জুলাই সনদে আইনি ভিত্তি না পেলে আন্দোলনের হুঁশিয়ারি

আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাই পীর) কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করা হলে জনগণ তা সম্মিলিতভাবে প্রতিহত করবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডা ইউলুপ সংলগ্ন প্রধান সড়কে পাঁচ দফা দাবিতে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির স্বাধীনতার ৫৩ বছর পূর্ণ হলেও দেশের মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত না হওয়ার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় জাতির সামনে তিনটি মৌলিক স্লোগান ছিল—সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা। কিন্তু দীর্ঘ পাঁচ দশকের বেশি সময়েও এ স্লোগানগুলো বাস্তবে পরিণত হয়নি।
মুফতি রেজাউল করিম অভিযোগ করে বলেন, স্বাধীনতার পর থেকে যারা রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছে, তারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি মনে করিয়ে দেন, জনগণের সাথে করা প্রতিশ্রুতি রক্ষা না করে ক্ষমতার রাজনীতি চালিয়ে যাওয়া দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সমাবেশে তিনি পাঁচ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে—জুলাই সনদের আইনি বৈধতা নিশ্চিত করা, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কার্যকর উদ্যোগ নেওয়া, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, দুর্নীতি ও দমন-পীড়নের রাজনীতি বন্ধ করা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা।
চরমোনাই পীর আরও বলেন, দেশের জনগণ এখন পরিবর্তন চায়। তারা আর প্রতিশ্রুতির ফাঁকা বুলি শুনতে চায় না। ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও সাম্যের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়তে হলে রাজনৈতিক নেতৃত্বকে সৎ ও দায়িত্বশীল হতে হবে।
গণসমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করেন এবং রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে ফিরে আসেন। উপস্থিত নেতারা জানান, তাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ, তবে জনগণের অধিকার নিশ্চিত না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম









