বামনায় জামায়াতে ইসলামের জনসভা: লুটপাটকারীদের বিরুদ্ধে সতর্ক করলেন হেলাল

বরগুনার বামনা উপজেলায় জামায়াতে ইসলামী বামনা উপজেলা শাখার উদ্যোগে রোববার সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশাল জনসভায় বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযাম হোসাইন হেলাল জনগণকে সতর্ক করে বলেন, “জনগণের সম্পদ লুটপাটকারীরা আবারো সুযোগ পেলে জাতিকে বিপদে ফেলে পালাবে।”
সভায় তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচন হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আল্লাহর আইন ও সৎ শাসন প্রতিষ্ঠার নির্বাচন। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে বরগুনা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন ও বরগুনা-২ আসনের প্রার্থী ডা. সুলতান আহমেদ বলেন, দল নির্বাচিত হলে বরগুনার সরকারি ব্যবস্থাপনায় শিল্প কল-কারখানা স্থাপন করে বেকারত্ব দূরীকরণ, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, নদী ভাঙন প্রতিরোধ এবং শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন করা হবে। তাদের লক্ষ্য কেবল ভোটে জয় নয়, বরং ইসলামি ন্যায় ও ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গঠন।
সভায় জামায়াতে ইসলামের স্থানীয় ও জেলা-উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ আকর্ষণ হিসেবে তরুণ কন্ঠশিল্পী অ্যাডভোকেট রোকুনুজ্জামান এবং পরিচালক তারার মেলা যশোরের ইসলামী সংগীত পরিবেশনে জনসভা প্রাণবন্ত হয়ে ওঠে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫









