ঝালকাঠিতে বিএনপি নেতার বিচারের দাবিতে ইমাম সমিতির বিক্ষোভ

ঝালকাঠিতে মসজিদের ইমামকে মারধরের অভিযোগে নবগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি তাপস তালুকদারসহ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ইমাম সমিতি। এ সময় জেলা প্রশাসক বরাবরে একটি স্বারকলিপিও প্রদান করা হয়।
মঙ্গলবার বিকেলে জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামির নেতৃত্বে ইমামরা মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামি। বক্তব্য রাখেন বাইতুল মুমিন জামে মসজিদের খতিব মাওলানা কাওসার মাহমুদ, ঝালকাঠি ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোখতার আহমেদ, মাওলানা রুহুল আমিন ও স্টীমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম আল হাদি।
বক্তারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার বিকেলে নবগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি তাপস তালুকদারের নেতৃত্বে একদল লোক স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আল আমিনকে তুচ্ছ বিষয় নিয়ে মারধর করে এবং তার দাঁড়ি ছিঁড়ে ফেলে। এ ঘটনায় ঝালকাঠি থানায় মামলা দায়ের হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি।
বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান এবং হুঁশিয়ারি দেন, আসামিদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫







