ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের

চন্দ্রদ্বীপ ডেস্ক : মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসলেও, তাদের ভিসা নীতিসহ কোনো ইস্যুকেই আমরা কেয়ার করি না। তিনি কোনো মন্ত্রীও নন, তাকে নিয়ে এত মাতামাতি কেন? তাকে আমরা নিমন্ত্রণ করে আনছি না, তারা তাদের বিভিন্ন প্রয়োজনে এদেশে আসেন। সম্পর্ক থাকলে আসতে হয়।
বিএনপি তাদের সমমনাদের সঙ্গে বৈঠকে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে জোর দিয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধালণ সম্পাদক বলেন, ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন তাদের ব্যর্থ চেষ্টা। বিএনপি’র কোন নেতাই ভারতীয় পণ্য বর্জন করবে না।
তিনি বলেন, কিছুদিন আগে টেস্ট কেস দেখলাম। এটা কি সম্ভব! ভারতীয় মসলা ছাড়া কি চলে! শাড়িসহ আরো অনেক নিত্য প্রয়োজনীয় পণ্য আছে আনতে হয়। আমার মনে হয়, এটা বিএনপি’র উদ্ভট চিন্তা, ব্যর্থ চেষ্টা। আসলে সব হারিয়ে বিএনপি এখন খড়কুটো ধরে বাঁচতে চায়। তাদের কোন ইস্যু নেই। এখন ভারতীয় পণ্যকে ইস্যু করে নিয়েছে। বাংলাদেশের কাছে এটা নন ইস্যু।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ও সমমনাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। সম্প্রতি ঢাকায় তাদের দুটি সমাবেশও ফ্লপ হয়েছে। তাদের কর্মীরা হতাশ, তারা তাদের নেতাদের ওপর আস্থা হারিয়ে ফেলেছে।
মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এটি বাস্তব-সম্মত নয়। পৃথিবীর কোন দেশেই মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আরোপের  নজির নেই। প্রতিবেশী দেশে ৫ শতাংশ পর্যন্ত নজির আছে। বাংলাদেশে এর যৌক্তিকতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেবে দেখবেন বলে জানিয়েছেন।

ঢাকায় গণপরিবহনে লক্কর ঝক্কর বাস অপসারণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, চলাচলে অযোগ্য লক্কর ঝক্কর বাসগুলো ডাম্পিং করা হবে। তবে সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে যেগুলো একরকম চলে সেগুলো এখনই ডাম্পিং নয়।

ইলেকট্রিক বাস আমদানি নিয়ে সেতুমন্ত্রী বলেন, ইলেকট্রিক বাসের কথা আমরা বিবেচনা করছি। ইলেকট্রিক যানবাহন ব্যবহারকে উৎসাহিত করার আগ্রহ আছে সরকারের।




বানারীপাড়ায় হেভিওয়েট তিন প্রার্থী

বরিশাল অফিস :: আগামী ৫ জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতার জন্য মাঠ চষে বেড়াচ্ছেন একই কমিটির নেতৃত্বস্থানীয় তিনজন হেভিওয়েট প্রার্থী।

তারা হলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জিয়াউল হক মিন্টু।

দিন-রাত একাকার করে প্রার্থী ও তাদের সমর্থকরা চষে বেড়াচ্ছেন উপজেলার প্রত্যন্ত অঞ্চল। চেয়ারম্যান পদে হেভিওয়েটের তিন প্রার্থীর প্রচারনাই এখন তুঙ্গে। তিনজন প্রার্থী অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী ওয়ার্ড কমিটি ও সেন্টার কমিটি গঠণ প্রক্রিয়া প্রায় শেষের পথে বলেও জানিয়েছেন ওই তিন চেয়ারম্যান প্রার্থী।

তবে নির্বাচনের দিনযতোই ঘনিয়ে আসছে, সুষ্ঠু ভোট নিয়ে সাধারণ ভোটারদের মাঝে শঙ্কা বাড়ছে। কারণ একই দলের একই কমিটির তিনজন হেভিওয়েট প্রার্থী হওয়ায় যেকোন সময় বড়ধরনের সংঘাতের আশঙ্কা করছেন সাধারণ ভোটাররা।

 




বরিশাল জেলার উপজেলা নির্বাচন বৃষ্টিও থামাতে পারছেনা প্রার্থীদের

বরিশাল অফিস :: গত কয়েকদিনের বৈরি আবহাওয়ায় কখনও গুড়ি গুড়ি আবার কখনও মুষলধারের বৃষ্টি থামাতে পারছেনা বরিশাল জেলার মুলাদী, বাবুগঞ্জ, হিজলা, বানারীপাড়া, উজিরপুর, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করা চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান ও তাদের সমর্থকদের।

সদ্য সমাপ্ত প্রথমধাপের নির্বাচনের ন্যায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও নির্বাচন কমিশনের স্বচ্ছতায় অনেকটা স্বস্তি ফিরেছে অধিকাংশ প্রার্থীদের মাঝে। তবে এরমধ্যে কয়েকটি উপজেলার কতিপয় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ইতোমধ্যে প্রভাব বিস্তারসহ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একাধিক অভিযোগও উঠেছে। পাশাপাশি রয়েছে প্রতিদ্বন্ধী প্রার্থীদের বিরুদ্ধে পাল্টা পাল্টি অভিযোগ।

বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে দ্বিতীয়ধাপের নির্বাচনে নদীবেষ্টিত মুলাদী উপজেলা পরিষদের দোয়াত-কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের ক্লিনইমেজের সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দীন খসরু ও তার সমর্থকরা প্রচার-প্রচারনার পাশাপাশি দিন-রাত একাকার করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলছেন। দোয়াত-কলম মার্কার সমর্থনে প্রায় শতাধিক টিম পুরো উপজেলাজুড়ে গণসংযোগ, প্রচার-প্রচারনা ও উঠান বৈঠকের মাধ্যমে পরিবর্তনের পক্ষে গণজোয়ার তৈরি করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।

চেয়ারম্যান প্রার্থী জহির উদ্দীন খসরু অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্ধী প্রার্থীর পক্ষে বহিরাগত চিহ্নিত সন্ত্রাসীরা নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, তারপক্ষে গণজোয়ার দেখে প্রতিদ্বন্ধী প্রার্থী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র শুরু করেছে।

সরেজমিনে সাধারণ ভোটারদের সাথে আলাপকালে তারা বলেন, আমরা এবার পরিবর্তনের পক্ষে একজোট হয়ে মাঠে নেমেছি। সুষ্ঠভাবে ভোট দিতে পারলে দোয়াত-কলম মার্কা বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হবে। তারা আরও বলেন, নদীবেষ্টিত উপজেলা হওয়ায় মুলাদীর জনবিচ্ছিন্ন অনেক ইউনিয়নে বহিরাগত লোকজনের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। তারা একজন প্রার্থীর পক্ষালম্বন করে সাধারণ ভোটারদের বিভিন্নধরনের হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। তাই বহিরাগত ও বিশেষ ওই প্রার্থীর বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। গত কয়েকদিনের বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে প্রচার-প্রচারনা, গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রেখেছেন দোয়াত-কলম মার্কার প্রার্থী জহির উদ্দীন খসরু।

তার প্রতিটি উঠান বৈঠক জনসভায় রূপ নিচ্ছে। ওই উপজেলায় দোয়াত-কলম প্রতীকের সাথে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠুর আনারস মার্কার প্রতিদ্বন্ধীতা হওয়ার আভাস পাওয়া গেছে।

একইভাবে কয়েকদিনের বৃষ্টিকে উপেক্ষা করে দ্বিতীয়ধাপের হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি মাছ মার্কার চেয়ারম্যান প্রার্থী সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালীর একমাত্র ছেলে নজরুল ইসলাম রাজু ঢালী ও তার সমর্থকরা প্রচার-প্রচারনা, গণসংযোগ এবং উঠান বৈঠক অব্যাহত রেখে পুরো উপজেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।

বৃষ্টিকে উপেক্ষা করে বাবুগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান ফারজানা বিনতে ওহাব ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মৌরিন আক্তার আশা আহম্মেদ ভোটারদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষার জন্য ছুটে চলেছেন। জেলার অন্যান্য উপজেলার প্রার্থীরাও তাদের প্রচার-প্রচারনা অব্যাহত রেখেছেন।

 




