‘অভ্যুত্থানে সাড়ে ১৫ বছরের জমা জুলুম জঞ্জাল ভেসে গেছে’

বরিশাল অফিস :: জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দফায় দফায় নির্যাতিত হয়েছি। দেশের লাখ লাখ মানুষ, আলেম, ওলামা, প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেয়ার চেষ্টা করা হয়েছে। তবে এটি প্রমাণিত হয়েছে সবকিছু স্তব্ধ করতে চাইলেই স্তব্ধ করা যায় না। আমি যুব সমাজকে অভিনন্দন জানাতে চাই, যুব সমাজ ও জনগণের অভ্যুত্থানের কারণে সাড়ে ১৫ বছরের জমা জুলুম-জঞ্জাল ভেসে গেছে। যারা জাতিকে অপমানিত করেছে, তারা কোনোদিন সম্মানিত হতে পারবে না ।

গতকাল দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে কোটা আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কবর জিয়ারতসহ তার পরিবারের খোঁজখবর নেয়া শেষে জাফরপাড়া কামিল মাদ্রাসায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামীতে রাষ্ট্রীয় পর্যায়ে দুর্বৃত্তপনা, স্বৈরাচারীপনা ও জুলুমবাজ সরকার যেন না আসে, সেলক্ষ্যে যুব সমাজ ও দেশবাসীকে সোচ্চার থাকতে হবে। সেই সঙ্গে কোনো রাজনৈতিক শক্তি কিংবা অন্য শক্তি দেশের বিপ্লবের ফলকে ছিনিয়ে নিতে না পারে সেদিকে প্রত্যেক নাগরিককে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।

জামায়াতে ইসলামীর আমীর বলেন, সাড়ে ১৫ বছর গোটা জাতির ওপর নির্যাতনের কষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই সাড়ে ১৫ বছরে ইতিমধ্যে জীবন থেকে ৩২টি ঈদ বিদায় নিয়েছে। দেশের মানুষ ঈদ উদ্‌যাপন করতে পারে নাই।

খুন, গুম, হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, মানুষের উপর সীমাহীন নির্যাতন-জুলুমের কারণে গোটা জাতির শ্বাস বন্ধ করে দিয়েছিল। আল্লাহ এ জাতিকে শ্বাস ফেলার সুযোগ করে দিয়েছেন। তিনি বলেন, জাতি এটিকে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করেছে। এই যুদ্ধের মহানায়ক আপনার সন্তান-আমাদের সন্তান আবু সাঈদ। আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আবু সাঈদের প্রতি ভলোবাসা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করছি। যে সন্তান জাতিকে মুক্তির পথ দেখিয়েছে আমরা তার বাবা-মার মুখ দেখতে এসেছি। পুলিশ তার মুখের কথা শুনেছে, কিন্তু বুকের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। আমরা এর ধিক্কার জানাই। যারা এ কাজ করেছে তারা মানুষ নয়, তারা পশু।

এ পশুদের বিচার অবশ্যই হবে। সেই সঙ্গে যারা গুলি করার নির্দেশ দিয়েছে তাদেরও বিচার হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন নিয়ে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য একদিন আগেও বেপরোয়াভাবে ১৩৬ জনকে হত্যা করা হয়েছে। আমরা যুব সমাজকে অভিনন্দন জানাই। এই জাতি চিরদিন তোমাদের কাছে ঋণী হয়ে থাকবে ইনশাআল্লাহ।

তোমাদের প্রতি অনুরোধ, এ জাতিকে তোমরা ছেড়ে দিও না। আগামীতে যেন দেশে কোনো স্বৈরাচার হয়ে উঠতে না পারে। সমাবেশে জামায়াত-শিবিরের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।




গা ঢাকা দিয়েছেন ব্যারিস্টার সুমন

চন্দ্রদ্বীপ নিউজ :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। কোথাও তিনি নেই। ফেসবুক, হোয়াটসআপ, মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

