ইসরাইলে অস্ত্র রফতানি বন্ধ করবে কানাডা

চন্দ্রদীপ ডেস্ক : ইসরাইলে অস্ত্র রফতানি বন্ধ করবে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন। এর এক দিন আগে ইসরাইলে অস্ত্র রফতানি বন্ধ করার ওপর কানাডার পার্লামেন্ট বাধ্যতামূলক নয়, এমন একটি প্রস্তাব পাস করে।

টরেন্টো স্টারকে জলি বলেন, ‘এটা বাস্তব বিষয়।’ তিনি ইঙ্গিত দেন যে এই পদক্ষেপ কেবল প্রতীকিই হবে না।
ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যকার সঙ্ঘাত নিরসনে দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাজ করার আহ্বানের বৃহত্তর লক্ষ্যের অংশ হিসেবে এই ভোটাভুটি হয়। কানাডা সরকারও দ্বিরাষ্ট্র সমাধান চায়।

মূল প্রস্তাবটি উত্থাপন করেছিল মাইনরিটি বামপন্থী নিউ ডেমোক্র্যাটসরা। তারা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টিকে ক্ষমতায় থাকতে সহায়তা করেছিল। কিন্তু তারা এখন মনে করছে যে ট্রুডো গাজায় ইসরাইল-হামাস যুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ করছে না।

গত সপ্তাহে কানাডা জানিয়েছিল, তারা ইসরাইলে জানুয়ারি থেকে অ-প্রাণঘাতী সামরিক রফতানি বন্ধ করে দিয়েছে। ট্রুডো ইসরাইলের আত্মরক্ষার অধিকারের বিষয়টি জোরালোভাবে ঘোষণা করলেও গাজায় সামরিক হামলার বিরুদ্ধে ক্রমবর্ধমান হারে সমালোচনামূলক ভূমিকা গ্রহণ করেছেন।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইয়েল কাটজ অস্ত্র রফতানি বন্ধের সিদ্ধান্তের জন্য কানাডার সমালোচনা করেছেন।

কানাডার পার্লামেন্টে আনা মূল প্রস্তাবে ইসরাইলে সকল ধরনের সামরিক পণ্য ও প্রযুক্তি রফতানি বন্ধ, অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের কাছে অবৈধ অস্ত্র হস্তান্তর বন্ধ করা এবং ৭ অক্টোবর হামাসের হাতে আটক সকল বন্দীর মুক্তির আহ্বান জানানো হয়েছি।

প্রস্তাবে কানাডাকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করার আহ্বানও জানানো হয়েছিল। তবে পরে নেপথ্য আলোচনায় দ্বি-রাষ্ট্র সমাধান হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।

সূত্র : টাইমস অব ইসরাইল




বরিশালে এসএম জাকিরের উপহারের ভ্যান পেয়ে হাসি ফুটেছে হতদরিদ্র ইসমাইলের মুখে

বরিশাল অফিস:: বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের হতদরিদ্র ইসমাইল হোসেন সিকদারকে ভ্যান প্রদান করে কর্মসংস্থানের ব্যাবস্থা করে দিয়েছেন সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরিনয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন।

মঙ্গলবার (১৯মার্চ) বিকেলে চরকাউয়া খেয়াঘাট এলাকায় সমাজসেবক এসএম জাকির হোসেন হতদরিদ্র ইসমাইলের হাতে ভ্যানটি তুলে দেয়। এসময় স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

নতুন ভ্যানটি পেয়ে অসহায় ইসমাইলের মুখে ফুটেছে তৃপ্তির হাসি। ইসমাইল হোসেন বলেন, এসএম জাকির হোসেন ভাইয়ের দেয়া নতুন ভ্যান পেয়ে আমি খুব খুশি। এখন আমি ভ্যান চালিয়ে সংসার চালাতে পারবো। আমি জাকির ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে বেশি বেশি করে মানুষের জন্য কাজ করার তৈফিক দান করেন।

অন্যদিকে বিকেলে চরকাউয়া এলাকার সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। এছাড়া চাঁদপুরা ইউনিয়নের হিজলতলা মৌলভিরহাট বাজারে সাধারন মানুষ ও ব্যবসায়ীদের সাথেও কুশল বিনিময় করেন তিনি। এসময় সকলকে সাথে নিয়ে বরিশাল সদর উপজেলাকে আধুনিক ও স্মার্ট উপজেলা গড়ার প্রতিশ্রুতি দেন এসএম জাকির হোসেন।