শো-ডাউন ও মিছিল দেয়ায়- দুমকিতে চেয়ারম্যান প্রার্থী মাল্টার চার কর্মী সমর্থকের জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি :: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পটুয়াখালীর দুমকিতে কাপপিরিচ প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো: কাওসার আমিন হাওলাদারের চারজন কর্মী-সমর্থককে ১১হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আরো পড়ুন : দুমকী উপজেলা নির্বাচন আনারস প্রতীক পেলেন অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান

সোমবার বেলা সাড়ে ১২টায় মোটরসাইকেল মহড়া ও স্লোগান দিয়ে লেবুখালীর পাগলা পায়রা পয়েন্ট অতিক্রম করে পটুয়াখালী যাওয়ার পথে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের আটক করে এসব জরিমানা আদায় করে ছেড়ে দেন।

উপজেলার সহকারি রিটার্নিং অফিসার ও নির্বাহি মেজিষ্ট্রেট (ইউএনও) মো: শাহীন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের দায়ে কাপপিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: কাওসার আমিন হাওলাদারের চার কর্মী-সমর্থককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।




দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

পটুয়াখালী প্রতিনিধি :: আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে পটুয়াখালীর দুমকির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দুমকিতে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

নির্বাচন কমিশন জারিকৃত পরিপত্র অনুযায়ী ১৩ মে (সোমবার) দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার। দুমকি উপজেলায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মেহেদী হাসান মিজান (আনারস), হারুন- অর- রশীদ হাওলাদার (মোটর সাইকেল), মোঃ শাহজাহান শিকদার(দোয়াত কলম), মোহাম্মদ রুহুল আমিন(ঘোড়া), কাওসার আমিন হাওলাদার( কাপ পিরিচ) ।

আরো পড়ুন : দুমকী উপজেলা নির্বাচন আনারস প্রতীক পেলেন অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান

ভাইস-চেয়ারম্যান পদে মোঃ মাইনুল ইসলাম রুবেল (টিউবওয়েল), মোহাম্মদ আবদুর রশিদ (বই), মোঃ রেজাউল হক রাজন (চশমা)ও মোঃ মিজানুর রহমান (তালা ) প্রতীক পেয়েছেন।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে, নাজমুন নাহার শিরীন (হাঁস), মোসা: শিরিন আক্তার (ফুটবল ) ও রেজোয়ানা হিমেল (কলস) প্রতীক পেয়েছেন।

উল্লেখ্য আগামী ২৯ মে দুমকি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।




দুমকী উপজেলা নির্বাচন আনারস প্রতীক পেলেন অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক পেয়েছেন অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিলে তিনি তাঁর প্রত্যাশিত আনারস প্রতীক পান।

সোমবার (১৩ মে) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার এ প্রতীক বরাদ্দ করেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীর মধ্যে মাওলানা রুহুল আমিন ঘোড়া, হারুন অর রশীদ হাওলাদার মোটরসাইকেল, শাহজাহান শিকদার দোয়াতকলম ও মাল্টা কাওসার কাপপিরিস প্রতীক বরাদ্দ পেয়েছেন।

 

এরপর শুরু হবে নির্বাচনী প্রচারণা। আইন অনুযায়ী, ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচার। আগামী ২৯ মে এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছিলেন, তৃতীয় ধাপে চেয়াম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬১৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪০০ জন; মোট ১৫৮৮ জন প্রার্থী মোনয়নপত্র দাখিল করেছেন।




দুমকী উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধি ভঙ্গের অভিযোগে মাল্টা কাওসারকে শোকজ

পটুয়াখালী প্রতিনিধি :: আচরণবিধি লংঘনের অভিযোগে পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওসার আমিন হাওলাদারকে শোকজ করেছেন নির্বাচন কমিশন।

জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার শনিবার শোকজের কথা নিশ্চিত করে জানান ৭ তারিখ কাওসার আমিনকে লোকজ করা হয়েছে।

আরো পড়ুন : রাজস্ব আয় বৃদ্ধি হলেই রাষ্ট্রের উন্নয়ন সমৃদ্ধি হবে – পটুয়াখালী জেলা প্রশাসক

