ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানো যাবে না: প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে এবং এ নির্বাচন ঠেকাতে পৃথিবীর কোনো শক্তি সক্ষম হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব জানান, উপদেষ্টামণ্ডলীর সাম্প্রতিক বৈঠকে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, “ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আসন্ন দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।”
শফিকুল আলম আরও জানান, ধর্ম মন্ত্রণালয়কে সব ধর্মীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকে।
তিনি বলেন, “পরাজিত শক্তি বেপরোয়া হয়ে সার্বিক শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। তাই নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