এর আগে চরকাউয়া সাতআনি মৃধা বাড়ি নিবাসী মোঃ মতিউর রহমানের মৃত্যুর খবর শুনে ছুটে যান এসএম জাকির হোসেন। জানাজায় উপস্থিত হয়ে তিনি মরহুমের পরিবারের খোঁজ খবর নেয়ার পাশাপাশি গভীর সমবেদনা জানান।




উজিরপুরে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় এমপি মেনন

বরিশাল অফিস:: বরিশাল জেলার উজিরপুরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কমরেড রাশেদ খাঁন মেনন।

১৯ মার্চ মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টায় উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ সিকদার বাচ্চুর সভাপতিত্বে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য অশোক কুমার হাওলাদার,উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন,

উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাবেক প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা সাবরেজিস্টার মোঃ ইমরান খান, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস,

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ শাহিনুর জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা গোলাম মাওলা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুব হোসেন হাওলাদার, মোঃ নজরুল ইসলাম মাঝি, আওরঙ্গজেব হাওলাদার, আঃ খালেক রাড়ী, বেবি রানী দাস, উপজেলা খাদ্য কর্মকর্তা শাহানা পারভীন, উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কমরেড রাশেদ খাঁন মেনন বলেন ,উপজেলার সকল দপ্তরের সমস্যা ও উন্নয়ন কার্যক্রমের বিষয়ে রেজুলেশনের মাধ্যমে লিপিবদ্ধ করে অগ্রাধিকার ভিক্তিতে বাস্তবায়ন করা হবে। প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের মাধ্যমে সমাধান করা হবে।




সাকিবের বিএনএমে যোগ দেওয়া নিয়ে যা বললেন ওবায়দুল কাদের 

চন্দ্রদ্বীপ ডেস্ক :  বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এ যোগ দিয়েছিলেন বলে বিভিন্ন পত্রিকায় খবর ও ছবি প্রকাশ হয়েছে। এ নিয়ে কোনো কিছু জানেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।




তৃতীয় বিশ্বযুদ্ধ মাত্র এক কদম দূরে: পুতিন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  নির্বাচনে জিতেই তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে পশ্চিমাদের সতর্ক করে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১৮ মার্চ) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, রাশিয়া-যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো জোটের মধ্যে সরাসরি সংঘাত মানে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পৃথিবী মাত্র এক কদম দূরে। তবে আমি নিশ্চিত কেউই নিশ্চয় এই যুদ্ধ দেখতে চায় না।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ১৯৬২ সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কের তীব্র সংকট শুরু হয়। মাঝে মধ্যেই পুতিন পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। কিন্তু তিনি এও বলেন, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা তিনি কখনো অনুভব করেননি।

তবে গত মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ভবিষ্যতে তিনি ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না। যদিও অনেক পশ্চিমা দেশ এটি চায়নি, তবে পূর্ব ইউরোপের কয়েকটি দেশ এতে সমর্থন দিয়েছে।

ম্যাক্রোঁর এ মন্তব্যের বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে ব্যঙ্গ করে পুতিন বলেছিলেন, আধুনিক যুগে সবকিছুই সম্ভব’। সবার কাছেই এটি পরিষ্কার যে পূর্ণ মাত্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে আর সামান্য বাকি। তবে আমি জানি কেউ এই দৃশ্য দেখতে চায় না। তাই আমি আশা করি, ম্যাক্রোঁ ইউক্রেন যুদ্ধ আরও উসকে দেওয়া থেকে বিরত থাকবেন ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমরা এরই মধ্যে ইউক্রেনে ন্যাটোর সামরিক কর্মীদের উপস্থিতির প্রমাণ পেয়েছি। রাশিয়া যুদ্ধক্ষেত্র থেকে ইংরেজ ও ফরাসি সেনাদের গ্রেফতার করেছে। এটা মোটেই ভালো কিছু না। যুদ্ধে ইউক্রেনের সৈন্যরা ছাড়াও এ ধরনের সেনারাও ব্যাপক সংখ্যায় প্রাণ হারাচ্ছেন।

এদিকে রাশিয়ার ১৫ থেকে ১৭ মার্চের নির্বাচনকে সামনে রেখে দু’দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হামলা জোরদার করে কিয়েভ। দফায় দফায় গোলাবর্ষণ ও বিমান হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে।

