যুবলীগ নেতার মামলায় বরিশালে বিএনপি’র ১২ নেতাকর্মী গ্রেপ্তার

বরিশাল অফিস : বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাংচুর ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলার অজ্ঞাতনামা পলাতক আসামী বিএনপি’র ১২ নেতাকর্মীকে বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- বিএনপি নেতা আহসান খান আপাং, খসরুজ্জামান বাহাদুর, জালিনুজ ভাট্টি, গোলাম মর্তুজা বাবলু, মাসুদ বক্তিয়ার, মোশারফ হোসেন, কাওসার মেহেদী, মাওলা সরদার, রিয়াজুল বক্তিয়ার, সিরাজ হাওলাদার, মোস্তাফিজুর রহমান ও মিয়া
রফিক। তারা সকলেই আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা ও বিএনপি’র রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

বরিশাল গৌরনদী মডেল থানার এসআই আব্দুল হক সিকদার জানান, যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাংচুর ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামীদের কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ৫ নভেম্বর বরিশালে বিএনপি’র কর্মসূচীতে যাওয়ার পথে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে কেন্দ্রীয় বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। পরে ইশরাকের গাড়িবহরে থাকা বিএনপি নেতাকর্মীরা যুবলীগের নেতাকর্মীদের ওপর পাল্টা হামলা চালিয়ে মোটরসাইকেল ও দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে। যুবলীগ নেতাদের ওপর হামলার ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রাসেল রাঢ়ী বাদি হয়ে ইশরাককে প্রধান আসামী করে নামধারী ৭০জন ও অজ্ঞাতনামা আরো
৫০/৬০জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।




নৌকার ভোট দেওয়ার প্রতিশ্রুতি নিলেন আমির হোসেন আমু

বরিশাল অফিস: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন আওয়ামী লীগের আমলে হওয়া উন্নয়নগুলো জনগনের কাছে প্রচার করতে হবে। মানুষ যে উপকার পেয়েছে। এই সরকারের আমলে বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ যে সমস্ত ভাতা দেওয়া হচ্ছে তা মানুষকে মনে করিয়ে দিতে হবে।

আগামী নির্বাচনকে সামনে রেখে এই সরকারের উন্নয়ন সাধারণ মানুষের কাছে গিয়ে বলতে হবে। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে সবার কাছে আঙ্গীকার নেন। দেশের প্রান্তিক পর্যায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। নারীর উন্নয়নে সব চেয়ে বেশী কাজ করেছে আওয়ামী লীগ সরকার। তাই আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নৌকায় ভোট দিতে হবে।

ঝালকাঠি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের অনুকূলে অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলে হাত উঁচিয়ে নৌকার প্রতি সমর্থন জানান। জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার আপরুজুল হক টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুল হক।




দু-একটা দল অংশ না নিলেও নির্বাচন বন্ধ হবে না: ওবায়দুল কাদের

চন্দ্রদীপ নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে। সংবিধানের সব নিয়ম মেনে যে নির্বাচন চলছে সে নির্বাচনে কেউ যদি অংশ না নেয় সেটার জন্য সে নির্বাচন বন্ধ হবে না। বহুদল আছে যারা নির্বাচনে অংশ নেবে। দু-একটা দল অংশ না নিলে সে নির্বাচন কেন গ্রহণযোগ্য হবে না? নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক অধিকার। কেউ যদি নিজের অধিকার প্রয়োগ না করে সেটা তাদের ব্যাপার।

বুধবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ভাঙচুর, অগ্নিসন্ত্রাস, অস্ত্র ও খুনের মামলায় আগে থেকে যারা জড়িত সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের গ্রেফতার করছে আইনশৃঙ্খলা বাহিনী। নতুন করে গ্রেফতারের কোনো পরিকল্পনা সরকারের নেই।

এ হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশের মাটি থেকে শেখ হাসিনার নেতৃত্বে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যতদিন শেখ রাসেলের মতো অবুঝ শিশুর জন্য নিরাপদ ও বাসযোগ্য করে না তুলতে পারবো ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদ শেখ রাসেলের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে বনানী কবরস্থ মসজিদে শেখ রাসেলসহ পঁচাত্তরে ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এতে অংশ নেন দলীয় নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ।

এসময় উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাঁপা, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম প্রমুখ




আজ রাজধানীতে আওয়ামীলীগ- বিএনপির সমাবেশ

চন্দ্রদীপ নিউজ: সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ বুধবার রাজধানীতে জনসমাবেশ করবে বিএনপি। বেলা ২ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে আজ একই সময়ে রাজধানীতে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ। আজ বিকাল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী।

