সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টকে ৭ দিনের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগে একটি কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার ও অটোরিকশা প্রতীকের পোলিং এজেন্টকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ৯ নম্বর উত্তর মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ম্যাজিস্ট্রেট এ সাজা দেন।

শনিবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে ৯ নম্বর উত্তর মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত মো. বশির উদ্দিন ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার ও নাহিদ অটোরিকশা প্রতীকের এজেন্ট ছিলেন।

সহকারী প্রিজাইডিং অফিসার বশির উদ্দিন চাঁদকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে। এ ছাড়া নির্বাচনের আগের দুইদিন কয়েকটি সংঘর্ষ, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারসহ বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৬ জন পুলিশ সদস্য ও পর্যাপ্ত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশের স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও সাদা পোশাকের পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৪৮ জন সদস্য নির্বাচনী মাঠে কাজ করছে।

এ ইউনিয়নে মোট ভোটার ছিলেন ২৫ হাজার ২৯০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৭০ জন এবং নারী ভোটার ১২ হাজার ২২০ জন।

উল্লেখ, গত বছর আগস্ট মাসে কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকুর মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। আজ শনিবার (৯ মার্চ) ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচনের দিন ধার্য করে নির্বাচন কমিশন।




পটুয়াখালী পৌর নির্বাচনে মহিউদ্দিনের জয়

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী পৌরসভায় মেয়র পদে মহিউদ্দিন আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

৯টি ওয়ার্ডের মোট ২৪টি কেন্দ্রের ফলে জগ প্রতীকে তিনি পেয়েছেন ২১ হাজার ৭৪৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. শফিকুল ইসলাম মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৫৫২ ভোট।

পটুয়াখালী পৌর শহরের ২৪টি ভোট কেন্দ্রে শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে  ইভিএমের মাধ্যমে ভোট শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে একজন এসআই, দুইজন এএসআই, চার জন পুলিশসহ ৯ জন আনসার সদস্য নিয়োজিত ছিলেন। এ ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ১৯ জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, ৪ টিম র‌্যাব ও পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করেছেন।

 




ভোট দিতে পেরে খুশি ৯০ বছর বয়সী ফকু বিশ্বাস

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী পৌরসভা নির্বাচনে নাতির কাঁধে ভর দিয়ে ফজলুল হক সরকারি প্রাথমিক  বিদ্যালয় কেন্দ্রে দুপুর বারোটার দিকে ভোট দিতে আসেন ৯০ বছর বয়সী মো. ফকু বিশ্বাস।

বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন তিনি। চোখে ঠিকমতো দেখতে পান না, তবে কানে স্পষ্ট শুনতে পান। এই বয়সেও ভোট দিতে পেরে তিনি খুব খুশি।

পটুয়াখালী পৌর শহরের এই পৌঢ় ভোটার  তিন ছেলে ও এক মেয়ের জনক।

৯০ বছর বয়সী ফকু বিশ্বাস বলেন, এই বৃদ্ধ বয়সেও ভোট দিতে পারবো সেটা ভাবতে পারিনি। খুব সহজে ভোট দিয়েছি। কেউ কোনো ভাবেই আমাকে প্রভাবিত করতে পারেনি। আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। নির্বাচন এভাবেই হওয়া উচিত।

 




পটুয়াখালী পৌরসভার ভোটগ্রহণ চলছে 

পটুয়াখালী প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে পটুয়াখালীর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে শুরু হয়েছে। বিরতহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সকাল থেকেই ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। মেয়র প্রার্থী ডা. শফিকুল ইসলাম টাউন জৈনকাকাঠি ডোনাবান স্কুল সেন্টারে সকাল ৯টায় ভোট দেন। দুই প্রার্থীই ভোটের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

পটুয়াখালী পৌর শহরের ২৪ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে একজন এসআই, দুইজন এএসআই, চারজন পুলিশসহ ৯জন আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে ১৯ জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৪ টিম ও পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করছে।

পৌরসভায় ৫০ হাজার ৬৯৯ জন ভোটারের বিপরীতে মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।




