শাপলা প্রতীক এর জন্য পুনরায় এনসিপির আবেদন

চন্দ্রদ্বীপ ‍নিউজ:জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবারও নির্বাচন কমিশনের (ইসি) কাছে শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে। বুধবার এনসিপি থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দল হিসেবে নিবন্ধনের প্রক্রিয়ায় থাকা এনসিপি  দল হিসাবে এখনো স্বীকৃতি পায়নি।

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর সংশোধন করে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা- এই তিনটি প্রতীককে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করা হোক। এরপর যেন এই প্রতীকগুলোর যে কোনো একটি এনসিপিকে বরাদ্দ দেওয়া হয়।

এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর ই-মেইলের মাধ্যমে এই আবেদনটি করা হয়েছে।

নির্বাচন কমিশন বলছে, তালিকায় শাপলা না থাকায় এনসিপি ওই প্রতীক পাচ্ছে না। নিবন্ধন পেলে তাদের ১১৫টি নির্ধারিত প্রতীকের মধ্য থেকে একটি বেছে নিতে হবে।

নিবন্ধন প্রত্যাশী এ দলটি ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছে।

এনসিপি নেতারা বলছেন, নিবন্ধন পাওয়ার বিষয়ে তারা আশাবাদী। আবার শাপলা প্রতীকের দাবিও ছাড়ছেন না।




বিএনপি মনোনয়ন নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে সতর্ক রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, সম্প্রতি বিএনপির মনোনয়ন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে, যা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তিনি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

রিজভী জানান, কিছু পত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা প্রকাশ করে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এর ফলে অসন্তোষ ও বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে একটি চক্র সক্রিয় আছে, যারা বিএনপিকে কলঙ্কিত করতে অপপ্রচার চালাচ্ছে এবং কিছু গণমাধ্যমকে ব্যবহার করছে।

বিএনপির মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে তিনি উল্লেখ করেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী পার্লামেন্টারি বোর্ড প্রার্থী মনোনয়ন দেয় এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। তাই তফসিল ঘোষণার আগে প্রকাশিত মনগড়া খবরের দিকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে। উপযুক্ত সময়ে, দলের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য এবং জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। কোনো নির্বাচনী এলাকায় এখনও কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ইস্পাতের মতো শক্ত ঐক্য বজায় রাখতে হবে। জনগণ বিরক্ত হয় এমন কাজে কেউ জড়াবেন না। জনগণের পাশে থাকলে ধানের শীষের প্রতি ভোট নিশ্চিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




১৮ নভেম্বর প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিক ১৮ বছর পূর্ণ করবেন, তারাও অন্তর্ভুক্ত হবেন বলে জানিয়েছে কমিশন।

ইসির পক্ষ থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই সময়ে ভোটার তালিকা নিয়ে আপত্তি, সংশোধন ও সুপারিশ গ্রহণ করা হবে। এসব আবেদন নিষ্পত্তির পর ১৮ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।

এর আগে, মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠানো চিঠিতে ইসি সচিবালয় জানিয়েছিল, খসড়া তালিকা নিয়ে যেকোনো ধরনের আপত্তি ও দাবি ১৭ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এরপর আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না।

উল্লেখ্য, গত ৩১ জুলাই সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। নতুন তালিকা প্রকাশের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গুরুত্বপূর্ণ প্রস্তুতি সম্পন্ন করবে ইসি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দুই মহল্লাবাসীর সংঘর্ষ জেরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

চন্দ্রদ্বীপ নিউজ: সোমবার দুপুরে পাবনার বেড়া পৌর এলাকার মাইকে ঘোষণা দিয়ে বৃশালিখা ও সওদাগরপাড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হলেও পরে তা রাজনৈতিক রূপ নেয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বেড়া পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া একাধিক দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

বেড়া পৌর নৌবন্দরে চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে সওদাগরপাড়া ও বৃশালিখা মহল্লার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়, স্থানীয় সূত্র জানা যায় যে আজ সোমবার দুপুর ১২টার সওদাগরপাড়ার এক বিএনপি কর্মীকে মারধরের অভিযোগ ছড়িয়ে পড়লে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দুইটার দিকে বৃশালিখা মহল্লার লোকজন মসজিদের মাইক ব্যবহার করে মানুষ জড়ো করেন। পরে সওদাগরপাড়ার লোকজনও মাইক ব্যবহার করে লোকজন জড়ো করেন। এ সময় বেড়া বাজার ও নিজেদের মহল্লায় সওদাগরপাড়ার লোকজন এবং বেড়া বাজারের ধানিয়াপট্টি মসজিদ মোড়ের কাছে বৃশালিখা মহল্লার লোকজন অবস্থান নেন। একপর্যায়ে বৃশালিখা মহল্লার লোকজন সওদাগরপাড়ায় গিয়ে হামলা চালান। পরে তাঁরা ‘জয়বাংলা স্লোগান’ দিয়ে বেড়া পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এলাকাবাসী জানান, বৃশালিখা মহল্লার বেশির ভাগ লোকজন আওয়ামী লীগের সমর্থক।

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়লে বেড়া পৌর এলাকার অন্যান্য মহল্লার বিএনপি নেতা–কর্মীরা বেড়া বাজারে গিয়ে বৃশালিখা মহল্লার বিপক্ষে অবস্থান নেন। এতে সংঘর্ষ আরও ব্যাপক আকার ধারণ করে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এ সময় বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা, লুটপাটের ঘটনাও ঘটে।

সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। বিকেলে ঘটনাস্থলে গিয়ে কথা হয় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলামের সঙ্গে। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সেনাবাহিনীকেও অবস্থানের জন্য অনুরোধ করা হয়েছে। প্রয়োজন পড়লে ১৪৪ ধারা জারি করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো এলাকায় পুলিশ ও সেনাবাহিনী টহল দিচ্ছে। আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সবাই সজাগ আছেন।




পিআর নির্বাচনে প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন হবে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, প্রস্তাবিত আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) নির্বাচন পদ্ধতি চালু হলে প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন হবে এবং সব দলের সংসদে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। এতে ফ্যাসিবাদী রাজনীতি কমে যাবে এবং এমপিরা জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত ‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসুলের (সা.) শিক্ষা’ শীর্ষক সিরাত কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করিম বলেন, “৫ আগস্টের পর ভারতের মিডিয়ায় সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার চলার সময় ইসলামী নীতি-আদর্শে বিশ্বাসীরা তাদের জানমাল, ইজ্জত ও উপাসনালয় রক্ষায় কাজ করেছে। প্রশাসন থমকে গেলে তারা রাস্তায় নেমে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে। অন্য রাজনৈতিক দলগুলো তখন চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত ছিল।”

তিনি আরও বলেন, “৫৩ বছর ধরে আমরা প্রহসনের নির্বাচন দেখেছি। দিনের ভোট রাতের বাক্সবন্দি, কেন্দ্র দখল করে জোরপূর্বক জয় ছিনিয়ে নেওয়ার এই সংস্কৃতি আমরা আর চাই না। এই পদ্ধতি বহু মায়ের বুক খালি করেছে, বহু জীবন পঙ্গু করেছে।”

মুফতি রেজাউল করিম স্পষ্ট করেন, ইসলামী আন্দোলনের লক্ষ্য মন্ত্রিত্ব বা এমপিত্ব নয়; বরং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা, যার নীতি হলো ইসলাম।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




চরমোনাই পীর ভণ্ড, জামায়াত জাতীয় বেইমান লক্ষ্মীপুরে এ্যানি:

লক্ষ্মীপুরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি চরমোনাই পীরকে ভণ্ড এবং জামায়াতকে জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত করেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পূর্ব বিএনপির আয়োজিত সম্মেলনে জেলা আউটার স্টেডিয়ামে তিনি উদ্বোধনী বক্তব্যে এ মন্তব্য করেন।

এ্যানি চৌধুরী বলেন, “১৭ বছর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাসিনাকে স্থায়িত্ব দিয়েছে। চরমোনাই পীর, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং পাখা মার্কা হাসিনার স্থায়িত্ব বাড়াতে কাজ করেছে। চরমোনাই পীর আসলে পীর নয়, ভণ্ড।”

তিনি জামায়াত ইসলামের সমালোচনা করে বলেন, “পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামের ভূমিকা ছিল দেশের জন্য ক্ষতিকর। ১৯৮৬ ও ১৯৯৬ সালের নির্বাচনে তারা শুধু আমাদেরকে নয়, পুরো জাতিকে অসহযোগিতা করেছে। হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তারা জাতীয় বেইমান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।”

সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবি উল্যাহ। এছাড়া বক্তব্য রাখেন আবুল খায়ের ভূঁইয়া, এবিএম আশরাফ উদ্দিন নিজান, হারুনুর রশিদ, সাহাব উদ্দিন সাবু, হাছিবুর রহমানওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

সুত্র: জাগো নিউজ…… 

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৬টি রাজনৈতিক দল

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৬টি নতুন রাজনৈতিক দলের চূড়ান্ত নিবন্ধন প্রদানের প্রক্রিয়া এগিয়ে নিয়েছে। কমিশনের স্বাক্ষরের পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়া দলগুলোর নাম এখনও প্রকাশ করা হয়নি। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বৈঠকের পর গণমাধ্যমে চূড়ান্ত তথ্য জানানো হবে।

ইসি সূত্রে জানা গেছে, চূড়ান্তভাবে নিবন্ধনের তালিকায় রয়েছে: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ মোট ৬টি দল। ২২টি দলের মাঠ পর্যায়ের যাচাই-বাছাই শেষে রোববার সংশ্লিষ্ট শাখায় স্বাক্ষর করা হয়েছে।

নির্বাচন কমিশনের অনুমোদনের জন্য সোমবার এই ফাইল কমিশনের কাছে পাঠানো হবে। প্রস্তাবে সংযোজন বা পরিবর্তনও হতে পারে।

এর আগে, ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪৩টি নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন আহ্বান করেছিল। প্রথম দফায় কোনো দল শর্ত পূরণ করতে না পারায় ইসি তাদের সময় দিয়ে ঘাটতি পূরণ করতে বলেছিল। এরপর ৮৪টি দল সাড়া দিলেও ৬২টি দল শর্ত পূরণ করতে পারেনি। বর্তমানে ২২টি দলের মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পিআর চাইলে ভোটে জিতে আসার আহ্বান বিএনপি নেতাদের

জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিকে কেন্দ্র করে তীব্র অবস্থান ব্যক্ত করেছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, পিআর চাইলে আগে ভোটে জিতে আসতে হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে বিষাক্ত করে তোলার জন্য আন্দোলনকে ব্যবহার করা হচ্ছে এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শঙ্কার মধ্যে ফেলা হচ্ছে। ফারুক যুক্তি দেন, পিআর পদ্ধতি আনতে চাইলে জনগণের কাছে গিয়ে ভোটে জিতে সংবিধান অনুযায়ী সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তা কার্যকর করা সম্ভব।

জাতীয় প্রেসক্লাবের আরেকটি অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন উল্লেখ করেন, ফেব্রুয়ারিতে ভোট না হলে দেশ ভারতের প্রভাবের মধ্যে পড়তে পারে। তিনি বলেন, নির্বাচন বিলম্বের চেষ্টা ও নানা দাবির আড়ালে ষড়যন্ত্র চলছে।

নয়াপল্টনে আরও একটি অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহ্বাদ জানান, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি সব রাজনৈতিক দল ও নাগরিককে দেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিএনপি নেতারা জোর দেন, আন্দোলন ও পিআর দাবি গণতন্ত্রের পক্ষে নয়, বরং সুষ্ঠু নির্বাচন এবং ভোটাধিকার প্রতিষ্ঠা জনগণের হাতে হওয়া প্রয়োজন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




