দেশকে রক্ষা করতে আবারো আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে -আবুল হাসানাত আবদুল্লাহ

বরিশাল অফিস : পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন, জাতীয় ও আর্ন্তজাতিক চক্রান্ত এবং স্বাধীনতা বিরোধী চক্র ও অবৈধ সেনা শাসকদের নির্যাতন আর নিপীড়নের মাধ্যমে ধ্বংস করার চেষ্টা করা হয় জনগণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী, সমর্থকেরা রক্ত ও জীবন দিয়ে সকল প্রতিকূলতা, ষড়যন্ত্র মোকাবিলা করে দলকে টিকিয়ে রেখে শক্তিশালী করেছে।

২৮ (আগষ্ট) সোমবার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হালিমুজ্জামান হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুর রইস সেরনিয়াবাত, বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনিল কুমার বাড়ই, সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহ লিটন সেরনিয়াবাত, মোঃ আশরাফ সরদার, মতিলাল বেপারী, সন্তোশ মন্ডল, মোঃ শাহজাহান হাওলাদার, অরুন মন্ডলসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় আবুল হাসানাত আবদুল্লাহ এমপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, সকল মতানৈক্য ও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। কারণ, স্বাধীনতা বিরোধীরা আবার ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ব্যাহত হবার পাশাপাশি দেশে সন্ত্রাস,বিশৃঙ্খলা সৃষ্টি হবে, জঙ্গিবাদ সৃষ্টি হবে। ওরা আবার ২০০১ সালের মতো আওয়ামী লীগের ২৬ হাজার নেতা কর্মীকে হত্যা করবে। এই এলাকার ৫০ হাজার নেতা-কর্মীকে নির্যাতন করে রামশীল পাঠাবে।

বাড়ির গাছ, ঘের-পুকুরের মাছ, গোয়ালের গরু লুট করে নিয়ে যাবে। যারা দেশের বিরুদ্ধে ১০ ট্রাক অস্ত্র আমদানী করে তাদের নির্বাচিত করলে সাধারণ মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে পারবে না। সন্ত্রাস ও জঙ্গীবাদের হাত থেকে দেশকে রক্ষা করতেপুনরায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।




তারেকের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ

চন্দ্রদ্বীপ ‍নিউজ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি দেওয়া সব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৮ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রোববার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা।

গত ২২ আগস্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুলে শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ দেন হাইকোর্ট।
এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রশ্নে রুল শুনানিতে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছেন বিএনপিপন্থি একজন আইনজীবী।
বুধবার (২৩ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে পক্ষভুক্তির এ আবেদন উপস্থাপন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি ও বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আবদুল জব্বার ভূইয়া। ওইদিন শুনানি নিয়ে ওই আবেদন খারিজ করেন হাইকোর্ট।
এদিকে, একই দিন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা বিষয়ে রুলের লিখিত জবাব দেওয়ার কথা আদালতকে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এর আগে গত মঙ্গলবার (২২ আগস্ট) হাইকোর্টের একই বেঞ্চ তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা বিষয়ে রুলের চূড়ান্ত শুনানির জন্য বুধবার (২৩ আগস্ট) দিন ধার্য করেন। তারই ধারাবাহিকতায় সেটির শুনানি শুরু হয়।
তারেক রহমানের বক্তব্য প্রচার নিয়ে প্রায় সাড়ে আট বছর শুনানি না হওয়া রুলটি রিটকারীদের পক্ষ থেকে সম্প্রতি শুনানির আবেদন করা হয়।
হাইকোর্টের নির্দেশে রুলের নোটিশ তারেক রহমানের গুলশানের বাসার ঠিকানায় পাঠানো হয় বলে আদালতকে জানান রিটকারী পক্ষের আইনজীবীরা। এছাড়া সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে এবং একটি জাতীয় দৈনিকে প্রচার করা হয়।
জবাবে বিএনপিপন্থি আইনজীবীরা আদালতকে বলেন, গুলশানের যে ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে সেটি তারেক রহমানের সর্বশেষ ঠিকানা নয়। তিনি এখন লন্ডনে, তাই তার ওই ঠিকানায় নোটিশ পাঠাতে হবে।
বাংলাদেশের ইতিহাস ও বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন মন্তব্যের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান (তৎকালীন জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান) তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ২০১৫ সালে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ রুল জারিসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।

হাইকোর্টের রুলে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিটিভির মহাপরিচালক, বিটিআরসির চেয়ারম্যান, একুশে টিভির প্রধান বার্তা সম্পাদক, কালের কণ্ঠের সম্পাদক ও তারেক রহমানকে রুলের জবাব দিতে বলা হয়।
অন্যদিকে, অন্তর্বর্তীকালীন আদেশে হাইকোর্ট তারেক রহমানের অবস্থান জানাতে পররাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়ার পাশাপাশি পুলিশ মহাপরিদর্শককে তারেক রহমানের পাসপোর্টের মেয়াদ জানিয়ে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়।

পরবর্তীকালে ঠিকানা ভুলের পরিপ্রেক্ষিতে তারেক রহমান বাদে রিট আবেদনের অন্য সব বিবাদী বরাবর রুলের নোটিশ জারি হয়। গত ৩ আগস্ট রুল শুনানির আবেদন করেন রিটকারী পক্ষের আইনজীবী কামরুল ইসলাম।ও

ওইদিন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধের বিষয়ে জারি করা রুল শুনবেন বলে জানিয়েছিলেন হাইকোর্ট।

আইনের দৃষ্টিতে পলাতক তারেক রহমানের বক্তব্য বা বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৫ সালের ৭ জানুয়ারি বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন।
একই সঙ্গে তারেক রহমানের বিদেশে অবস্থান সম্পর্কে জানাতে পররাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছিল। তার পাসপোর্টের মেয়াদের বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) একটি প্রতিবেদন দিতেও বলেছিলেন আদালত।




জি ২০ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা, মোদীর সঙ্গে বৈঠকের আশা

চন্দ্রদ্বীপ ‍নিউজ : আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস ভারতীয় বার্তা সংস্থা এএনআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানের ভারত মন্ডপম কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হবে গ্রুপ অব টুয়েন্টি (জি-২০) জোটের ১৮তম শীর্ষ সম্মেলন।

এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও শীর্ষ কূটনীতিকরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

এবার আয়োজকের পাশাপাশি জি২০র সভাপতিও ভারত। এ কারণে এ বছরের সম্মেলনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সবশেষ ‘মান কি বাত’ অনুষ্ঠানে বলেছেন, জি২০ সম্মেলন আয়োজনে তারা পুরোপুরি প্রস্তুত। আগামী মাসে ভারতের সভাপতিত্বে আয়োজিত এই শীর্ষ সম্মেলন দেশটির সম্ভাবনা এবং ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্ব তুলে ধরবে বলে আশা করছেন তিনি।

এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতরা। এ সময় তিনি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের ১৮তম আসরে যোগ দিতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান।

২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত জি-২০’র সভাপতির দায়িত্বে পালন করবে ভারত। জি-২০ এর সভাপতি হিসেবেই ভারত ‘অতিথি দেশ’ হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।




ভিডিও ভাইরাল: সাদিক আব্দুল্লাহর ছবি নামানোয় আ.লীগ নেতার গলায় জুতার মালা

বরিশাল অফিস : বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদায়ী সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ছবি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নামিয়ে ফেলার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে আটকে মারধর ও গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনা ঘটেছে। পরে এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী। রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান। তিনি বলেন, মামলা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নাজমুল হাসান ওরফে মঈন জমাদ্দারের নেতৃত্বে এ ঘটনা ঘটে। হেনস্তার শিকার মনিরুজ্জামান খান বাচ্চু চরামদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বরিশালের বান্দ রোডে তার একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। ব্যবসায়ীর গলায় জুতার মালা পরানোর দুটি ভিডিও (একটি এক মিনিট দুই সেকেন্ড ও অপরটি ১৭ সেকেন্ড) এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।ভা

