যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে আ.লীগ প্রস্তুত: কাদের

 

বরিশাল অফিস :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, উন্নয়ন বিরোধী, গণতন্ত্র বিরোধীসহ যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে তেজগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমন্বয় সভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা দেশবাসী জনগণকে কোনো রকম গুজবে কান না দেয়ার জন্য আহবান জানাবো। সন্ত্রাস, মাদকের মতো গুজব আপনার সন্তানকে সর্বনাশের দিকে ঠেলে দিতে পারে। কাজেই এই গুজব প্রতিরোধ করতে হবে।

বিএনপি বেছে বেছে চিহ্নিত সন্ত্রাসীদের পদায়ন করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই হামলা পরিচালনার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে। কোথায় গিয়ে হামলা চালাবে, কোথায় কারা পেছন থেকে সহযোগিতা করবে সবকিছু আগে থেকেই নীল নকশা প্রস্তুত করেছিল। মির্জা ফখরুল সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আবারও উসকানি দিচ্ছে।

কেউ আগুন নিয়ে খেলবেন না, দায়িত্বশীল আচরণ করুন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খুনি তারেক জিয়াকে লন্ডন থেকে এনে বাংলাদেশের ক্ষমতার মঞ্চে বসানোর নীল নকশার রাজনীতি আজকে জাতির সামনে উম্মোচিত হয়ে গেছে। বাংলাদেশের জনগণ দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

 




বিএনপি কোটা ইস্যুকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দিতে চায় : কাদের

বরিশাল অফিস :: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটাবিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন। অথচ বিএনপি ও তার দোসররা এ আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। রবিবার (১৪ জুলাই) এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

বিবৃতিতে শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন নিয়ে বিএনপিসহ একটি চিহ্নিত মহলের ষড়যন্ত্র ও অপকৌশলের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, কোটাবিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন। অথচ বিএনপি ও তার দোসররা এ আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। কোটাবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিএনপি নেতরা বক্তৃতা-বিবৃতির মাধ্যমে উসকানি দিচ্ছে।

তিনি আরও বলেন, সরকার একটি অরাজনৈতিক আন্দোলনকে কেন রাজনৈতিকভাবে মোকাবিলা করবে? কোটাবিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার কোনো ইচ্ছা সরকারের নেই। ইতোপূর্বে বিএনপি ও তার দোসররা সব আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তারা শিক্ষার্থীদের এই কোটাবিরোধী আন্দোলনের ওপর ভর করছে এবং এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানিয়েছি। সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। এখানে সরকারের কিছু করার নেই। তাই কারও উসকানিতে পড়ে সরকারবিরোধী বক্তব্য না দিয়ে, জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিতে তিনি বলেন, দেশের মানুষের যৌক্তিক দাবির প্রতি আওয়ামী লীগ সর্বদা আন্তরিক। কোনো যৌক্তিক দাবিই কখনই আওয়ামী লীগের কাছে উপেক্ষিত হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি জনকল্যাণকর উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের পুনরায় আহ্বান জানাবো, ডিজিটাল বাংলাদেশের রূপকার, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ওপর আস্থা রাখার জন্য।’




ত্রাণ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট – এবার পর্নোগ্রাফি আইনে মামলা

পটুয়াখালী প্রতিনিধি :: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অপপ্রচারের অভিযোগে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিব্বুর রহমান এমপি’র ছবি, ভিডিও সুপার এডিট করে প্রতিমন্ত্রীর সাথে অজ্ঞাতনামা এক ব্যক্তির ম্যাসঞ্জোরে কথোপকথন সুপার এডিট করে তাঁর সম্মানহানী করার জন্য একটি পর্নো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করার অপরাধে এবার পটুয়াখালীর কলাপাড়ায় পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৪) জুলাই সকালে মহিপুর থানা শ্রমিকলীগের সাবেক সভাপতি মো: আবুল কালাম ফরাজী কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়ের আদালতে এ মামলা করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে দাখিলী কাগজপত্র, ভিডিও পর্যালোচনা করে মামলাটি আমলে নিয়ে ওসি মহিপুরকে এজাহার গ্রহণের নির্দেশ দেন বিচারক।

