‘ডাকসু নির্বাচন হাসিনার নির্বাচনকেও ছাড়িয়েছে’ — ছাত্রদল প্রার্থীর অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কারচুপির অভিযোগে বিতর্কিত বলে দাবি করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, “এই নির্বাচন হাসিনা সরকারের নির্বাচনের চেয়েও বেশি প্রহসনে পরিণত হয়েছে।”
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে তিনি এ অভিযোগ করেন। টিএসসি থেকে শুরু হয়ে মিছিলটি ভিসি চত্বর প্রদক্ষিণ করে রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে শেষ হয়।
আবিদুল ইসলাম বলেন, “এটি আর স্বাভাবিক নির্বাচন নয়, বরং পুরোপুরি কারচুপির মাধ্যমে প্রহসনে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।”
মিছিলে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দেন— “কারচুপির নির্বাচন মানি না মানব না”, “নির্বাচন না প্রহসন, প্রহসন-প্রহসন।”
প্রসঙ্গত, ডাকসুর শতবর্ষ পূর্তির বছরে অনুষ্ঠিত হচ্ছে ৩৮তম নির্বাচন। দীর্ঘ ছয় বছর পর আয়োজিত এ নির্বাচনে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে একাডেমিক ভবনে ভোট গ্রহণ করা হয়। ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫








