সরকারি জমিতে আ.লীগ নেতার ভবন উচ্ছেদ করল প্রশাসন

পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি জমি দখল করে নির্মিত ভবন উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মাদ আলী-এর নেতৃত্বে পত্তাশী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, ২০২১ সালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পত্তাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার সরকারি রাস্তার জায়গা দখল করে ওই ভবন নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে এলাকাবাসী বাজারে পথচারী ও যান চলাচলে বিঘ্ন ঘটার অভিযোগ করে আসছিলেন।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন হাওলাদার দাবি করেন, “আমি আমার ক্রয়কৃত জমিতেই ভবন নির্মাণ করেছি। প্রতিপক্ষের প্ররোচনায় প্রশাসন ভবন ভেঙে দিয়েছে।”
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী বলেন, “সরকারি রাজস্ব খাতের জমি দখল করে ভবন নির্মাণ করেছিলেন মোয়াজ্জেম হোসেন। বাজারে মানুষের চলাচল স্বাভাবিক রাখা ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫








