জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের আগুন-ভাঙচুর

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহমুদ আলম জানান, হামলার মুখে পুলিশ তাদের অবস্থান ধরে রাখতে পারেনি। পার্টি অফিস রক্ষায় তিনি সেনাবাহিনীর হস্তক্ষেপের আবেদন করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ছবির সূত্রে জানা গেছে, সন্ধা ৭টার পর বিক্ষোভকারীরা কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। পরে সন্ধা সাড়ে ৭টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা সংঘটিত হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কয়েক দফায় হামলার শিকার হয়েছে। সর্বশেষ এই ধরনের হামলার ঘটনা ঘটেছিল ৩১ আগস্ট।

এর আগে গণঅধিকার পরিষদের মিছিলের সময় ইট-পাটকেল ছুঁড়ে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ জড়িয়ে পড়েছিল। সেই ঘটনায় নুরুল হক নুরসহ অনেকে আহত হন। এছাড়া রাজশাহী ও খুলনাসহ বিভিন্ন জেলায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শেষে ফেরার পথে হামলা, আহত ৪

বরিশালের উজিরপুর উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের হামলায় অন্তত ৪ জন বিএনপি নেতা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উজিরপুরের হারতা বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হালিম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস হাওলাদার, বিএনপি নেতা মিজান হাওলাদার ও কাইয়ুম ভাট্টি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন।

অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগের স্থানীয় নেতা জাকির হোসেন হাওলাদারসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় মোটরসাইকেল ভাঙচুর, স্বর্ণালঙ্কার ছিনতাইসহ কাইয়ুম ভাট্টিকে ছুরি দিয়ে আঘাত করা হয়। হামলায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। আহতরা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় সাতলা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. রহিম বাহাদুর বাদী হয়ে ৪ সেপ্টেম্বর উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




৪৭ দিন পর জনসম্মুখে জামায়াত আমির শফিকুর রহমান

দীর্ঘ ৪৭ দিন অসুস্থ থাকার পর প্রথমবারের মতো জনসম্মুখে এসে বক্তব্য রাখলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-১০ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি আবারও জনগণের সামনে আসার সুযোগ পাওয়ায় মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “এক মাসের বেশি সময় পর মিডিয়ার সামনে দাঁড়ানোর শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। আমার দায়িত্ব অন্য কেউ পালন করার সুযোগ নেই। তাই আমি আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলাম যেন অন্তত মানুষের কল্যাণে কিছু কথা বলতে পারি। আজ আল্লাহ সেই সুযোগ দিয়েছেন।”

তিনি সমাবেশে অসুস্থ হয়ে পড়ার ঘটনার প্রসঙ্গ টেনে জানান, সেই সময় দেশের মানুষ টিভি কিংবা মোবাইলে দৃশ্যটি প্রত্যক্ষ করেছিল। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মমিনুজ্জামান তখনই ধারণা করেছিলেন যে সমস্যা মস্তিষ্কে নয়, বরং হৃদযন্ত্রে। পরে তার পরামর্শে চিকিৎসা গ্রহণ করা হয়।

পরবর্তীতে ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার হৃদযন্ত্রে ব্লক শনাক্ত করে এবং দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয়। চিকিৎসকরা সিঙ্গাপুর, ব্যাংকক কিংবা যুক্তরাষ্ট্রের নাম প্রস্তাব করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি চিকিৎসকদের জিজ্ঞেস করেছিলাম—আল্লাহ কি কেবল ওই দেশগুলোতেই আছেন? আল্লাহ যদি সেখানে সুস্থ করতে পারেন, তবে আমার বাংলাদেশেও সুস্থ করতে পারেন। সুস্থতা-অসুস্থতা আল্লাহর হাতে। তিনিই আমাকে আবার জনগণের সামনে দাঁড়ানোর শক্তি দিয়েছেন।”

তিনি আরও বলেন, “জাতিকে কিছু বলার দায়িত্ব আমার। আমি চেষ্টা করব সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে। মানুষের কল্যাণের জন্য যা জরুরি, তা বলার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ভোলায় বিএনপি নেতাকে হুমকি, রেজিস্ট্রার নুর নেওয়াজের ভিডিও ভাইরাল

ভোলা জেলা রেজিস্ট্রার কৃষিবিদ মো. নুর নেওয়াজের বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতার সঙ্গে অশোভন আচরণ ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়।

ভুক্তভোগী নেতা হলেন মো. মনির, যিনি ভোলা সদর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। ঘটনার সময় বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে শহরের রুপসী সিনেমা হলসংলগ্ন জেলা রেজিস্ট্রার কার্যালয়ের ভেতরে নুর নেওয়াজ ও মনিরের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।

ভিডিওতে দেখা যায়, উত্তপ্ত বাকবিতণ্ডার এক পর্যায়ে জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ নিজেকে সাবেক ছাত্রদল নেতা পরিচয় দিয়ে মনিরকে হুমকি দেন। তিনি বলেন, “বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আমার সম্পর্ক আছে। আমি ছাত্রদল করে ৬১ দিন জেল খেটেছি। আপনার পদ থাকবে না, বলে দিচ্ছি। শেষ পর্যন্ত দৌড়ের ওপর থাকতে হবে।”

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। অনেকেই অভিযোগ করেছেন, একজন সরকারি কর্মকর্তার এমন রাজনৈতিক পরিচয় দেওয়া ও দলীয় নেতাকে হুমকি দেওয়ার ঘটনা দায়িত্বশীলতার সঙ্গে সাংঘর্ষিক।

এ বিষয়ে জেলা রেজিস্ট্রার বা ভুক্তভোগী বিএনপি নেতা মনিরের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




তারেক রহমানের দেশে ফেরা তার নিজের সিদ্ধান্ত: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারেক রহমান বাংলাদেশের নাগরিক। তিনি যে কোনো সময় দেশে ফিরতে পারেন। তবে ফেরার সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে। ট্রাভেল ডকুমেন্ট সংক্রান্ত কোনো জটিলতা থাকলে সরকার তা সমাধান করবে।”

তিনি আরও বলেন, “যদি প্রয়োজন হয়, পাসপোর্ট কিংবা অন্য যে কোনো ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে। তবে তিনি এ বিষয়ে আবেদন করেছেন কি না, সেটা আমার জানা নেই। আবেদন করলে তা প্রক্রিয়াকরণ হবে।”

পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে জানান, সরকার পক্ষ থেকে তাঁকে দেশে ফেরার জন্য আলাদা কোনো উদ্যোগ নেওয়া হবে না। “আমরা তাঁকে বলবো না কেন আসছেন না। যখন তিনি আসতে চাইবেন, তখন প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে,” যোগ করেন তিনি।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নুরের ওপর হামলার বিচার ও জাপা নিষিদ্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ

গণঅধিকার পরিষদের জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন।

বুধবার বিকেল ৫টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা একইসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানান। সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচে সাবেক খেলোয়াড়দের মিলনমেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ।

বুধবার বিকেলে আয়োজিত এ ম্যাচে জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাবেক ফুটবলাররা অংশ নেন। দুই দলে ভাগ হয়ে খেলোয়াড়রা ‘লাল’ ও ‘সবুজ’ নামে মাঠে নামেন। খেলাটি ছিল প্রীতি ম্যাচ হলেও দর্শকদের উপস্থিতি এবং খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক সমিতির তত্ত্বাবধানে এবং বিএনপি’র বরিশাল মহানগর শাখার সার্বিক সহযোগিতায় এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাবেক ফুটবলাররা মিলিত হওয়ার সুযোগ পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি জাতিকে ঐক্যবদ্ধ করে এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে পরিচালিত করে।

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আয়োজিত এই ফুটবল ম্যাচকে স্থানীয় পর্যায়ে একটি আনন্দঘন আয়োজন হিসেবে দেখা হয়েছে। এতে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শনার্থীরা বিএনপি’র এ উদ্যোগকে স্বাগত জানান।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




