প্রয়াত সাংবাদিক তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ

বরিশালের খ্যাতিমান সাংবাদিক ও দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষারের মৃত্যুর পর শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি প্রয়াত সাংবাদিকের বরিশালস্থ বাসভবনে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় তিনি বলেন, আরিফিন তুষার ছিলেন একজন সৎ, নির্ভীক ও সাহসী সাংবাদিক। তিনি ক্ষমতাসীনদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সহকর্মীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।
রহমাতুল্লাহ আরও আশ্বাস দেন, প্রয়াত তুষারের পরিবারের সার্বিক বিষয়ে তিনি সবসময় পাশে থাকবেন।
খোঁজখবর নিতে গেলে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক তুষারের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া, তার স্ত্রী ও ছেলে, সিনিয়র সাংবাদিক কমল সেনগুপ্ত, আলম রায়হান, সাংবাদিক খান রুবেল, কেএম নয়ন, মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা তারিক সুলাইমান প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর রাতে নিজ অফিসে দায়িত্ব পালনকালে শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক আরিফিন তুষার। দ্রুত তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি স্ত্রী, দেড় বছরের পুত্র সন্তান, বাবা-মা, দুই ভাইসহ অসংখ্য সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সাংবাদিক তুষার ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক, বার্তা সম্পাদক ফোরাম বরিশালের নির্বাহী সদস্য এবং জিয়া স্মৃতি পাঠাগারের সম্পাদকীয় পরিষদের সদস্য। তার মৃত্যুতে সাংবাদিক মহলে গভীর শোক নেমে এসেছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫







