“দেশটাকে বাঁচান, বিভাজন নয়”—গড়েয়ায় ফখরুলের আহ্বান

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “পিআর আমি নিজেই বুঝি না, কিন্তু দেশটাকে বাঁচাতে হবে—বিভাজন নয়, ঐক্য চাই। গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না।”
বুধবার (১৫ অক্টোবর) সকালে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে আয়োজিত সভায় তিনি বলেন, “যারা নানা দাবি-দাওয়া তুলে মিছিল করছে, তারা আসলে নির্বাচন পণ্ড করতে চায়। পিআর নিয়ে বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যেসব বিষয়ে দলগুলো একমত হবে সেগুলো জুলাই সনদে স্বাক্ষরিত হবে, আর বাকি মতের জন্য গণভোট অনুষ্ঠিত হবে। কিন্তু দয়া করে নির্বাচনটা হতে দিন—দেশের অস্তিত্ব বাঁচাতে এখন এটাই প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আমরা আর হিংসার রাজনীতি চাই না। হিন্দু-মুসলিম বিভেদ নয়, সবাই মিলে শান্তিতে থাকতে চাই। অতীতে আমরা সরকারে ছিলাম, তাই সরকার পরিচালনা করতে জানি। বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যাপক সংস্কার আনা হবে, কৃষকদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হবে।”
নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ফখরুল বলেন, “আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব—এটাই গণতন্ত্র। বিভাজন সৃষ্টি করবেন না, দেশটাকে আর ক্ষতি করবেন না। আমরা চাই একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে থাকবে সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বন্ধন। ভুলে যাবেন না, মার্কাটা ধানের শীষ।”
সভায় বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তৃতায় ফখরুল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