রওশনপন্থী জাপার সম্মেলন, তৈরি হচ্ছে জাতীয় পার্টি নামে আরও একটি দল

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিভিন্ন সময় জাতীয় পার্টি থেকে একাধিক নেতাকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।



মধ্যরাত থেকে শেষ হচ্ছে পটুয়াখালী পৌর নির্বাচনের প্রচার

পটুয়াখালী প্রতিনিধি :

আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে পটুয়াখালী পৌরসভা নির্বাচনের প্রচার – প্রচারণা। শেষ দিনে পাড়া মহল্লা থেকে শুরু করে অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে তৎপর রয়েছে পুলিশ। 

পটুয়াখালী জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে ৫০ হাজার ৬৯৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২৩৯৪৭, নারী ২৬৭৫০ ও ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ভোটে ৫ জন মেয়র প্রার্থী, ৪১ জন কাউন্সিলর প্রার্থী ও ১৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রচারণার শেষ দিনে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে ভোট প্রার্থণা করছেন মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সাবেক মেয়র ডা. শফিকুল ইসলাম ও বর্তমান মেয়র মহিউদ্দিনের সঙ্গে। এদিকে প্রচারণার শুরু থেকে এখন পর্যন্ত দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার খান আবি শাহনুর হক বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নের লক্ষে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পারবো।

 




পটুয়াখালীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অটোরিকশা প্রতীকের এনামুল হক অপু ও ঘোড়া প্রতীকের আবদুল মালেক মিয়ার কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় একটি মোটরসাইকেল ও একটি চায়ের দোকানে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় উভয়পক্ষ একে অপরকে দায়ী করছেন।

বুধবার (৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ৪নং ওয়ার্ড মল্লিকডুবা বাজারে এ ঘটনা ঘটে।

অটোরিকশা প্রতীকের কর্মীরা জানান, তারা কয়েকজন মল্লিকডুবা বাজারে চায়ের দোকানে বসেছিলেন। হঠাৎ ঘোড়া প্রতীকের কর্মীরা মোটরসাইকেলে এসে তাদের এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলাকারীরা দোকান এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় তাদের ২ জন কর্মী আহত হয়েছে বলেও দাবি করেন।

অন্যদিকে ঘোড়া প্রতীকের কর্মীরা জানান, প্রচারণা শেষে তিনটি মোটরসাইকেলে তারা বাড়িতে ফিরছিলেন। মল্লিকডুবা বাজারে পৌঁছালেই অটোরিকশা প্রতীকের নেতাকর্মীরা তাদের হামলা করেন। এসময় কোনো মতে তারা নিজেদের আত্মরক্ষা করেন। তাদের একজন দৌড়ে চায়ের দোকানে ঢুকলে তাকে টেনেহিঁচড়ে বের করার সময় অটোরিকশার কর্মীরা দোকান ভাঙচুর করে। অটোরিকশার কর্মীরা অপরাধ আড়াল করতে নিজেরা নিজেদের মোটরসাইকেল ভাঙচুর করেছে। হামলায় তাদের তিনজন কর্মী আহত বলে দাবি করছেন তারা।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও, এসিল্যান্ড ও ওসির নেতৃত্বে পুলিশের একটি দল। তারা পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনীত কুমার গায়েন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি চায়ের দোকানে মালামাল এলোমেলো অবস্থায় দেখেছি। কেউ আহত হওয়ার কোনো তথ্য এখনো পাইনি। তবে কয়েকজনকে চর থাপ্পড় মারা হয়েছে এমন তথ্য আছে। এ বিষয়ে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে বাউফলের ইউএনও মো. বশির গাজী বলেন, রাতের ঘটনা তাই প্রত্যক্ষদর্শী কেউ নেই। উভয় প্রার্থীর কর্মী সমর্থকরা এলোমেলো কথা বলে। উভয়পক্ষ প্রতিপক্ষকে দায়ী করছে। থানা পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।




পটুয়াখালী পৌর নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে মেয়র প্রার্থীকে শোকজ