বাদির নিযুক্তীয় কৌশুলী অ্যাডভোকেট মো: গোফরান বিশ্বাস পলাশ ও আদালতের বেঞ্চ সহকারী মো: কাইউম এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় মো: আরিফ বিল্লাহ নাসিম, মো: রনি হোসেন রকি, আসাদুজ্জামান কবির মল্লিক, মহসীন উদ্দীন হিমন, সায়েদ কায়সার সজীবসহ আটজনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে অজ্ঞাতনামা এক ব্যক্তির ম্যাসেঞ্জার কথোপকথন সুপার এডিট করে তার সম্মানহানী করার জন্য একটি র্পনোভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করে আসামিরা। প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ছবি ও পরিচয় বিনানুমতিতে পরিচিতি তথ্য সংগ্রহ ও ব্যবহার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মান সম্মান ক্ষুণ্ন করার জন্য এতে লাইক, কমেন্টস, শেয়ার করে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয় আসামিরা। বিষয়টি বাদিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সরকারের বিভিন্ন মহলের দৃষ্টি গোচর হওয়ায় সকলের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এতে সংক্ষুব্দ হয়ে আসামিদের বিরুদ্ধে এ মামলা করেন।

আরো পড়ুন : বাউফলে হাতুড়িপেটায় আহত ব্যক্তির মৃত্যু

এর আগে, প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্টের ঘটনায় যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগসহ তিনজনের নামে সাইবার নিরাপত্তা আইনে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী মো: মহিবুল্লাহ ১০ জুলাই বরিশাল সাইবার ট্রাইবুনালে একটি মামলা করেন। বরিশাল সাইবার ট্রাইবুনালের বিচারক মো: গোলাম ফারুকের সাইবার ট্রাইবুনাল সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর ২৩, ২৫, ২৬, ২৯ ও ৩৩ ধারার অভিযোগে বাদির দাখিলী কাগজপত্র পর্যালোচনা করে মামলাটি আমলে নিয়ে পটুয়াখালীর মহিপুর থানার ওসিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাদির নিযুক্তীয় কৌশুলী অ্যাডভোকেট ফাহাদ বিন আহসান ও ট্রাইবুনালের বেঞ্চ সহকারী মো: নাজমুল হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।




এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে পটুয়াখালীতে স্মরণসভা

পটুয়াখালী প্রতিনিধি :: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পটুয়াখালী জেলা জাতীয় পার্টি।

রোববার (১৪ জুলাই) বেলা ১২টায় পটুয়াখালী জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপদলনেতা জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহামুদ এমপি বলেন, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু এরশাদ সাহেব আজ বেঁচে নেই, তিনি দেখলে আনন্দিত হতেন দল আজ ঐক্যবদ্ধ, আরও বড় আকারে ভিন্ন ধারার রাজনীতির দিকে ধাবিত হচ্ছে। অনেকে তাকে স্বৈরাচার বলেন, তিনি যদি স্বৈরাচার হতেন তবে জেলে থেকে তিনি ৫টি আসনে নির্বাচিত হতে পারতেন না।’

‘দেশ আজ দুর্নীতিতে ছেয়ে গেছে, গত অর্থবছরে সাত লাখ সত্তর হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়েছিল আর এরশাদ সাহেব তার ৯ বছরের শাসনামলে মাত্র ৮০ হাজার কোটি টাকা খরচ করেছিলেন। তার আমলেও দেশে উন্নয়ন হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘মাত্র দুবছর আগে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমাদের ৫০ বিলিয়ন ডলার রিজার্ভ আছে, সেই রিজার্ভ আজ মাত্র ১৯ বিলিয়ন ডলারে আসলো কিভাবে?’

