দেননি। তবে তিনি বলেন, ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য নির্বাচন সব সময়ই জামায়াত সমর্থন করে এসেছে। তার মতে, পিআর ব্যবস্থা হলে ভোটারদের ইচ্ছার যথাযথ প্রতিফলন ঘটবে।
তিনি আরও জানান, দলটি এরই মধ্যে তিনশ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে এবং জনগণের কাছে পৌঁছাতে মাঠপর্যায়ে প্রচারণা চালাচ্ছে।
এর আগে গত রোববার বিএনপি প্রতিনিধিদলও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে খোঁজ নেয়।