দীর্ঘদিন মাল্টা থাকায় মাল্টা কাওসার নামে পরিচিত এই প্রার্থী এবারে দুমকী উপজেলা নির্বাচনে পেশি শক্তি ও অর্থ খরচ করে আলোচনা -সমালোচনার জন্ম দিয়েছেন।

এর আগে দুমকী থেকে চরগরবদী ফেরীঘাট পর্যন্ত মাল্টা কাওসারের অবৈধ নির্বাচনী ক্যাম্প ভেংগে দেয় উপজেলা প্রশাসন।




রাঙ্গাবালীতে চেয়ারম্যান পদে ৪ জনসহ ১১ জনের মনোনয়ন দাখিল

পটুয়াখালী প্রতিনিধি :: আগামী ৫ জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন।

বৃহস্পতিবার অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ দিন পটুয়াখালী অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু. সাইদুজ্জামান মামুন, আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ রাশেদ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য আরিফ বিন ইসলাম।

আরো পড়ুন : হত্যা মামলার আসামি বাবা-ছেলে গ্রেপ্তার

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন শোভন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রওশন মৃধা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রবিউল হাসান।

এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাতোয়ারা লিপি, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফেরদৌসী পারভীন ও নারগিস পারভীন।

আগামী ১২ মে মনোনয়ন বাছাই, মনোনয়নপত্র বাছাইয়ের রিটানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে এবং প্রতীক বরাদ্দ ২০ মে।




বিএনপি নেতার বাড়িতে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ স্টিকার ভাইরাল

পটুয়াখালী প্রতিনিধি :: বিএনপি নেতার বাড়িতে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ স্টিকার ভাইরাল

পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতার বাসার গেইটে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ স্টিকার সাঁটিয়ে আলোচনায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেলিন।

বিষয়টা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা করছে সব শ্রেণি-পেশার মানুষ। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ওই গেটের ছবি ভাইরাল হয়েছে।

আরো পড়ুন : পটুয়াখালীতে স্ত্রী চলে যাওয়ায় ফাঁস নিলেন স্বামী

বিএনপি নেতা সামুয়েল আহমেদ লেলিন জানায়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তার দল বিএনপি সরকারের পাতানো নির্বাচনের ভোট বর্জন করেছে। কিন্তু এখানে উপজেলা নির্বাচন উপলক্ষে নিয়মিত বাসায় প্রার্থীদের সমর্থকরা ভিড় জমাচ্ছে। তাই আমি এই পন্থা অবলম্বন করেছি। বিএনপি নীতিগতভাবে এই সরকারের আমলে সব নির্বাচন বর্জন করেছে। এটা আমার প্রতিবাদের মাধ্যম। খুব দ্রুতই এই সরকারের পতন ঘটানোর জন্য বড় আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানান বাউফল উপজেলার এই বিএনপি নেতা।

পটুয়াখালী জেলার আটটি উপজেলায় এবার তিনধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বাউফল উপজেলায় ২য় ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২১ মে।




পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে বৈধ প্রার্থী যারা

পটুয়াখালী প্রতিনিধি :: ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪’র ৩য় ধাপে ২৯শে মে অনুষ্ঠিতব্য পটুয়াখালী সদর উপজেলায় যাচাই-বাছাইতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৮ জন প্রার্থী বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন– বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম সরোয়ার, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির খান ও সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা মো. রেজাউল করিম সোয়েব।

ভাইস চেয়ারম্যান পদে মো. আফজাল হোসেন, মো. হাসান সিকদার, চিন্ময় বণিক, সাইদুর রহমান, মো. ফারুক হোসাইন, মো. শহিদুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন দুলাল, মো. আনিচুর রহমান, মো. সালাউদ্দিন হীরা, ও মো. কামরুল ইসলাম।

আরো পড়ুন : ধর্ষণের পর হত্যা, ঝুলিয়ে রাখা হয় লাশ, গ্রেপ্তার যুবক

মহিলা ভাইস চেয়ারম্যান পদে– বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সোহানা হোসেন মিকি, মোসা. নাসিমা আক্তার, কামরুন নাহার শিমুল ও মোসা. ফৌজিয়া ইয়াসমিন।

প্রতীক প্রাপ্তির আগেই প্রার্থীরা গণসংযোগ করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোটও চাচ্ছেন।