লৌহজঙে বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র্যালি

মুন্সীগঞ্জ-২ নির্বাচনী এলাকার লৌহজং উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হলো আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি। শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ বিকাল ৩টায় লৌহজং সরকারি বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও স্থানীয় সংগঠনের নেতাকর্মীরা ব্যানার–ফেস্টুন হাতে মাঠে জমায়েত হতে থাকেন। পরে বিশ্ববিদ্যালয় মাঠ থেকে কনকসার কাঠপট্টি পর্যন্ত বিশাল র্যালি বের হলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টংগিবাড়ী) আসনের গনমানুষের নেতা ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি বক্তৃতায় বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা সর্বস্তরের মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে নতুন মাত্রা দিয়েছিল। তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানের প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক বলেন, দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় এ দেশের মানুষ বারবার সংগ্রাম করেছে। বর্তমান প্রজন্মকে সত্য ইতিহাস জানতে ও দেশগঠনে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, যিনি জাতীয় স্বার্থ রক্ষায় জনগণের ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব কোহিনুর শিকদার। তিনি বলেন, দীর্ঘ পাঁচ দশক পরও বিপ্লব ও সংহতি দিবস সমানভাবে প্রাসঙ্গিক। জনগণের অধিকার প্রতিষ্ঠায় এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানমঞ্চ ছিল সরব। র্যালির পুরো পথজুড়ে ছিল স্লোগান, ব্যানার, জাতীয় পতাকা এবং আন্দোলনের চেতনা স্মরণে নানা শ্লোগানধ্বনি। লৌহজং উপজেলা বিএনপির আয়োজনে এই আয়োজনটি এলাকায় ব্যাপক সাড়া ফেলে এবং রাজনৈতিক অঙ্গনে দিনব্যাপী আলোচনার জন্ম দেয়।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