কোটার বিষয়ে ব্যারিস্টার আনিসুল বলেন, ‘সরকার কোটার বিষয়ে আগের সিদ্ধান্ত বহাল রেখেছে। যখন ৩০ শতাংশ কোটা ছিল তখন অনেক পদ খালি রাখতে হয়েছিল কারণ ওই পদের জন্য মুক্তিযোদ্ধার সন্তান, নাতি বা পুতি পাওয়া যায়নি। তখন দেশের জনসংখ্যা ছিল মাত্র সাড়ে সাত কোটি। দেশের বর্তমান জনসংখ্যার কথা বিবেচনা করে কোটা বিষয়ে নতুনভাবে চিন্তা করতে হবে। ছাত্রদের সঙ্গে কথা বলতে হবে।’

আরো পড়ুন : পটুয়াখালীতে ইপিজেডের কাজে বাধা – ক্ষতিপূরণ চেয়ে বিক্ষোভ জমির মালিকদের

জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাফর উল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি। এ সময় জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মরণ সভা শেষে দোয়া মিলাদ পরিচালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. ইছারুহুল্লা আসিফ।




প্রতিমন্ত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগে যুবলীগের কেন্দ্রীয় নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিনিধি :: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে যুবলীগের এক কেন্দ্রীয় নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার বরিশালের সাইবার ট্রাইব্যুনালে ওই নালিশি মামলা দেন মো. মহিবুল্লাহ নামে এক ব্যক্তি।

আদালতের বিচারক গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান।

এছাড়া একই ঘটনায় পটুয়াখালীর কলাপাড়া থানায় মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি করেছেন দিদার উদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি।

আরো পড়ুন : মহিপুরে উচ্ছেদ অভিযানে ভেঙে দিলো অবৈধ স্থাপনা

মামলার তিন আসামির মধ্যে শামীম আল সাইফুল ইসলাম সোহাগ কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তার বাবার নাম আব্দুল খালেক। বাকি দুই আসামি হলেন- মাওলানা শেরই আলমের ছেলে আরিফ বিল্লাহ নাসিম ও রুস্তম হাওলাদারের ছেলে রনি হোসেন রকি। আসামিরা সবাই পটুয়াখালীর কলাপাড়ার বাসিন্দা।

মামলার নথির বরাতে বেঞ্চ সহকারী নাজমুল বলেন, বাদী মহিবুল্লাহ মঙ্গলবার দুপুরে ফেসবুকে দেখতে পান আসামিরা প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে ভিডিও প্রচার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য কোনো ব্যক্তির ভিডিওর সঙ্গে সুপার এডিটের মাধ্যমে প্রতিমন্ত্রীর ছবি বসিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আসামিরা নিজে বা অন্য কাউকে সুবিধা দিতে নতুন তথ্য সংযুক্ত করে প্রতিমন্ত্রীর মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দৃষ্টিতে আসায় প্রতিমন্ত্রীর মান ক্ষুণ্ণ হয়েছে।




পটুয়াখালীতে ঋণ বকেয়ার অভিযোগে নারী নেত্রী গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে সোনালী ব্যাংকের ৯ কোটি টাকা ঋন বকেয়ার অভিযোগে জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুর ১২ টার দিকে শহরের ফায়ার সার্ভিস এলাকায় নিজ বাসা থেকে বেবিকে আটক করে থানায় নেয়া হয় বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি মোঃ জসিম।

এদিকে পটুয়াখালী অর্থ ঋণ আদালতের গ্রেপ্তারী পরোয়ানার বলে বেবিকে আটকের কথা পুলিশ দাবী করলেও গ্রেপ্তারকৃত বেবি জামিনে রয়েছেন বলে স্থানীয় সংবাদকর্মীদের জানান।