ইউক্রেনের এই হামলা নিয়ে পুতিন বলেছেন, যদি ইউক্রেনের হামলা অব্যাহত থাকে, তাহলে রাশিয়ার অঞ্চলগুলোকে রক্ষা করার জন্য ‘বাফার জোন’ বানাবেন তিনি। আমরা যখন উপযুক্ত মনে করবো, তখন কিয়েভ শাসনাধীন অঞ্চলগুলিতে একটি নির্দিষ্ট ‘স্যানিটারি প্রোটেকশন জোন’ তৈরি করতে বাধ্য হবো।

এদিকে রাশিয়ার নির্বাচন বৈধ না হওয়ার যে অভিযোগ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো করেছে, তা উড়িয়ে দিয়েছেন পুতিন। উলটো তামাশা করে বলেছেন, অধিকাংশ পশ্চিমা দেশের থেকে রাশিয়ার গণতন্ত্র বেশি স্বচ্ছ। এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ‘মেইল-ইন’ ভোটের মতো নয়। সেখানে ১০ ডলারের বিনিময়ে একটি ভোট কেনা যায়।

পুতিন আরও বলেন, যুক্তরাষ্ট্রে যা ঘটছে, তাতে সারা বিশ্ব হাসাহাসি করছে। এটা কেবল একটি বিপর্যয়, গণতন্ত্র নয়। ডোলান্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার রাষ্ট্রক্ষমতা ব্যবহার করছে। একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীকে চাপে রাখতে প্রশাসন ও বিচারব্যবস্থাসহ অন্যান্য বিষয়ের ব্যবহার করা কি গণতান্ত্রিক? মোটেই না।

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত তিনদিন ধরে ভোট গ্রহণ করা হয়। এতে পুতিনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা কোনো চ্যালেঞ্জ তৈরি করতে না পারায় নিরঙ্কুশ জয় পান তিনি। প্রায় ৮৭ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবারের মত দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন।

সূত্র: এনডিটিভি




উপজেলা পরিষদ নির্বাচন: গ্রামে গ্রামে প্রার্থীদের জনসংযোগ বাড়ছে

বরিশাল অফিস : : জানাজা, ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কিম্বা মাহফিলের প্রধান অতিথি হিসেবে গ্রামের সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হবার জোর প্রতিযোগিতা চলছে বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে। যদিও সাধারণ মানুষের এ নিয়ে খুব একটা ভাবান্তর নেই। এই নির্বাচন নিয়ে চা দোকানেও নেই কোনো আলোচনা। এমনকি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রশ্ন করার পর সোজা সরল উত্তর – পেটনীতি কইরা বাচিনা, উপজেলায় আর কি? জাতীয় নির্বাচনেইতো উপজেলা লেখা আছে। যানতো ভাই। এমন আচরণ চন্দ্রমোহন ও চাঁদপুরা ইউনিয়নের বাজারে।


আবার টুঙ্গিবাড়িয়া, শায়েস্তাবাদ, চরবাড়িয়া ও চরমোনাই এলাকার গ্রামের সাধারণ মানুষের মুখে এখন নির্বাচন মানেই চরম বিরক্তি। এ নিয়ে কথা বলতে আগ্রহ না থাকলেও সোমালিয়া থেকে বাংলাদেশের নাবিকরা উদ্ধার হয়েছে কিনা, পাকিস্তানের ইমরান খান সরকারে আসবে কিনা জানার আগ্রহ গ্রামবাসীর। কেউ কেউ আবার বাজারের দরে বিএনপির সিন্ডিকেট কীভাবে করলো, দেশে এতো আত্মহত্যা কেন হচ্ছে, জাহাঙ্গীর নগর ও জগন্নাথের আত্মহত্যা হইলো কেন? এমন অসংখ্য প্রশ্ন তোলেন গ্রামের অশিক্ষিত- অর্ধমূর্খ কৃষকেরা।