ভাইরাল হওয়া ভিডিওতে বলতে শোনা গেছে, দোকান থেকে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ছবি নামিয়ে রাখায় শাস্তিস্বরূপ ওই ব্যবসায়ীর গলায় জুতার মালা পরানো হয়েছে।

হেনস্তার শিকার আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান খান বাচ্চু বলেন, বরিশালের ১১ নম্বর ওয়ার্ড বান্দ রোডে সোনার বাংলা মোটরস নামে আমার একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। আমার কক্ষে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ছবি আছে। যেহেতু আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করি এবং আমার অফিসে বিভিন্ন নেতারা আসেন। এই ইস্যু কাজে লাগিয়ে মিথ্যা অভিযোগ তুলেছে যে সাদিক আব্দুল্লাহর ছবি আমার অফিস থেকে নামিয়ে রেখেছি। এই অভিযোগ তুলে আমাকে মারধর ও গলায় জুতার মালা পরিয়ে তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। তিনি বলেন, মূলত নাজমুল হাসান ওরফে মঈন জমাদ্দারের নেতৃত্বে আমাকে নির্যাতন করা হয়। গত ২২ আগস্ট মোবাইল ফোনে আমাকে শহীদ রহিম স্মৃতি পাঠাগার ক্লাবের পশ্চিম পাশের কক্ষে ডেকে নেয় মঈন। বিকেল ৩টার দিকে সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে রুম আটকে সেখানে থাকা সাব্বির, আব্দুল, কাওছার, সোহাগ মারধর শুরু করে। এরমধ্যে একজন বিএনপির সমর্থক ও বাকিরা সাদিক আব্দুল্লাহর অনুসারী। আমাকে রুমের মধ্যে আটকে দফায় দফায় মারধর করে। মারধর করে তারা আমাকে বলতে বলে যে আমার ব্যক্তিগত অফিস থেকে মেয়র সাদিক আব্দুল্লাহর ছবি নামিয়েছি। ওরা যতবার এই কথা বলতে বলেছে, ততবার আমি বলেছি যে সাদিক আব্দুল্লাহর ছবি আমার অফিস থেকে নামাইনি। শেষে আরও মারধরের মাত্রা বাড়িয়ে দিলে বাধ্য হয়ে ওদের শেখানো কথা বলি যে সাদিক আব্দুল্লাহর ছবি নামিয়েছি এবং তা অন্যায় হয়েছে। তিনি আরো বলেন, আমি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী। আমাকে হেনস্তা করার জন্য কাওছার জুতার মালা বানিয়ে দেয় আর সোহাগ আমার গলায় পরিয়ে দেয়। আমি দুই-তিনবার ফেলে দিই। এতে ক্ষিপ্ত হয়ে আমাকে আরও মারধর করে। শেষে আমি জ্ঞান হারালে গলায় জুতার মালা পরিয়ে চেয়ারে বসিয়ে ভিডিও করে। তার আগে মঈন জমাদ্দার কয়েক দফায় হুমকি দিয়েছে, আমি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর পক্ষে কাজ করলে বরিশালে থাকতে দেবে না। সাদিক আব্দুল্লাহ বরিশালে ফিরলে আমাকে মারধর করবেন।

এ বিষয়ে জানতে চাইলে মামলার প্রধান আসামি নাজমুল হাসান ওরফে মঈন জমাদ্দার বলেন, মনিরুজ্জামান খান বাচ্চুর যে ভিডিও ছড়িয়েছে তা আমি ছড়িয়েছি এটা সত্য। কিন্তু জুতার মালা পরানোর যে ভিডিও তার আগের ভিডিওর সঙ্গে সম্পৃক্ত না। তাছাড়া ওখানে সাদিক আব্দুল্লাহর নাম বলাটাও আমার উচিত হয়নি। এটা আমি ভুল করেছি। এজন্য সাদিক ভাইও আমার ওপর খুব ক্ষিপ্ত হয়েছেন।




ইসরায়েলি মন্ত্রীর সাথে বৈঠকের পর লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

চন্দ্রদ্বীপ ‍নিউজ ডেক্স: উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশকে বরখাস্ত করা হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের খবর প্রকাশ্যে আসার পর রোববার (২৭ আগস্ট) মাঙ্গুশকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