পটুয়াখালী সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ জিল্লুর রহমান জানান, ১৯৮৫ সালে পটুয়াখালী বিসিক এলাকায় মেসার্স পটুয়াখালী টেক্সটাইল নামে একটি কোম্পানি খুলে সোনালী ব্যাংক থেকে ২ কোটি ২৩ লাখ ২৪ হাজার টাকা ঋণ গ্রহণ করেন জাকিয়া সুলতানা বেবির স্বামী সিরাজুল ইসলাম খান। ওই কোম্পানির অর্ধেক শেয়ার নিজ নামে রেখে কোম্পানির পরিচালক পদ দিয়ে ২৫ ভাগ করে শেয়ার দেখানো হয় সিরাজুল ইসলাম এর স্ত্রী জাকিয়া সুলতানা বেবি এবং হামিদুল হক নামে এক ব্যক্তির নামে।

টেক্সটাইলটি কিছুদিন চালু থাকার পর ১৯৯৩ সালে বন্ধ হয়ে যায়। পরবর্তিতে ১৯৮৫ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ব্যাংকের বকেয়া দাড়ায় ৮ কোটি ৩৮ লাখ ৭২ হাজার টাকা। এ সময়ের মধ্যে সিরাজুল ইসলাম এবং হামিদুল হক মারা যান। এরপর ঋণের অর্থ পরিশোধ না করায় ব্যাংক ম্যানেজার বাদী হয়ে পটুয়াখালী অর্থ ঋণ আদালতে জাকিয়া সুলতানা বেবিকে আসামি করে ২০০৪ সালে একটি মামলা দায়ের করেন।

আরো পড়ুন : শুদ্ধাচার পুরস্কার পেলেন পটুয়াখালীর জেল সুপার মাহাবুবুল আলম

ব্যাংক ম্যানেজার জিল্লুর রহমান আরো জানান, ১৯৯৪ সাল পর্যন্ত সুদে-আসলে বর্তমান লেজার স্থিতি অনুযায়ী এ পর্যন্ত সুদ মওকুফের পর জাকিয়া সুলতানা বেবির আবেদনের প্রেক্ষিতে তার কাছে ব্যাংকের বকেয়া পাওনা দাড়ায় প্রায় ৯ কোটি টাকা। ২০২৩ সালের ২১ নভেম্বর ঋণ গ্রহিতার বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

গত মে মাসে জাকিয়া সুলতানা বেবি ১৯ লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছিলেন। ২০২২ সালের ১২ জানুয়ারি সোনালী ব্যাংক কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের কাছে সুদ মওকুফের আবেদনের প্রেক্ষিতে বোর্ড সভায় তিন কোটি ১৪ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধ করার সিদ্ধান্ত দেয়। কিন্তু সে সিদ্ধান্ত না মেনে বেবি প্রতিনিয়ত খিলাপি তালিকার শীর্ষ ওঠেন। পরবর্তীতে ব্যাংকের হস্তক্ষেপে বুধবার বেবিকে গ্রেপ্তার করে পুলিশ।

সদর থানার ওসি মোঃ জসিম আরো জানান, গ্রেপ্তারকৃত জাকিয়া সুলতানা বেবিকে আদালতে পাঠানো হয়েছে।




এক দফা দাবিতে ফের ব্লকেড কর্মসূচি ঘোষণা




দুমকিতে উপজেলা পরিষদ’র সমন্বয় কমিটির সভা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদের সমন্বয় সভা ৬ জুলাই (শনিবার) সকাল ১০টায় এ উপজেলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার,
বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখার সভাপতি কাজী আলমগীর হোসেন ও সহ-সভাপতি এ্যাড, মোঃ সুলতান আহমেদ মৃধা এবং সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহীন মাহমুদ, দুমকি উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান এ্যাড, মাইনুল ইসলাম রুবেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার শিরিন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, দুমকি উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ সহ এ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দরা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের বন্ধু : ওবায়দুল কাদের