স্থগিত দলের প্রতীক বাতিল, নির্বাচনে অংশগ্রহণে অনিশ্চয়তা: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম স্থগিত থাকা কোনো রাজনৈতিক দল দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি স্পষ্টভাবে বলেন, কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তবে প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো সম্ভব হবে কিনা—সেটি সময়ের সঙ্গে পরিষ্কার হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের নাম উল্লেখ না করলেও তার বক্তব্যে পরিষ্কার হয়েছে যে স্থগিতাদেশ প্রত্যাহার না হলে দলটি দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে না।

ইসি সানাউল্লাহ আরপিও সংশোধনীতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে—

  • আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনী যুক্ত করা হয়েছে।

  • জেলা নির্বাচন কর্মকর্তা ভোটকেন্দ্র স্থাপন করবেন।

  • আদালতের ফেরারি আসামিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

  • সরকারি ৫০ শতাংশ বা তার বেশি শেয়ার থাকা প্রতিষ্ঠানে কর্মরত বা লাভজনক পদে থাকা ব্যক্তিরা প্রার্থী হতে পারবেন না।

  • প্রার্থীর হলফনামায় মিথ্যা বা তথ্য গোপন প্রমাণিত হলে ইসি ব্যবস্থা নিতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ সদস্য পদ হারাবেন।

  • প্রার্থীর জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো আসনে একক প্রার্থী থাকলে ব্যালটে ‘না’ ভোটের ব্যবস্থা থাকবে। জোটবদ্ধভাবে নির্বাচন হলেও প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইভিএম-সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে এবং ভোট গণনায় মিডিয়ার উপস্থিতি নিশ্চিত করা হবে।

এছাড়া নির্বাচনী পোস্টার বাতিল করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আচরণবিধি ভঙ্গের সুযোগ থাকবে না। কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত থাকবে এবং তাদের প্রতীক সংরক্ষিত থাকবে বলেও স্পষ্ট করেছেন তিনি।

ফলে আসন্ন জাতীয় নির্বাচনে স্থগিতাদেশপ্রাপ্ত দলগুলোর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নুরের সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই মাসের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নুর এর সুচিকিৎসার জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরের সহধর্মিণী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ, নাকের হাড় ভাঙা এবং চোয়াল ও মেরুদণ্ডে আঘাত হয়েছে। সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়া অপরিহার্য।

প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে নির্দেশ দেন নুরকে বিদেশে পাঠানোর জন্য। তিনি বলেন, “এই ঘটনায় আমরা সকলেই স্তম্ভিত। নুরের সুচিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্ত চলছে।”

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হামলার ঘটনা তদন্তে বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। আগামীকালের মধ্যেই গেজেট প্রকাশিত হবে এবং ১৫ দিনের মধ্যে কমিটি তাদের কাজ সম্পন্ন করবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




আ. লীগের হামলার চেষ্টা করলে কঠোর জবাব দেবে বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়েছেন, যে কোনো সময় আওয়ামী লীগের কেউ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিএনপির খাল পরিচ্ছন্নতা কর্মসূচির আগে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করা হবে না। শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা আমাদের অধিকারের জন্য লড়াই চালাব।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা দেশ থেকে পালালেও ভারতে গিয়ে শয়তানি করছেন, কিন্তু যদি আওয়ামী লীগের কেউ আমাদের ওপর হামলা করতে আসে, তাদের হাত ভেঙে দেওয়া হবে।”

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, “এখন শুধু স্লোগানের রাজনীতি নয়, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করতে হবে। ছাত্র সংসদ নির্বাচন বা অন্য কোনো স্থানে অশান্তি করা যাবে না।”

অতীতের ঘটনাগুলো ভুলে পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।

ফখরুল আরও উল্লেখ করেন, “ড. ইউনূস রাজনীতি করতে আগ্রহী নন, তিনি দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আগামী দিনে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনবে বিএনপি।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