এই ঘটনায় সদ্য বরখাস্তকৃত পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরুরও ঘোষণা দিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী। সোমবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে বৈঠকের কারণে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশকে বরখাস্ত করেছেন লিবীয় প্রধানমন্ত্রী। মূলত লিবিয়া ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক না থাকা সত্ত্বেও ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করায় রোববার মাঙ্গুশকে বরখাস্ত এবং তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়।

লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশ এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন গত সপ্তাহে বৈঠক করেছিলেন। এই বৈঠকের বিষয়ে ইসরায়েল এক বিবৃতিতে বলেছে, গত সপ্তাহের ওই বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।
অবশ্য এই বৈঠকের খবর সামনে আসার পর লিবিয়ায় ছোট আকারে বিক্ষোভ হয়েছে। মূলত দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় না উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চলের দেশ লিবিয়া।

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নাজলা মাঙ্গুশ ইসরায়েলের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং যা ঘটেছে তা হলো- ‘ইতালির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ে একটি বৈঠকের সময় অপ্রস্তুত, অপ্রত্যাশিত সাক্ষাৎ।’

লিবিয়ার মন্ত্রালয়ের এই বিবৃতিতে আরও বলা হয়েছে, (ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে) আকস্মিক সেই সাক্ষাতে ‘কোনও আলোচনা, চুক্তি বা পরামর্শ’ অন্তর্ভুক্ত ছিল না। এছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ‘স্বাভাবিকীকরণকে সম্পূর্ণ প্রত্যাখ্যান’ করেছে মন্ত্রণালয়।

অবশ্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২০ সাল থেকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদানের সাথে তথাকথিত ‘আব্রাহাম চুক্তির’ মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করেছে ইসরায়েল। এছাড়া লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়েও খোলামেলা তথ্য দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এক বিবৃতিতে বলেছেন, ‘আমি (লিবিয়ার) পররাষ্ট্রমন্ত্রীর সাথে দুই দেশের জন্য বিশাল সম্ভাবনার বিষয়ে কথা বলেছি।’
বৈঠকটি ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সহায়তায় আয়োজন করা হয়েছিল বলেও ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বৈঠকে তারা (লিবিয়া ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী) মানবিক সমস্যা, কৃষি ও পানি ব্যবস্থাপনায় সম্ভাব্য সহযোগিতা এবং ইসরায়েলি সহায়তা নিয়ে আলোচনা করেছেন বলেও জানানো হয়েছে।
কোহেন বলেছেন, তিনি লিবিয়ায় ইহুদি ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে মাঙ্গুশের সাথে কথা বলেছেন।

উল্লেখ্য, লিবিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার আল গাদ্দাফি ২০১১ সালে উৎখাত হওয়ার পর থেকে দেশটির ক্ষমতা নিয়ে কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মাঝে লড়াই চলছে। মূলত বছরের পর বছর ধরে চলা সংঘাত এবং সরকারের নিয়ন্ত্রণ নিয়ে তিক্ত অভ্যন্তরীণ বিভাজনের কারণে লিবিয়ার বৈদেশিক নীতি বেশ জটিল একটি বিষয় বলে মনে করা হয়।




সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান আর নেই

চন্দ্রদীপ নিউজ : ময়মনসিংহের কিংবদন্তি রাজনীতিক, সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার রাত ১১টার দিকে ময়মনসিংহের ধোপাখোলা নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।তার বয়স হয়েছিল ৮১ বছর।

মতিউর রহমান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে একুশে পদক পান। মুক্তিযুদ্ধের অন্যতম এ সংগঠক সব গণতান্ত্রিক আন্দোলনে অগ্রভাগে ছিলেন। ময়মনসিংহের মাটি ও মানুষের নেতা হিসেবে স্বীকৃত ছিলেন তিনি।

