মির্জা ফখরুলের সরাসরি আহ্বান: জনগণের কাছে যেতে ব্যবস্থা করুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে সরাসরি আহ্বান জানিয়েছেন—“যা হওয়ার হয়েছে, সমস্যাগুলো সমাধান করে নির্বাচনের দিকে এগিয়ে চলুন। জনগণের কাছে যেতে যেন পারি, সেই ব্যবস্থা করুন।”
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দেশের বর্তমান জটিল পরিস্থিতি ও সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে বলেও উল্লেখ করেন।
এ সময় মির্জা ফখরুল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিরের প্রতি ব্যক্তিগত মুগ্ধতা প্রকাশ করেন। তিনি বলেন,
“জোনায়েদ সাকিরের সঙ্গে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাই। তার দৃঢ়তা দেখে বুঝলাম, সে সত্যিই পরিবর্তন আনতে চায়।”
এই ব্যক্তিগত মন্তব্যের পর তিনি জাতীয় ঐক্যের গুরুত্বারোপ করেন। মির্জা ফখরুল বলেন,
“দেশের মানুষ পরাজয় বরণ করে না। সরকার ও নির্বাচন কমিশনের তৈরি সংকট কাটিয়ে যাবে।”
তিনি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানান—মানুষকে ঐক্যবদ্ধ করে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। মির্জা ফখরুল বলেন,
“সব রাজনৈতিক দলকে মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ। সরকারকে মনে করিয়ে দিচ্ছি, এই সংকট থেকে বের হওয়ার দায়িত্ব তাদের। অতীতেও আপনাদের সঙ্গে ছিলাম, সামনেও থাকব। কিন্তু যে পরিস্থিতি তৈরি করেছেন, তা থেকে আপনাদেরই বের হয়ে আসতে হবে।”
মির্জা ফখরুলের এই বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে বিএনপির অবস্থান—দেশের সংকট মোকাবিলা ও জনগণের কাছে পৌঁছানোই এখন প্রাধান্য।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