পটুয়াখালী পৌর নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে মেয়র প্রার্থীকে শোকজ

মো:আল-আমিন, পটুয়াখালী :

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালী পৌরসভার মেয়র প্রার্থী মহিউদ্দিন আহম্মেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। এতে চিঠি প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (৬ মার্চ) রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খানের সই করা নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচন পূর্ব সময়ে কোনো প্রকার মিছিল বা শোডাউন করা যাবে না। এই নির্দেশনা থাকা সত্ত্বেও আপনার কর্মী-সমর্থকরা গত ৫ মার্চ বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল ও শোডাউন করেছে। এমতাবস্থায় কেন আপনার প্রার্থিতা বাতিলের সুপারিশ করা হবে না, তার জবাব চিঠি প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে দেয়ার নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান জানান, মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিডিওসহ এসেছে। তাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নো‌টিশের জবাব সন্তোষজনক না হলে তার প্রার্থিতা বাতিলের জন্য সুপারিশ করা হবে।

উল্লেখ্য, আগামী শনিবার (৯ মার্চ) পটুয়াখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

 




গোপন আলোচনা ফাঁস : ক্রিমিয়া সেতুতে হামলার পেছনে জার্মানি

চন্দ্রদীপ ডেস্ক : ক্রিমিয়া সেতুতে হামলার পেছনে রয়েছে জার্মানি। ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর এ বন্ধুরাষ্ট্রের বিরুদ্ধে এবার এই বিস্ফোরক অভিযোগ আনল রাশিয়া। শুধু অভিযোগই নয়, জার্মানির বিমানবাহিনীর কর্মকর্তাদের মধ্যে গোপন আলোচনার অডিও ফাঁস করে এবার সে কথাই প্রমাণ করল রাশিয়া। গত কয়েক দিন ধরেই এ নিয়েই প্রবল বিতর্ক চলছে দেশ দুটিতে। সে আগুনে এবার ঘি ঢালল মস্কো। বিবিসি, আরটি।

শুক্রবার রাশিয়ার সোশ্যাল মিডিয়ায় জার্মান অফিসারদের আলোচনার ৩৮ মিনিটের একটি রেকর্ডিং পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে উচ্চপদস্থ জার্মান সামরিক কর্মকর্তারা টরাস ক্ষেপণাস্ত্র (৫০০ কিলোমিটার দূরে পৌঁছাতে পারে) দিয়ে রুশ অধিকৃত ক্রিমিয়ার সেতুতে হামলার পরিকল্পনা করার জন্য যুক্তরাজ্যের সাহায্য চাওয়ার বিষয়ে আলোচনা করতে শোনা যায়।

অডিওতে আরও শোনা যায়, জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ইউক্রেনে দূরপাল্লার টরাস ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে নির্দেশ দিয়েছেন। কিভাবে এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার কার্চ সেতুতে (ক্রিমিয়া সেতু) আঘাত হানা যায় সে বিষয়েও আলোচনা করছেন তারা। কর্মকর্তারা (এয়ার ফোর্স কমান্ডের অপারেশনস অ্যান্ড এক্সারসাইজ ডিপার্টমেন্টের প্রধান ফ্রাঙ্ক গ্রেফ, এয়ার ফোর্স ইনস্পেকটর ইঙ্গো গেরহার্টজ এবং স্পেস কমান্ডের এয়ার অপারেশন সেন্টারের দুই কর্মী) বলেছেন, ১০০টি এই ধরনের ক্ষেপণাস্ত্র দুটি ধাপে স্থানান্তর করা যেতে পারে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রেকর্ডিং থেকে পরিষ্কারভাবে এটাই প্রমাণিত হয় যে রাশিয়ার ভূখণ্ডে হামলার পরিকল্পনা নিয়ে বিশেষ আলোচনা চলছে। রাশিয়ার রাজনীতিবিদরা বলেছেন, এই অডিও প্রমাণ করে তাদের দেশের সব থেকে বড় শত্রু আগে থেকেই এই হামলার পরিকল্পনা করছিল। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি হেড দিমিত্রি মেদভেদেভ বলেছেন, আমাদের বহু পুরোনো শত্রু নতুন করে আবারও আমাদের শত্রুতে পরিণত হয়েছে। তার টেলিগ্রাম চ্যানেলে নাৎসি জার্মানির প্রতি ইঙ্গিত দিয়ে এ কথা বলেন।