প্রবীণ এ রাজনীতিবিদ ১৯৪২ সালের ৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবদুর রেজ্জাক এবং মায়ের নাম মেহেরুন্নেসা খাতুন।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মতিউর রহমান ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা। শত প্রলোভনের মুখে এবং বারবার কারাবরণ করা সত্ত্বেও সারাজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও আওয়ামী লীগের রাজনীতির প্রতি অবিচল থেকে তিনি তাঁর সাংগঠনিক দায়িত্ব পালন করে গেছেন। তিন দশকের বেশি সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতৃত্বদানকারী এই নেতা মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক ও সফল সংগঠকের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে তিনি একুশে পদক লাভ করেন।

তাঁর মৃত্যুতে দলের এক অপূরণীয় ক্ষতি হলো এবং আমি হারালাম একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে।

প্রধানমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।




বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা

বরিশাল অফিস: ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী (দল) বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  উপলক্ষে বরিশাল সদর উপজেলা বিএনপির আয়োজনে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বোরবার (২৭) আগষ্ট বিকালে নগরীর সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের তৃতীয় তলায় সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এ্যাড, কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা বিএনপি সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিমের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড, বিলকিস জাহান শিরিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড,আবুল কালাম শাহিন।

এ সময় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জিয়াউল ইসলাম সাবু, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মন্টু খান, যুগ্ন আহবায়ক আলহাজ্ব মোঃ আঃ জব্বার সিকদার, যুগ্ম আহবায়ক মোঃ মাহবুবুল আলম বাবুল, বরিশাল সদর উপজেলা শ্রমিকদল আহবায়ক রফিকুল ইসলাম আকন, সদর উপজেলা মহিলাদল সাধারন সম্পাদিক হোসনেয়ারা বেগম, যুবদল আহবায়ক তৌহিদুল ইসলাম উজ্জল সহ বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নের আহবায়ক ও সদস্য সচিব সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




গরু চুরির অভিযোগে তালতলী ছাত্রদলের তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

বরিশাল অফিস: বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদলের তিন নেতাকে গরু চুরির অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সম্প্রতি ঐ তিন নেতাকে অব্যাহতি দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা ছাত্রদল। বহিষ্কৃত নেতারা হলেন- প্রিন্স হৃদয় (সভাপতি), রুমন (সাধারণ সম্পাদক) ও আসাদ (সাংগঠনিক সম্পাদক)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে স্থায়ী পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

উপজেলা ছাত্রদলের একাধিক নেতা জানান, সোমবার (২২ আগস্ট) রাতে তালতলী উপজেলার লাউপাড়া এলাকা থেকে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন ছাত্রদলের ঐ তিন নেতা। এজন্য তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তাঁতীপাড়া এলাকার গরুর মালিক খোকন বলেন, আমার গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ধাওয়া খেয়ে ঐ তিনজনসহ চোর চক্র পালিয়ে যায়। এ সময় একটি গাড়ি ফেলে রেখে যায়। গাড়িটি পুলিশ এসে নিয়ে যায়। আমি আমার গরু ফিরে পেয়েছি ও তাদের বয়স কম হওয়ায় মামলা করিনি।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। গরু চুরির বিষয়টি শুনেছি।




শেবাচিমে ছাত্রীর উপর র‍্যাগিং ও মানসিক নির্যাতনে শাস্তির দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

এস এল টি তুহিন, বরিশাল : সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার ‘ আয়োজনে আজ ২৭ আগস্ট রবিবার বেলা ১২ টায় অশ্বিনী কুমার হল চত্বরে শের-ই বাংলা মেডিকেল কলেজে ছাত্রীর উপর র‍্যাগিং ও মানসিক নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও সারাদেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে- আবাসিক হলে র‍্যাগিং ও শিক্ষার্থী নিপীড়ন’ এর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক বিজন সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সন্তু মিত্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটি সদস্য সচিব সুজন আহমেদ, সদস্য লামিয়া সাইমন, সরকারি ব্রজমোহন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মিনহাজুল ইসলাম ফারহান, সরকারি আলেকান্দা কলেজে শাখার সংগঠক ফারহানা আক্তার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শের-ই বাংলা মেডিকেল কলেজের ছাত্রী হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রভা ও সহ-সম্পাদক জুঁই মিলে এক শিক্ষার্থীকে গত ২৩ আগস্ট রাতে ২ ঘন্টা যাবত রুমে আটকে রেখে র‍্যাগিংয়ের নামে মানসিক নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে শিক্ষার্থী অজ্ঞান হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। অসুস্থ ও নির্যাতিত শিক্ষার্থী যাতে কোনো অভিযোগ না করেন সেজন্য ছাত্রলীগের নেতৃবৃন্দ কর্তৃক উপর্যুপরি ঐ ছাত্রীকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে জানা গেছে। এই ঘটনার প্রেক্ষিতে গতকাল ২৬শে আগস্ট সাংবাদিকরা সংবাদ সংগ্রহে গেলে তাদের উপর কলেজের অধ্যক্ষের উপস্থিতিতেই সন্ত্রাসী বাহিনী তাদের উপর হামলা চালায়।