দুই দলই সমাবেশ কর্মসূচীতে ব্যাপক জনসমাগম ঘটিয়ে শো-ডাউনের প্রস্তুতি নিয়েছে। দেড় কিলোমিটার দূরত্বে বিএনপি-আওয়ামী লীগের জনসমাবেশকে ঘিরে জনমনে বিরাজ করছে নানামুখী শঙ্কা দেখা দিয়েছে। বিএনপির সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের আল্টিমেটাম দেয়া হতে পারে। দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীদের নয়া পল্টনের সমাবেশে যোগ দিতে বলা হয়েছে।  অপরদিকে আওয়ামীলীগের নেতারা শান্তি ও উন্নয়ন সমাবেশে ব্যাপক মানুষের সমাগম ঘটানোর টার্গেট নিয়েছে। এর মাধ্যমে রাজধানীতে সাংগঠনিক শক্তির মহড়া দিতে চায় আওয়ামী লীগ। সকাল থেকেই মিছিল নিয়ে রাজধানীর প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসবেন।

বিএনপির এই কর্মসূচি ঘিরে কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সমাবেশ কর্মসূচি পালনের পাশাপাশি রাজধানীর অলিগলি ও পারা-মহল্লায় সতর্ক পাহারায় থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনগণের জানমালের নিরাপত্তা দিতেই এই উদ্যোগ। রাজধানীর প্রতিটি ওয়ার্ড, ইউনিট ও থানার গুরুত্বপূর্ণ স্থানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সতর্ক পাহারায় থাকবেন আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। মূলত বিএনপির কর্মসূচিকে ঘিরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সরব রাখতে এবং রাজনীতির মাঠে বিএনপির বিশৃঙ্খলা ঠেকাতেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।




আজ শেখ রাসেল দিবস

চন্দ্রদীপ নিউজ: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ। শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তৃতীয় বারের মতো আজ পালিত হচ্ছে শেখ রাসেল দিবস।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িতে রাত দেড়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল জন্মগ্রহণ করেন। জাতীয়ভাবে নানা আয়োজনে একযোগে সারা দেশে এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে পালিত হবে শেখ রাসেল দিবস-২০২৩।

শেখ রাসেলের জন্ম নিয়ে ভাইবোনদের মধ্যে সে কী উত্তেজনা! রাসেলের জন্মের আগে দুই বোন ভেবেছিলেন, বোন হলে তারা দলে ভারী হবেন। আর ভাইয়েরা ভেবেছিলেন, ভাই হলে তাদের দল ভারী হবে। এই নিয়ে ভাইবোনদের মধ্যে যেন পাল্লা লেগে গিয়েছিল। সবাই ঘুমে ঢুলুঢুলু চোখে জেগে থাকে নতুন অতিথির আশায়। অপেক্ষার পালা শেষ হলো। খবর এলো তাদের ভাই হয়েছে, তখন সবকিছু ভুলে সবাই আনন্দে আত্মহারা। মাথাভরা কালো চুল, তুলতুলে শরীর, অপূর্ব মুখচ্ছবি। অনেক বছর পর ছোট্ট একটি শিশু তাদের ঘর আলো করে এসেছে। সবার মধ্যে যেন খুশির জোয়ার বইতে থাকে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র শেখ রাসেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচেরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

আজ শেখ রাসেল দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, শেখ রাসেলকে হত্যার মধ্য দিয়ে ঘাতকেরা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারদের নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। রাসেল আজ বিশ্বে অধিকারবঞ্চিত শিশুদের প্রতীক ও মানবিক সত্তা হিসেবে সবার মাঝে বেঁচে আছে এবং ভবিষ্যতেও থাকবে।