তবে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ শুরুতে এ বিষটি অস্বীকার করলেও শনিবার বলেছেন, এটি খুবই গুরুতর একটি বিষয়। এ কারণে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বসহকারে দ্রুততার সঙ্গে তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ গোটা ঘটনার তদন্ত করছে বলেও জানিয়েছেন ওলাফ। যে কথোপকথন ফাঁস করা হয়েছে, তার মধ্যেও চালাকি করে কোনো পরিবর্তন আনা হয়েছে কিনা, সেই প্রশ্নও উঠছে দেশটিতে।

এদিকে জার্মানির এমন ষড়যন্ত্রের বিষয়টি প্রকাশ্যে চলে আসায় এ নিয়ে দেশটির কাছে যথাযথ ব্যাখ্যা জানতে চেয়েছেন রাশিয়া। রাশিয়ান সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, অডিও ফাঁসের পর সোমবার জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

২০১৪ সালে ক্রিমিয়া দখলে নেয় রাশিয়া। এরপর এ অঞ্চলের উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে আজভ সাগরের ওপর দিয়ে তৈরি করে কার্চ সেতু। ২০২২ সালের আগে এ সেতুটিই ছিল ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ায় বাকি অংশের যোগাযোগের একমাত্র মাধ্যম।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের শুরুর দিকে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রথম দিকে রাশিয়া তার বিশাল সেনাবাহিনীকে ইউক্রেনে পাঠাতে এই সেতু ব্যবহার করেছে। পরে ক্রিমিয়ার সঙ্গে ল্যান্ড করিডোর স্থাপিত হওয়ার পর থেকে সেনা মোতায়েনের জন্য এককভাবে আর এই সেতুর ওপর নির্ভর করতে হয়নি।




হিযবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে বিদেশি নিহত

চন্দ্রদীপ ডেস্ক : ইসরায়েলের উত্তরাঞ্চলে সোমবার হিযবুল্লাহর একটি ক্ষেপণাস্ত্র হামলায় একজন বিদেশি শ্রমিক নিহত এবং আরো সাতজন আহত হয়েছে। লেবাননের সীমান্তে কয়েক মাসের শত্রুতার মধ্যে সর্বশেষ হতাহতের ঘটনা এটি। চিকিৎসকদের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি প্রতিক্রিয়া পরিষেবা এক বিবৃতিতে বলেছে, বিদেশি শ্রমিকরা বাগানে কাজ করার সময় সেখানে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র আঘাত করে।

এতে একজন নিহত এবং কমপক্ষে সাতজন আহত হয়েছেন।

বিবৃতিতে আহতদের সবাইকে ৩০ থেকে ৩৯ বছর বয়সী ভারতীয় পুরুষ বলে চিহ্নিত করা হয়েছে। তবে নিহত ব্যক্তির জাতীয়তা উল্লেখ করা হয়নি।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে চালানো হামলায় বেশ কিছু বেসামরিক লোক আহত হয়েছে এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সীমান্তবর্তী ছোট কৃষি সম্প্রদায় মার্গালিওটের কাছে হামলাটি হয়েছে। তারা হামলার জবাবে লেবাননে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জায়গায় আঘাত করেছে বলেও জানিয়েছে।

এএফপি বলেছে, ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী এবং লেবানিজ গোষ্ঠীগুলো প্রতিদিন সংঘর্ষে জড়াচ্ছে। সংস্থাটির হিসাব অনুসারে, ইসরায়েল-লেবানন সীমান্তে লড়াইয়ের কারণে উভয় পক্ষের কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং লেবাননে কমপক্ষে ২৯৬ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই হিজবুল্লাহর যোদ্ধা।