বরিশাল-২ আসনে আলোচনার কেন্দ্রে সাবেক এমপি অভি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বরিশালের বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা জোরদার হচ্ছে। এর মধ্যে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি।
বিএনপি নেতাদের দাবি, বরিশালের মোট ২১টি সংসদীয় আসনের মধ্যে অন্তত সাতটিতে দলটি ভালো অবস্থানে নেই। জামায়াত ও ইসলামী আন্দোলনের শক্ত প্রার্থী এবং দলীয় বিভাজনের কারণে এসব আসনে জয় পাওয়া কঠিন হবে যদি প্রার্থী নির্বাচনে ভুল হয়। এ কারণে ভোটারদের আস্থা ফেরাতে ক্লিন ইমেজের প্রার্থীদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতারা।
বরিশাল-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইছেন সরফুদ্দিন সান্টু, দুলাল হোসেন, রওনাকুল ইসলাম টিপু ও সাইফ মাহমুদ জুয়েল। তবে সবার ওপরে আলোচনায় রয়েছেন একসময়ের ছাত্রদল নেতা ও সাবেক এমপি গোলাম ফারুক অভি। তিনি জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
অভি মডেল তিন্নি হত্যা মামলার আসামি হিসেবে দীর্ঘদিন দেশ ছাড়াই কানাডায় ছিলেন। তবে সম্প্রতি আদালত তাকে বেকসুর খালাস দিয়েছেন। তিনি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং শিগগিরই রাজনীতিতে সরব হওয়ার ইঙ্গিত দিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় ভোটারদের মতে, অভি প্রার্থী হলে বিএনপির জন্য আসনটি কঠিন হয়ে উঠতে পারে। কারণ সংসদ সদস্য থাকাকালে তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করেছিলেন। এছাড়া কানাডায় থেকেও এলাকার মানুষের পাশে ছিলেন এবং নানাভাবে সহায়তা করে আসছেন।
উজিরপুর-বানারীপাড়ার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভির প্রতি এখনও তাদের দৃঢ় সমর্থন রয়েছে। অনেকে বলছেন, অভি ফিরে এসে প্রার্থী হলে ভোটযুদ্ধে তিনি অন্য সবার চেয়ে এগিয়ে থাকবেন।
সব মিলিয়ে বরিশাল-২ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এবং অভির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে এই আসনের নির্বাচনী লড়াইয়ের চিত্র।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