আনসার সদস্যদের কাছে নৌকায় ভোট চাইলেন আমির হোসেন আমু

বরিশাল অফিস: সরকারের উন্নয়ন ধারাবাহিকতা চলমান রাখতে আনসার সদস্যদের কাছে নৌকায় ভোট চাইলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনসার ভিডিপি’র জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। প্রতিবারই সৃষ্টিকর্তা তাকে রক্ষা করেছে। শেখ হাসিনাকে আল্লাহ বাচিয়ে রেখেছে এ দেশের গনমানুষের সেবা করার জন্য। আর তিনি (প্রধানমন্ত্রী) সেটা করেছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীণ ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা প্রদানসহ গ্রামকে শহরে রুপ দিতে নিরলস ভাবে কাজ করছে বর্তমান সরকার। আনসার সদস্যরাও সরকারের সুবিধা পেয়ে যাচ্ছে। আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে আনসার সদস্যদের অহব্বান জানান তিনি। তিনি আরও বলেন ১৯৭১ সালে মহান মু্িক্তযুদ্ধের সময় বরিশালে প্রথম আমরা আনসার বাহিনীর কাছে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ শুরু করি। মু্ক্তিযুদ্ধে আনসার বাহিনীর ভুমিকা অপরিসীম। দেশের নিরাপত্তা প্রদানে তারা জীবনের ঝুকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনসার ভিডিপির বরিশাল রেঞ্জ কমান্ডার মো. আশরাফুল আলম, ২২ আনসার ব্যাটালীয়ন পটুয়াখালী’র অধিনায়ক সদন চাকমা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আনোয়ার সাঈদ। এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারমান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দিয়েছেন ঝালকাঠি জেলা আনসার কমান্ড্যান্ট মো. সাদ্দাম হোসেন। জেলা প্রশাসকের পক্ষে সমাবেশে সভাপতিত্ব করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন।

আলোচনা অনুষ্ঠান শেষে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ও সংগঠনের কাজের গতিশীলতা আনয়নের লক্ষ্যে আনসার ভিডিপি সদস্যদের মাঝে বাই সাইকেল তুলে দেন প্রধান অতিথি আমির হোসেন আমু।

সমাবেশে ঝালকাঠির সকল উপজেলা আনসার কর্মকর্তাগণ, কমান্ডারগনসহ আনসার ভিডিবি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশ সঞ্চালনা করেছেন আনসার বিডিবির ঝালকাঠি সদর উপজেলা কর্মকর্তা মো. আল-আমিন।

এর আগে মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালের নির্মানাধীন আড়াইশ শয্যার হাসপাতাল প্রকল্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমির হোসেন আমু।

এ সময় তিনি বলেন, বিগত দিনেও আওয়ামী লীগ জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করেছে। আজকেও তা মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আসন্ন নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানান এ প্রবীণ নেতা।

এ সময় স্বাস্থ্য বিভাগের বরিশালের পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী ছাড়াও জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




বাবুগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে মাধবপাশা ইউপি চেয়ারম্যান এর সিদ্দিকুর রহমান এর বিরুদ্ধে।

মারধরের ঘটনায় চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে একাট্টা হয়েছে স্থানীয়রা। মারধরের বিচারের প্রতিবাদে ফুঁসে ওঠেছে স্থানীয় আওয়ামী লীগসহ সাধারণ মানুষ। মারধরের প্রতিবাদে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও চেয়ারম্যান সিদ্দিকুর রহমান এর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ এবং ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা।

দুপুরে মাধবপাশা বাজার এলাকায় ঝাড়ু মিছিল বের করে স্থানীয় আওয়ামী লীগসহ সাধারণ মানুষ। এসময় বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যানের বিভিন্ন অপকর্ম তুলে ধরে তাকে অপসারণ এবং শাস্তির দাবিতে শ্লোগান দিতে থাকে।

মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ২নং ওয়ার্ডের বাসিন্দা মোতালেব হোসেন বলেন, জাকির তিন বারের নির্বাচিত মেম্বার। গ্রাম পুলিশ দিয়ে পরিষদে ডেকে এনে তাকে মারধর করেন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। কি কারণে জাকির মেম্বারকে মারধর করা হলো তা জানতে চাই। আমরা সুষ্ঠু তদন্তু করে সরকারের কাছে সিদ্দিকুর রহমান চেয়ারম্যানের বিচারের দাবি করছি। মেহনতি মানুষের জন্য সরকার যা বরাদ্দ করেন তা আত্মসাৎ করেন চেয়ারম্যান। আমাদের মেম্বারের যদি কিছু হয় তাহলে আমরা গ্রামাবাসী ছাড়বে না।

২নং ওয়ার্ডের বাসিন্দা সারমনি আক্তার বলেন, সিদ্দিকুর চেয়ারম্যান ১৭ টন গরিবের চাল আত্মসাৎ করেছেন। তখনও মিছিল করে প্রতিবাদ করেছি।  এবার আমাদের ২নং ওয়ার্ডে বরাদ্দকৃত টিউওবয়েল কেটে দিছেন চেয়ারম্যান। তার প্রতিবাদ করায় জাকির মেম্বারকে মারধর করছেন সিদ্দিক চেয়ারম্যান। আমরা চেয়ারম্যানের বিচারের দাবি জানাই।

মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন বলেন, জাকির হোসেন ইউনিয়ন যুবলীগের সভাপতি। সে দীর্ঘদিন ধরে অসুস্থ্য। গতকাল পরিষদে ডেকে এনে মারধর করা হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দুর্নীতিবাজ চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বিচারে দাবি করছি। সিদ্দিকুর চেয়ারম্যান গরিব অসহায় মানুষের জন্য সরকারের ভাতার কার্ড দেবার কথা বলে মোটা অংকের টাকা নিয়েছে। আমরা দুর্নীতিবাজ এই চেয়ারম্যানের বিচার দাবি করছি।

জানা গেছে রবিবার (১৫ অক্টোবর) দুপুর ২ টার দিকে মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও ইউপি সদস্য জাকির হোসেন এর মধ্যে বরাদ্দকৃত ২৬ টি টিউবওয়েল ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই সদস্য চেয়ারম্যানকে গালমন্দ করেন ইউপি সদস্য। এতে ক্ষিপ্ত হয়ে চড়-থাপ্পর দেন চেয়ারম্যান।

পরে পরিষদের সচিব ও সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মাধবপাশা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন বলেন, মাধবপাশা ইউনিয়ন পরিষদে এডিপি ও জনস্বাস্থ্যের ২৬ টি টিউওবয়েল এসেছে। সেখান থেকে একটি টিউওবয়েল আমাকে দেয়ার কথা ছিল। কিন্তু আমি টিউবওয়েল এর কথা বলতেই চেয়ারম্যান আমার উপরে ক্ষিপ্ত হয়ে উঠে। অনেক গালাগালি করেন। এক পর্যায়ে আমাকে মারধর করে ও লাঠি পেটা করেন। শুধু আমার সাথে নয় পরিষদের সকল সদস্যদের সাথে তার মতবিরোধ রয়েছে।

মাধবপাশা ইউনিয়ন পরিষদের সচিব আবুল বাসার বলেন, রবিবার ২টার দিকে চেয়ারম্যান ও সদস্য জাকির হোসেন এর মধ্যে টিউবওয়েল নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’জনই উত্তেজিত হয়ে যান এবং  তাদের মধ্যে হাতাহাতি হয়। আমি এবং কম্পিউটার অপারেটর মোসাঃ খাদিজ আক্তার সুমি তাদেরকে থামানোর চেষ্টা করি।

এদিকে অভিযুক্ত মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, পরিষদে ২৬ টি টিউবওয়েল বরাদ্দ এসেছে। কোন ওয়ার্ডে কয়টা টিউবওয়েল বরাদ্দ দেওয়া হবে সে ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। উপজেলা পরিষদের চেয়ারম্যান দেশের বাহিরে আছে। সে আসলে সিদ্ধান্ত হবে। এর আগে ইউপি সদস্য জাকির পরিষদে এসে গালিগালাজ শুরু করে। এবং তার টিউবওয়েল বুঝে চায়। আমি তাকে বলছি সব মেম্বারদের নিয়ে একসাথে বসে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।  এই কথা বলায় সে আমাকে উত্তেজিত হয়ে মারতে আসে। এসময় আমি তাকে প্রতিহত করে পরিষদ থেকে বের করে দেই। বিষয়টা ভিন্ন খাতে নিতে আমার প্রতিদন্দ্বী সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন অপপ্রচারণা চালাচ্ছে, মিছিল মিটিং করাচ্ছে।




বাউফলে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মত বিনিময় সভা

বরিশাল অফিস: পটুয়াখালীর বাউফলে জাতীয় সংসদের সাবেক চিফহুইপ ও স্থানীয় এমপির’ সাথে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ সকালে সাবেক চিফ হুইপ ও সংসদ সদস্য আলহাজ্জ আ,স,ম ফিরোজের সঙ্গে বাউফল ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের শিক্ষক -কর্মচারী ও শিক্ষার্থীদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সোনালী ব্যাংকের সাবেক জিএম মোঃ আলাউদ্দিন হাওলাদার, বাউফল উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ, সাবেক সদস্য সাংবাদিক হারুন অর রশিদ খান, কলেজের ম্যানেজিং কমিটির সদস্য এনায়েত খান সানা, মনা বনিক, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাংবাদিকবৃন্ধ, কলেজের শিক্ষক- কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রমুখ।