সরজমিন, বরিশাল সদর উপজেলার নির্বাচনী প্রস্তুতি ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া তুলে ধরার চেষ্টায় (১৮ মার্চ) শনিবার এমন পরিস্থিতিতে পরতে হয়েছিলো টুঙ্গিবাড়িয়ার লাহারহাট ও চন্দ্রমোহন ইউনিয়নের চন্দ্রমোহন বাজারে। বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান পদে এবার মনিরুল ইসলাম ছবি, মাহমুদুল হক খান মামুন, এসএম জাকির এবং মাহবুবুর রহমান মধু নামে চারজনের ব্যানার পোস্টার ও প্রচারণা চোখে পড়ে। কীর্তনখোলা নদী তীরবর্তী এলাকাসহ ওপারে ঝুলছে এসব ব্যানার পোস্টার।

বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নের ১৪৭টি গ্রামকে ঘীরে চেয়ারম্যান পদে এখন পর্যন্ত চারজনের প্রচারণা চোখে পড়ে। সকলের চেষ্টা এই উপজেলার প্রায় সোয়া দুই লক্ষ মানুষের দৃষ্টি আকর্ষণ করার। এদের মধ্যে ভোটার সংখ্যা রয়েছে প্রায় দুই লক্ষ। তবে ২০১১ সালের জনসংখ্যা পরিসংখ্যানে মোট লোকসংখ্যা ১,৯৮,৭৩৯ জন, পুরুষ ৯৭,৭৩২ জন, মহিলা ১,০১,০০৭ জন উল্লেখ রয়েছে। একই হিসেবে ভোটার সংখ্যা ১,২০,৫৮১ জন,পুরুষ ভোটার ৫৯,৪৫৫।

তবে আপডেট করা হলে এ সংখ্যা এখন দ্বিগুণ হবে বলে জানান জনপ্রতিনিধিরাই। এ অঞ্চলের বরাবরই নারী ভোটার বেশি। তাই জাতীয় বা স্থানীয় উভয় নির্বাচনেই নারীদের ভোট বেশি গুরুত্ব বহন করে বলে জানান ইউপি চেয়ারম্যানরা।


বরিশাল এক বা সদর আসনের ১০ ইউনিয়নের মধ্যে নদীর ওপারে চরকাউয়া, চাঁদপুরা, চরমোনাই, চন্দ্রমোহন এবং টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের প্রায় সব জনপ্রতিনিধি (চেয়ারম্যান) জানালেন, তারা নিজেদের এলাকার সড়ক ও ব্রীজের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাচ্ছেন না। অনেক সড়ক, ব্রীজ ও কালভার্টের কারণে মানুষের ভোগান্তি হচ্ছে। এগুলো নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও স্থানীয় সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এর কাছে ছুটোছুটি করছেন। তাই উপজেলা চেয়ারম্যান নিয়ে এখনই কিছু ভাবছেন না বলে জানান বেশিরভাগ চেয়ারম্যান।

 

তারা বলেন, এখনোতো তফশিল ঘোষণা হয়নি। যারা প্রচারণা চালাচ্ছেন তাদের অনেকেই হয়তো ততদিনে উইড্র হয়ে যাবেন বলে জানান টুঙ্গিবাড়িয়ার চেয়ারম্যান নাদিরা রহমান। তার এলাকায় বদিউল্লাহ, শালুকা ও চর কেউটিয়া গ্রামে ফুলতলা নদীর উপর তিনটি ব্রীজ নির্মাণের দাবীতে আন্দোলন করছে গ্রামবাসী। যা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন চেয়ারম্যান নাদিরা রহমান।

তিনি বলেন, যেহেতু সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক চর কেউটিয়াতে একটি ব্রীজের ঘোষণা দিয়েছেন, সেখানে একই ইউনিয়নে আরো দুটি ব্রীজ কি করে চাইবো?

এদিকে চরমোনাই ইউনিয়নের অভ্যন্তরীণ বেশিরভাগ গ্রামেই কোনো উন্নয়ন ছোঁয়া লাগেনি। যতটুকু উন্নয়ন তার সবটাই চরমোনাই মাহফিল ময়দান ও মাদ্রাসা এলাকায়। আশেপাশের গ্রামগুলোতে এখনো মাটির সড়ক চোখে পড়ে

 

চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক অবশ্য চারজন প্রার্থীকেই সময় দিয়েছেন দাবী করে বলেন, মনিরুল ইসলাম ছবি সাংগঠনিক ভাবে শক্তিশালী, আবার এসএম জাকির যখন এসেছেন তখন ইউনিয়ন পরিষদের সব সদস্যরা উপস্থিত ছিলেন। আবার মাহমুদুল হক খান মামুন এসেছিলেন একটি ক্রিড়া প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে। এলাকার মানুষের সাথে আমিও ছিলাম সেখানে।

চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন বললেন, বরিশাল ৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এর নির্দেশনার জন্য আমরা অপেক্ষা করছি। চাঁদপুরা ইউনিয়ন বাসী জাহিদ ফারুকের সমর্থন যেদিকে সেদিকেই তারা থাকবে বলে জানান চেয়ারম্যান জাহিদ হোসেন।


চরকাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি নিজেই সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরপর চারবারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অত্যন্ত দক্ষতার সাথে তিনি নিজেকে গুছিয়ে নেয়ার চেষ্টা করছেন বলে জানান মনিরুল ইসলাম ছবি। তিনি বলেন, সাংগঠনিক ভাবে আমার অবস্থান প্রচণ্ড শক্ত রয়েছে। তাই মানুষের ভোটও আমি পাবো।

এদিক দিয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসী সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু। লাহারহাটের গ্রামে প্রচারণারত মধুর দাবী ১০ ইউনিয়নের ১৪৭টি গ্রামের প্রতিটি ঘরে আমি গিয়েছি। যতটুকু পেরেছি ততটুকু সেবা দেয়ার চেষ্টা করেছি। তারপরও সংবাদমাধ্যমগুলোতে অনেকের নাম লেখা হয়, আমার নাম লেখা হয়না।

তিনি অভিযোগ তুলে বলেন, সাংবাদিকরাতো সবাই জাকিরের লোক। কেউ কেউ অবশ্য প্রতিমন্ত্রীর সমর্থন যেদিকে সেদিকে থাকবেন। তারউপর খান মামুন এর অঢেল টাকাও রয়েছে। তিনি তা দিয়ে দান দক্ষিণা করে প্রচারণা চালাচ্ছেন বলে জানান মধু। তিনি আরো বলেন, দৈনিক মতবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এসএম জাকিরতো শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হবার সুযোগে সাংবাদিকদের বড় একটা অংশের সুনজরে রয়েছেন। যে কারণে তার নিজের পত্রিকাসহ অনেক পত্রিকার প্রভাব বিস্তার হচ্ছে ইউনিয়ন পর্যায়ের ব্যবসায়ী ও ইউপি সদস্য মহলে। তাই তার জনসভায় সব চেয়ারম্যান মেম্বার উপস্থিত থাকতে বাধ্য হয় বলে জানালেন ভাইস চেয়ারম্যান মাহবুবর রহমান মধু।

যদিও এ অভিযোগ অস্বীকার করে সাবেক কাউন্সিলর এসএম জাকির বলেন, মানুষেরা জানেন আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। আমাকে ভোট দিলে কারো প্রতারিত হবার ভয় নেই। আমি দুই লক্ষ ভোটারের চাহিদা অনুযায়ী কাজ করবো বলে জানান এসএম জাকির।

অন্যদিকে প্রকাশ্যে প্রতিমন্ত্রীর ছবি সমেত ব্যানার পোস্টার ঝুলিয়ে প্রচারণা চালাচ্ছেন মাহমুদুল হক খান মামুন এবং মধু দুজনেই। এই দুজনের মধ্যে খান মামুন প্রচার প্রচারণায় এবং প্রতিটি ইউনিয়নের স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসার উন্নয়নে, ক্রিড়া ও সাংস্কৃতিক আয়োজনে অবদান রাখছেন। এপারে কাশীপুর, কড়াপুর, চরবাড়িয়া ও শায়েস্তাবাদের প্রতিটি সড়কের মোড়ে মাহমুদুল হক খান মামুন এর ব্যানার পোস্টার লক্ষ করা গেছে। যা তাকে স্থানীয়ভাবে আলোচিত করে তুলছে। তার সম্পর্কে লোকেরা জানান, ত্যাগী নেতা তিনি। রাজনৈতিক জীবনে দল থেকে প্রাপ্তির খাতা শূন্য হলেও জনগণের কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছেন তিনি।

বরিশালের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলেন, এরশাদ বিরোধী আন্দোলনসহ তৎপরবর্তী প্রায় সব আন্দোলন সংগ্রামে মাহমুদুল হক খান মামুন এর ভুমিকা সবচেয়ে প্রশংসনীয় ছিল। তার কারণেই বরিশালের রাজনৈতিক যে পরিবর্তন তা চাক্ষুষ হচ্ছে। অথচ এই মানুষটি বঞ্চিত থেকে গেলেন সবসময়।


