‘আ.লীগ বিষয়ক সম্পাদক’ রুমিন ফারহানাকে কটাক্ষ হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বিএনপি নেত্রী রুমিন ফারহানা দলীয় লোকজন নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে গণ্ডগোল ও হামলার ঘটনা ঘটিয়েছেন। তিনি ব্যঙ্গ করে বলেন, “রুমিন ফারহানা বিএনপির ‘আ.লীগ বিষয়ক সম্পাদক’, কারণ আওয়ামী লীগ আমলে তিনি নানা সুবিধা ভোগ করেছেন।”
রোববার (২৪ আগস্ট) নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহ ও দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, কমিশনে প্রবেশে এনসিপির নেতাকর্মীদের বাধা দেওয়া হলেও বিএনপির লোকজনকে অবাধে ঢুকতে দেওয়া হয়। তিনি আরও বলেন, “পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আর কমিশন নিজেকে কয়েকটি দলের ‘পার্টি অফিসে’ পরিণত করেছে।”
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ অভিযোগ করেন, বিএনপি নেত্রী রুমিন ফারহানা সরাসরি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং তাঁর অনুসারীরা পরিকল্পিতভাবে পায়ে পিষ্ট করে মারধর করে। তিনি বলেন, “আমাদের বক্তব্য উপস্থাপন ঠেকাতেই এই হামলা হয়েছে। এর সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে আমি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছি।”