নেতৃবৃন্দ বলেন, শের-ই বাংলা মেডিকেল কলেজের এই ঘটনা বিছিন্ন বা নতুন কোন ঘটনা নয়। ২০১১ সালেও এক শিক্ষার্থীকে উলঙ্গ করে ভিডিও ধারণ করে তৎকালীন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তার কাছে চাঁদা দাবি করেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শেবাচিম শাখা এর প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন করলে ছাত্রলীগ তাদের উপর সন্ত্রাসী হামলা চালায়। ছাত্রলীগ তার সন্ত্রাসী রাজত্ব আজ প্রতিটি বিশ্ববিদ্যালয়/কলেজের হল গুলোতে কায়েম করেছে। গেস্টরুম-গণরুমে শারীরিক-মানসিক নির্যাতন এখন তাদের নিত্যদিনের কর্মসূচি। একজন ছাত্রীকে র‍্যাগিং করে হাসপাতালে ভর্তি করেই ছাত্রলীগ ক্ষান্ত হয়নি, উপরন্তু সেই ঘটনার সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরা গেলে তাদের উপর অধ্যক্ষের উপস্থিতিতে হামলা চালানোর ঔদ্ধত্য দেখিয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, র‍্যাগিং কোন প্রতিষ্ঠানের ব্যাক্তিগত বিষয় হতে পারেনা, প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করতে চাইলে সাংবাদিকদের ধাক্কা দিয়ে বের না করে র‍্যাগিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার। বক্তারা সংবাদ সংগ্রহ করতে যাওয়া সংবাদকর্মীদের উপর অতর্কিত হামলার নিন্দা জানান। একইসাথে বক্তারা অবিলম্বে শের-ই বাংলা মেডিকেল কলেজের ছাত্রী নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের দৃষ্টান্তমূলক বিচার এবং সারাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-হলে শিক্ষার্থী নিপীড়ন বিপরীতে র‍্যাগিংমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গনের দাবি জানান।




দলীয় শৃংখলা ভঙ্গের কারণে আ.লীগের দুই নেতা বহিস্কার

বরিশাল অফিস : বরিশালের আগৈলঝাড়ায় দলীয় শৃংখলা ভঙ্গের কারণে দলীয় পদ থেকে দুই নেতাকে সাময়িক বহিস্কার করেছে আওয়ামী লীগ। রবিবার দুপুরে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ এবং সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

নেতৃবৃন্দর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিস্কৃতরা হলেন- উপজেলার গৈলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মনির তালুকদার এবং রতœপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা, সাবেক ইউপি সদস্য সুরেশ চন্দ্র বিশ্বাস।

উল্লেখিত দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাদের দলীয় পদ ও দলের সকল প্রকার সাংগঠনিক কর্মকান্ড থেকে সাময়িত বহিস্কার করা হয়েছে।

গত ২৩ আগষ্ট আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র অনুমোদন করা গৈলা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে ২৪ নম্বর সদস্য হিসেবে মনির তালুকদারের নাম এবং রতœপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে ১৪ নম্বর যুগ্ম সম্পাদক হিসেবে রতমাতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা, সাবেক ইউপি সদস্য সুরেশ বিশ্বাস এর নাম স্থান পায়।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন বলেন- দলে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। ভবিষ্যতেও এই এই ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।