তবে বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, কোনো পদপদবি মোহে নয়, সাধারণ মানুষের জন্য কিছু করা, তাদের বিপদে এগিয়ে আসা, ছোটখাটো উপকার এসব আমরা পারিবারিক ভাবেই করছি। কারণ বংশপরম্পরায় আমরা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমার বাবা প্রয়াত শামসুল হক এই বরিশালের ডিস্ট্রিক্ট কালেক্টর ছিলেন। কতশত মানুষের ঠিকানা দিয়েছেন তিনি এই বরিশালে আমার বড় ভাই শহীদুল্লাহ আওয়ামী লীগ করতেন। ১৯৮১ সাল থেকে আমি বিএম কলেজে ছাত্রলীগের ভিপি ছিলাম। তিল তিল করে আজকের এই অবস্থানে এসেছি। যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে আছি। জেল খেটেছি। ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে চেষ্টা করেছিলাম। দল থেকে মনোনয়ন পাইনি। এবার কেন্দ্রীয় সহ স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা করছি। এভাবে হলেও বরিশালবাসীর সেবা করার একটা সুযোগতো পাবো। আশাকরি গ্রামবাসী আমাকে সে সুযোগ দেবেন বলে জানান খান মামুন।

আগামী ৪ মে বরিশাল সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবার সমূহ সম্ভাবনা রয়েছে বলে জানালেন বরিশালের নির্বাচন পরিচালনা কর্মকর্তাওয়াহিদুজ্জামান মুন্সি। তিনি বলেন, ৪ মে থেকে ২৫ মে সারাদেশের উপজেলা নির্বাচন সম্পন্ন করতে হবে। সেই ধারাবাহিকতায় বরিশালে প্রথম পর্যায়ে নির্বাচন অনুষ্ঠান হবে বলে জানান তিনি।




পুতিনের নিরঙ্কুশ বিজয়: ‘এ জয় রাশিয়াকে আরও শক্তিশালী করবে ‘

চন্দ্রদীপ ডেস্ক : টানা তিন দিনের নির্বাচন শেষে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পথে বিশাল জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। প্রাথমিক ফলাফলের তথ্যে দেখা যায়, পুতিন প্রায় ৮৮ শতাংশ ভোট পেয়েছেন। খবর রয়টার্সের।

রোববার (১৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, সোভিয়েত ইউনিয়ন পরবর্তী যুগে এটি রেকর্ড। এতে করে ৭১ বছর বয়সী রাশিয়ার এই নেতার আরও ছয় বছর ক্ষমতায় থাকা পাকাপোক্ত হল। ১৯৯৯ সাল থেকে তিনি ক্ষমতায় রয়েছেন।

ভোটের দিন দেশটির বিভিন্ন অংশে পুতিন বিরোধী বিক্ষোভের মধ্যেও তার অন্য তিন প্রতিযোগীর কারও ভোটের হার দুই অঙ্কের কোটায় পৌঁছেনি। তারা কেউ ৪ শতাংশের বেশি ভোট পাননি।

শুক্রবার শুরু হওয়া ভোটের প্রাথমিক ফলাফল রোববার প্রকাশ করা হয়। বুথ ফেরত সমীক্ষার বরাতেও পুতিন বিপুল ভোটে বিজয়ী হবেন বলে জানিয়েছিল রয়টার্স।

পরে প্রাথমিক ফলাফলে দেখা যায়, প্রেসিডেন্ট নির্বাচনে ৩০ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে পুতিন ৮৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হন। এতে করে ২০০ বছরের মধ্যে পুতিন রাশিয়ার সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা নেতা হতে যাচ্ছেন। এরমধ্যে দিয়ে জোসেফ স্ট্যালিনকেও ছাড়িয়ে যাবেন।

টানা দু’বারের বেশি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর জন্য ২০২১ সালেই আইন পরিবর্তন করেছিলেন পুতিন। এবার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন পুতিন।




লালমোহনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

বরিশাল অফিস::  ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনবো হাসি সবার ঘরে’এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

রোববার সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত জাতির জনকের ম্যুরালে উপজেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দফতর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মেছেন বলেই বাঙালি জাতি পেয়েছে স্বাধীন রাষ্ট্র। তিনি ছিলেন বিশ্বের শোষিত মানুষের কণ্ঠস্বর। তিনি চিরকাল অমর হয়ে থাকবেন বাঙালি জাতির হৃদয়ে।

অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার এবং ওসি এসএম মাহবুব উল আলম প্রমুখ।




সুযোগ পেলে আধুনিক ও স্মার্ট সদর উপজেলা গড়তে চাই : এসএম জাকির হোসেন

বরিশাল অফিস:: বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে গণসংযোগ করেছেন সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।

রবিবার (১৭মার্চ) বিকেলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কুশলবিনিময়কালে সকলকে নিয়ে বরিশাল সদরের উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন এসএম জাকির হোসেন।

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী এস এম জাকির হোসেন এ সময় বলেন, জনপ্রতিনিধিদের সাথে যদি জনগণের দূরত্ব বেড়ে যায় তাহলে উন্নয়ন সম্ভব না। আমি আপনাদের কথা দিচ্ছি আমি সাধারণ মানুষের জনপ্রতিনিধি হবো। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোরগ্যাংমুক্ত আধুনিক ও স্মার্ট সদর উপজেলা গড়বো।

সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় কালে শায়েস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না, আওয়ামী লীগ নেতা আবু আল মাসুদ মামুন, বরিশাল মহানগর ১৬ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি, শায়েস্তাবাদ ইউনিয়নের ইউপি সদস্য রিয়াজ উদ্দিন খান (স্বপন), নারী ইউপি সদস্য কাজল বেগম, দেলোয়ার হোসেন হাওলাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।




আমি নির্বাচিত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে, হুঁশিয়ারি ট্রাম্পের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন’ হতে চলেছে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন। শনিবার (১৬ মার্চ) ওহিওর এক জনসভায় এ কথা বলেছেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চলা রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এসময় প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে দেশটির ইতিহাসে ‘সবচেয়ে বাজে প্রেসিডেন্ট’ বলেও মন্তব্য করেছেন তিনি।

সাবেক প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি পুনর্নির্বাচিত না হলে দেশটিতে রক্তগঙ্গা বয়ে যাবে। যদিও ঠিক কোন বিষয়ে ইঙ্গিত করে এ কথা বলেছেন, তা স্পষ্ট নয়।

ট্রাম্প বলেন, ৫ নভেম্বর তারিখটা মনে রাখবেন। আমার বিশ্বাস, এটি আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে।

মেক্সিকোয় গাড়ি তৈরি করে সেগুলো যুক্তরাষ্ট্রে বিক্রির বিষয়ে চীনের পরিকল্পনার কথা উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট বলেন, আমি পুনর্নির্বাচিত হলে ওরা ওই গাড়িগুলো বিক্রি করতে পারবে না। এখন আমি যদি নির্বাচিত না হই, তাহলে রক্তগঙ্গা বইবে। অন্তত এটুকু হবে, দেশে রক্তগঙ্গা বইবে। কিন্তু ওরা ওই গাড়িগুলো বিক্রি করতে পারবে না।

ট্রাম্পের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। বাইডেনের প্রচারণা দলের পক্ষ থেকেও এর তীব্র সমালোচনা করা হয়েছে।

২০২১ সালে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার দিকে ইঙ্গিত করে ডেমোক্র্যাট শিবির বলেছে, তিনি আরেকটি ৬ জানুয়ারি দেখতে চান। কিন্তু মার্কিন জনগণ আগামী নভেম্বরে তাকে আবারও নির্বাচনী পরাজয় দিতে চলেছে। কারণ তারা তার চরমপন্থা, সহিংসতার প্রতি ভালোবাসা এবং প্রতিশোধের নেশা প্রত্যাখ্যান করছে।

পরে বাইডেন নিজেও এ বিষয়ে মুখ খুলেছেন। ওয়াশিংটনে এক নৈশভোজে তিনি বলেছেন, স্বাধীনতা আক্রমণের মুখে রয়েছে… ২০২০ সালের নির্বাচন সম্পর্কে মিথ্যাচার, এর ফলাফল পাল্টে দেওয়ার চক্রান্ত, ৬ জানুয়ারির দাঙ্গা আমেরিকান গৃহযুদ্ধের পর থেকে আমাদের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ২০২০ সালে ওরা ব্যর্থ হয়েছিল, কিন্তু হুমকি রয়ে গেছে।

সূত্র: এএফপি, এনডিটিভি