মেহেন্দিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বরিশাল অফিস: মেহেন্দিগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক মুদী দোকানীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আলীমাবাদ ইউপির চরডাইয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ, স্থানীয় চেয়রাম্যান ও নিহতের স্বজনরা জানিয়েছে। নিহত দোকানী হলো ওই গ্রামের মৃত জলিল জমাদ্দারের ছেলে আরিফ জমাদ্দার (৪০)।

নিহতের ভাই ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য জসিম জমাদ্দার অভিযোগ করে বলেন, তিনি বরিশাল-৪ আসনের এমপি পংকজ দেবনাথের সাথে রাজনীতি করেন। এই কারণে তাদের উপর ক্ষিপ্ত হয় মেহেন্দিগঞ্জ পৌর মেয়র কামালউদ্দিনের অনুসারী ইউনিয়ন চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পি। এর জের ধরে ইউপি চেয়ারম্যান বাপ্পির নির্দেশে কাসেম ফরাজী, আরিফ ফরাজী, আনোয়ার ফরাজী, ফারুক ফরাজী, জাহাঙ্গীর ফরাজী, জয়নাল ফরাজীর নেতৃত্বে ১০/১২ লাঠিসোটা নিয়ে আরিফের দোকানে হামলা করে। তারা দোকানে প্রবেশ করে আরিফকে এলোপাতারিভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তখন আশে-পাশের লোকজন পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। আরিফকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটায় মারা গেছে আরিফ।

নিহতের ভাই আরো জানায়, আরিফের মাথায় তিনটি, হাত ও পায়ে ধারালো অস্ত্রের ১০টি জখম রয়েছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান বাপ্পিকে হুকুমের আসামী করে মামলা করা হবে বলে জানিয়েছেন জসিম।

ইউপি চেয়ারম্যান বাপ্পি জানান, তিনি ঢাকায় রয়েছেন। এলাকায় কোন অনুসারী নেই। সবাই একদলের লোক। কেউ যদি অভিযোগ করে মিথ্যা বলেছে। তার দাবি পূর্ব বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে।

মেহেন্দিগঞ্জ থানার এসআই মো. আরিফ জানান, পারিবারিক ও জমি নিয়ে বিরোধের জের ধরে এক পক্ষের হামলায় অপর পক্ষের এক দোকানীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাননি। পেলে ব্যবস্থা নেয়া হবে।




এমপি শাহে আলমকে শোকজ নোটিশ দিলো উপজেলা আওয়ামী লীগ

বরিশাল অফিস: দলীয় ভাবমূতি ক্ষুন্নসহ ১৭ টি অভিযোগে বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ। গত ৩ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত নোটিশের জবাব ১৫ দিনের মধ্যে দিতে বলা হয়েছে। কিন্তু সোমবার বিকেলে এমপি মো. শাহে আলম ওই নোটিশ পাননি বলে দাবি করেছেন।

এমপি শাহে আলম বলেন, আমি বিষয়টি জানি না। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. গোলাম ফারুক বলেন, এ বিষয়ে আমি কোন বক্তব্য দিবো না। দলের মুখপাত্র হচ্ছে সাধারণ সম্পাদক, তার সাথে কথা বলুন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড মো. মাওলাদ হোসেন সানা বলেন, উপজেলা আওয়ামীলীগের একজন সদস্য মো. শাহে আলম এমপি। তাই তাকে দলীয় নিয়মানুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
নোটিশের জবাব না পেলে নিয়মানুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। গণমাধ্যমে পাঠানো নোটিশে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক এ্যাড. মো. মাওলাদ হোসেন সানার স্বাক্ষর রয়েছে। চার পৃষ্ঠার নোটিশে এমপির বিরুদ্ধে ১৭ টি বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

এরমধ্যে দলীয় কার্যালয় নির্মাণের জন্য গচ্ছিত টাকা আটকে রাখা, দলীয় নেতাকর্মীদের মাঝে বিভাজন সৃষ্টি করে নিজস্ব বলয় তৈরি করার চেষ্টা চালিয়ে যাওয়া, বানারীপাড়া পৌরসভাসহ দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া, দলীয় কর্মসূচি এড়িয়ে আলাদা কর্মসূচি করা, অনুসারী ও আত্মীয় স্বজন নিয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে অশোভন আচরণ করা, আত্মীয় স্বজনদের মাঝে ঠিকাদারী কাজ ভাগ করে দেয়া এবং চাঁদা উত্তোলনের অভিযোগ আনা হয়ছে।