“দুই নাম্বারি রাজনীতি আর চলবে না” — ব্যারিস্টার ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “জনআকাঙ্ক্ষা আর সময়কে সঠিকভাবে পড়তে না পারলে রাজনীতি সম্ভব নয়। অতীতের ধারা দিয়ে বর্তমানকে বিশ্লেষণ করা হলে সেটা হবে ভয়াবহ ভুল।”
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত “বরিশালের উন্নয়ন ও সমসাময়িক ইস্যু” বিষয়ক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন প্রমাণ করেছে যে প্রচলিত ধ্যানধারণার বাইরে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। তরুণদের বিজয়কে কেউ জঙ্গিবাদ, মৌলবাদ কিংবা নির্দিষ্ট কোনো মতাদর্শের উত্থান হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। অথচ এটি তরুণদের পরিবর্তনের স্পষ্ট বার্তা।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, “ভোট চুরি বা প্রোপাগান্ডার মাধ্যমে কাউকে পাকিস্তানি বা অচেনা হিসেবে ট্যাগ দেওয়া যাবে না। তরুণরা এসব মানবে না। দুই নাম্বারি চক্করের রাজনীতি এখন অতীত। রাজনীতিতে স্বচ্ছতা, সততা আর ভদ্রতা না থাকলে ভবিষ্যতে জনগণ কাউকে গ্রহণ করবে না।”
তিনি জোর দিয়ে বলেন, “৭১-এর ব্যবসা, ২৪-এর ব্যবসা বা চেতনার নামে কেনাবেচা করে আর রাজনীতি টিকবে না। ঠিকাদারির রাজনীতি মানেই রাজনীতির মৃত্যু।”
প্রেস ব্রিফিংয়ে এবি পার্টির বরিশাল জেলা শাখার সদস্য সচিব জিএম রাব্বি, যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার, মহানগরের যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর আহমেদ, সদস্য হায়দার ভূঁইয়া, নাজমুল মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








