জুলাই যোদ্ধাদের নিয়ে রাষ্ট্রদ্রোহ মামলার আশঙ্কা: সারজিস আলম

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দাবি দীর্ঘদিন উপেক্ষিত হতে থাকলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি মনে করেন, জুলাই সনদ নিয়ে সরকারের দায়সারা মনোভাব একদিন এই দেশের ইতিহাস থেকে আন্দোলনের সত্যতাকেও মুছে ফেলতে পারে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত টুনিরহাট জুনিয়র ফুটবল একাডেমি আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন।
তিনি বলেন, “যেভাবে জুলাই সনদকে গুরুত্বহীন করে ফেলা হচ্ছে, তাতে আশঙ্কা করছি — একসময় দেখা যাবে, অভ্যুত্থানটাই যেন ইতিহাসে আর নেই। পরে হয়তো দেখা যাবে, যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের বিরুদ্ধেই রাষ্ট্রদ্রোহ মামলা করা হচ্ছে, বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।”
এনসিপি নেতা আরও বলেন, “আমরা জুলাই সনদে স্বাক্ষর করিনি কারণ আমাদের অন্যতম দাবি ছিল সনদটির আইনগত ভিত্তি নিশ্চিত করা। কিন্তু সরকার সেই দাবিকে আমলে নেয়নি। এখন দেখা যাচ্ছে, সনদ স্বাক্ষরের অনুষ্ঠানটি পরিণত হয়েছে একটি রাজনৈতিক আনুষ্ঠানিকতায়, যেখানে আন্দোলনের মূল নায়কেরা—জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা—পেছনের সারিতেই থেকেছেন।”
তিনি আরও যোগ করেন, “অন্তর্বর্তীকালীন সরকারের এই দায়সারা মনোভাব আমাদেরকে হতাশ করেছে। তারা শুধু স্বাক্ষর করাকে লক্ষ্য বানিয়েছে, বাস্তবায়নের কোনো নিশ্চয়তা রাখেনি। এতে ভবিষ্যতে ইতিহাস বিকৃতি এবং মুক্তিযুদ্ধের মতোই নতুন করে আন্দোলনের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করার আশঙ্কা তৈরি হচ্ছে।”
সারজিস আলম বলেন, “যদি এইভাবে ইতিহাসের সঙ্গে ছলচাতুরি করা হয়, তাহলে আগামীতে যারা ক্ষমতায় আসবে, তারাও একই পথ অনুসরণ করবে। আমাদের সেই জায়গাটা এখনই স্পষ্ট করা দরকার—যাতে ভবিষ্যতে আর কেউ আন্দোলনকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে।”
এ সময় তিনি সকল রাজনৈতিক দলকে সতর্ক থাকার আহ্বান জানান, যেন আন্দোলনের ইতিহাস ও বীর যোদ্ধাদের ত্যাগ কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