বরিশাল অফিস :: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত ও উন্নয়নের বন্ধু চীন। উন্নয়নের জন্য যেখানে সুযোগ-সুবিধা পাবো, তা কেন নেব না?
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো বলেই অনেক সুবিধা নিতে পেরেছি। ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু। এই দেশে বহু উন্নয়নে চীনের অবদান আছে।’

সেতুমন্ত্রী আজ দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাত দিনব্যাপী পাহাড়ি ফলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজধানীর বেইলি রোডের শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে এই ফলমেলার আয়োজন করা হয়েছে।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভারতের সঙ্গে ২১ বছর বৈরি সম্পর্ক রেখে কী অর্জন করেছে ৭৫ পরবর্তী রাজনৈতিক দলগুলো? শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির সম্পর্ক ভালো ছিল বলেই আমরা বাংলাদেশের সমান আরেকটি সমুদ্র পেয়েছি। সম্পর্ক ভালো ছিল বলেই ছিটমহল সমস্যার সমাধান করেছি। তিনি বলেন, সম্পর্ক ভালো থাকলে আলাপ-আলোচনা করে সমস্যার সমাধান করা যায়। গঙ্গাচুক্তিসহ বহুবিধ সুবিধা ভারত থেকে নিতে পেরেছেন শেখ হাসিনা। যারা বড় বড় কথা বলেন তারা গঙ্গার কথা ভুলে গিয়েছিলেন। খালি হাতে আগেও ফিরি নাই, এখনো ফিরি নাই।
চীনের সঙ্গে আমাদের পার্টনারশিপ রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সাহায্য পেলে আমরা সাহায্য কেনো নেব না? আমার দেশের উন্নয়নের জন্য যেখানে সাহায্য দরকার আমরা সেখান থেকে সাহায্য নেব। মেট্রোরেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে এসব নিয়ে অনেকের জ্বলে, যাদের জ্বলে তাদের মন্তব্যের কোনো জবাব আমরা দেব না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গত ১৬ বছরে বাংলাদেশ বদলে গেছে। সেই বদলের সঙ্গে তাল মিলিয়ে পার্বত্য অঞ্চলও বদলেছে। সড়ক যোগাযোগে এখন পার্বত্য তিন জেলা অনেক উন্নত, একসাথে ৪২টি ব্রিজ উদ্বোধন হয়েছে খাগড়াছড়িতে। এখন সীমান্ত সড়ক তৈরি হচ্ছে। শেখ হাসিনা থাকলে সব সমস্যার সমাধান হবে।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বিদেশি বহু ফলের চেয়ে অনেক উন্নত মানের ফল উৎপাদিত হয় পার্বত্য তিন জেলায়। এক সময় আনারসই প্রধান ফল ছিল। কিন্তু এখন বহু ধরনের ফল উৎপাদিত হয়। এক সময় যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকার কারণে ফল পচে যেত। আজকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে আপনাদের পাহাড়ের সুমিষ্ট ফল ঢাকায় চলে আসে। সিঙ্গাপুরের চেয়ে উন্নতমানের ফল আমাদের পাহাড়ি অঞ্চলে উৎপাদিত হয়।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে নিজেরা আইনগতভাবে না পেরে জাতিসংঘের হস্তক্ষেপ চায় বিএনপি। দলটি খালেদা জিয়াকে ঢাল হিসাবে ব্যবহার করছে। বিএনপি এখন কোটা আন্দোলনের উপর ভর করবে। সরকার তো কোটা রাখেনি, এটা আদালতে মামলা চলছে। খালেদা জিয়ার মুক্তি আইনের ব্যাপার।

সাত দিনব্যাপী এই পাহাড়ি ফলমেলা আগামী ১২ জুলাই (শুক্রবার) পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০ থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত একটানা সাত দিন চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, বন জলবায়ু ও পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি, জ্বরতী তঞ্চঙ্গা এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী প্রমুখ।