চেয়ার ছেড়ে ফ্লোরে বসে মতবিনিময় করলেন বিএনপি নেতা আবদুস সোবহান

বরিশালের আগৈলঝাড়ায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। তবে সেখানে উপস্থিতদের নজর কাড়ে তার ভিন্নধর্মী আচরণ।

অনুষ্ঠানে অতিথিদের জন্য চেয়ার-টেবিলের ব্যবস্থা থাকলেও তিনি সেগুলো ব্যবহার না করে দর্শকদের সাথে মন্দির প্রাঙ্গণের ফ্লোরে বসেন। তার এই সরলতা ও আন্তরিকতায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা ব্যাপকভাবে প্রশংসা করেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী বিষ্ণু মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান যতীন্দ্রনাথ মিস্ত্রী। এসময় উপজেলার ১৫৯টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দুই লাখ টাকা অনুদান প্রদান করেন উপজেলা পূজা উদযাপন কমিটির নেতাদের হাতে।

মতবিনিময়কালে আবদুস সোবহান বলেন, তারেক রহমান সম্প্রীতির বাংলাদেশ গড়তে চান। দুর্গাপূজার উৎসব কেউ নষ্ট করার চেষ্টা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে। বিএনপির নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় সর্বদা পাশে থাকবে।

সভায় আরও উপস্থিত ছিলেন,আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মাহাবুবুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীনেশ হালদার, সাংগঠনিক সম্পাদক শ্যামল ঘটক, বাকাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাপ্পী পান্ডে, হিন্দু সম্প্রদায়ের নেতা কার্তিক বেপারী, অমিয় কর, প্রফুল্ল হালদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




জাতিসংঘ সফরে রাজনৈতিক প্রতিনিধিদের নেওয়া নিয়ে রাশেদ খানের সমালোচনা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফরে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, উপদেষ্টাগণ নিজেদের সুরক্ষার স্বার্থেই রাজনৈতিক প্রতিনিধিদের সফরে যুক্ত করেছেন। তার মতে, রাজনৈতিক নেতাদের এ সফরে কোনো প্রয়োজনীয় ভূমিকা নেই।

ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেন, “অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জাতিসংঘ সফরে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের শুধু নিজেদের প্রটেকশনের জন্য নিয়েছেন। সেখানে রাজনীতিকদের করার কিছুই নেই। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করবে, এমনকি গালিগালাজ বা অপদস্ত করার মতো ঘটনাও ঘটতে পারে। ইতোমধ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নিরাপত্তার জন্য ব্যানার নিয়ে নেমেছে, পাশাপাশি আওয়ামী লীগও সক্রিয় রয়েছে।”

তিনি আরও বলেন, বিদেশের মাটিতে রাজনৈতিক পক্ষগুলোর মুখোমুখি অবস্থান তৈরি করা অযৌক্তিক। তার ভাষায়, “ভাবুন তো, যদি রাজনৈতিক প্রতিনিধিরা যেতো না, তবে কি বিএনপি-জামায়াতের কর্মীরা উপস্থিত হতো? না হলে এর পরিণতি কী হতে পারত?”

রাশেদ খান অভিযোগ করেন, সরকারের উপদেষ্টারা যত বড় কথাই বলুন না কেন, তারা রাজনৈতিক দলের সমর্থন ও সহযোগিতার ওপর নির্ভরশীল। তার মতে, বৈষম্য দূর করার প্রতিশ্রুতি নিয়ে আসা এই উপদেষ্টা পরিষদ উল্টো বৈষম্য সৃষ্টি করেছে।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, গত সাড়ে তেরো মাসে সরকার প্রধান যখনই বিদেশ সফর করেছেন, বিশ্বের অন্যান্য দেশ কেবল প্রতিনিধি পাঠালেও বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি অংশগ্রহণ করা হয়েছে, যা স্থানীয়দের কাছে সফরের গুরুত্ব আরও প্রবল করে তুলেছে।

পোস্টের শেষে তিনি প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরের সফলতা কামনা করেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