দুর্নীতি নিয়ে বিএনপির বক্তৃতাই বড় কৌতুক : পররাষ্ট্রমন্ত্রী

বরিশাল অফিস :: ‘দুর্নীতি নিয়ে বিএনপির বক্তৃতাই সবচেয়ে বড় কৌতুক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বাংলাদেশ-সৌদি আরব পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ‘পলিটিক্যাল কনসালটেশন’ শেষে রিয়াদ থেকে বুধবার দুপুরে দেশে ফিরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘ফরেন সার্ভিস একাডেমি জার্নাল’ প্রকাশনা ও ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান নিয়ে বিএনপি’র মন্তব্য বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উভয়েই দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। বিএনপির শাসনামলে দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের মুখে দুর্নীতি নিয়ে বক্তৃতা বা দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান নিয়ে কথা বলা- এটিই সবচেয়ে বড় কৌতুক।

সৌদি বিনিয়োগ ও শ্রমশক্তি রপ্তানি ::

সৌদি আরবের সাথে সম্পর্ক ও বিনিয়োগ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের সাথে শ্রমশক্তি রপ্তানির সম্পর্ক বহু আগেই উন্নয়ন অংশীদারিত্ব, বিনিয়োগসহ বহুমাত্রিক রূপ নিয়েছে। দেশে সৌদি বিনিয়োগ আছে এবং তারা আরও বিনিয়োগ করতে চায়। সৌদি আরব বাংলাদেশে এক হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে, চট্টগ্রাম বন্দরে তাদের বিনিয়োগ আছে, বে-টার্মিনালেও তারা বিনিয়োগ করতে চায়, পাশাপাশি অনাবাসী বাংলাদেশি ও বিদেশিদের জন্য উন্মুক্ত অফশোর ব্যাংকিংসহ আমাদের এখানে ‘ফিন্যান্সিয়াল উইন্ডো’ যেগুলো রয়েছে, সেসব ক্ষেত্রেও তাদের বিনিয়োগের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

সৌদি আরবকে আমাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছি এবং তারা ইতোমধ্যে চট্টগ্রামের মিরের সরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনও করেছে, জানান হাছান মাহমুদ।
মন্ত্রী এ সময় শ্রমশক্তি রপ্তানির তথ্য-উপাত্ত তুলে ধরেন। তিনি জানান, সৌদি আরবে এখন প্রায় ৩১ লাখ ৩৭ হাজার বাংলাদেশি প্রবাসী বিভিন্ন কাজে নিয়োজিত। করোনার সময় লাখ লাখ কর্মী ফেরত এসেছিলেন। কিন্তু গত তিন বছরে আবার প্রায় ১৭ লাখ বাংলাদেশি সৌদিতে গেছেন। সৌদি আরব এক্ষেত্রে খুব সহায়ক ছিল। এই শ্রমজীবীদের সাথে দু’দেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যাতে প্রতারণা না করতে পারে, সে জন্য আমাদের উভয়পক্ষের প্রস্তাব ও সম্মতিতে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে।
সেইসাথে সৌদিতে বাংলাদেশিদের নিজেদের নামে ব্যবসা রেজিস্ট্রেশন না থাকায় তারা রেমিটেন্স পাঠাতে পারে না। সেই অসুবিধা দূর করতে আমরা বাংলাদেশিদেরকে ব্যবসা রেজিস্ট্রেশনের অনুমতি দেয়ার জন্য অনুরোধ জানিয়েছি, তারা এটা বিবেচনায় নিয়েছে, জানান পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীর চীন সফর::
আগামী ৮ থেকে ১১ জুলাই প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ দেশের কূটনীতির মূলমন্ত্র ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’ উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনায় ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রীর চীন সফরের কথাও হয়েছে। চীন আমাদের বড় উন্নয়ন অংশীদার। সেখানে প্রধানমন্ত্রীর সফরটিও আমাদের উন্নয়নকে বেগবান করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে ফরেন সার্ভিস একাডেমি জার্নাল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে তিনি একাডেমির ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন করেন। এ সময় একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশফি বিনতে শামসের সভাপতিত্বে পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।