বুধবার ব্যারিস্টার সুমনের এক ঘনিষ্ঠজন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সবশেষ ৫ আগস্ট সকালে ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়। তিনি ছাত্র আন্দোলন কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে কথা বলছিলেন। কিন্তু শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ফেসবুকেও পাওয়া যাচ্ছে না।

সুমনের চেম্বারের এক জুনিয়র বলেন, গত ৪ আগস্ট ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়েছিল। তারপর আজ পর্যন্ত বার বার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তিনি কোথায় আছেন সেটাও জানি না।

উল্লেখ্য, কোটাবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্যারিস্টার সুমন।

সবশেষ তিনি বলেছিলেন, এই আন্দোলন বিএনপি-জামায়াতের দখলে। তারপর সুমনকে তুলোধুনো করেন নেটিজেনরা।

 




পিরোজপুরের সাবেক এমপি বাবুল গাজী মারা গেছেন

বরিশাল অফিস :: পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান (বাবুল গাজী) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৭ আগস্ট) দুপুর দেড়টায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই যুগেরও বেশি সময় ধরে পিরোজপুরে বিএনপির নেতৃত্ব দিয়েছেন গাজী নুরুজ্জামান (বাবুল গাজী)। দুইবার পিরোজপুর-১ আসনে নির্বাচন করেন তিনি। তিনি ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীর নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, গাজী নুরুজ্জামান আমাদের সকল সংগ্রামে ছায়ার মতো পাশে ছিলেন। দলীয় ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তাকে হারানোর এই শোক আমাদের কাছে অসহনীয়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুক।

বাবুল গাজীর ভাই পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু বলেন, আমার ভাই দুই যুগেরও বেশি সময় ধরে পিরোজপুরে বিএনপির নেতৃত্ব দিয়েছেন। আজ দুপুর দেড়টায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগামীকাল যোহর নামাজের পর পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন বলেন, আমরা পিরোজপুর জেলা বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পিরোজপুর জেলা শাখা একটি নক্ষত্রকে হারিয়েছি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি পিরোজপুরে জেলা বিএনপির বিভিন্ন আন্দোলন ও ক্ষমতা টিকিয়ে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার এই হারিয়ে যাওয়ার শোক আমাদের কাছে অপূরণীয়। সৃষ্টিকর্তা তার পরিবারকে শোক সইবার শক্তি দান করুক।




খালেদা জিয়ার মুক্তিতে ব‌রিশা‌লে বিএনপির আনন্দ মিছিল

বরিশাল অফিস :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাওয়ায় বরিশালে সমাবেশ ও আনন্দ মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি।

বুধবার (৭ আগস্ট) দুপু‌রে নগরের সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চান ও মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব আবুল কালাম শাহিনসহ অন্যরা।

সমাবেশে বিএনপির নেতারা জনগণের জানমাল রক্ষায়, শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 




৩ মাসের মধ্যে নির্বাচনের দাবি মির্জা ফখরুলের

চন্দ্রদ্বীপ নিউজ :: দ্রুত অন্তবর্তীকালীন সরকার গঠন করে তিনমাসের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, চক্রান্তকারীরা এ বিজয়কে ছিনিয়ে নিতে পারে, সেজন্য তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। যারা লুটপাট করছে তারা আমাদের কেউ না, তারা ছাত্রদের মধ্যেও কেউ না। তারা হলো দুর্বৃত্ত। আমরা ছাত্রদের সঙ্গে একমত। আমরা গণতন্ত্রের দেশ নির্মাণ করতে চাই। আজকে আমাদেরকে ধৈর্যের সাথে দিন পার করতে হবে। কোনো প্রতিহিংসা নয়, প্রতিরোধ নয়। এ বিজয়কে সুসংগঠিত করতে হবে।

তিনি বলেন, ছাত্রদের আন্দোলনে আমরা সহযোগিতা করেছি। সংহতি প্রকাশ করেছি। সেজন্য আমাদের ১১ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
আমি ছাত্রদের স্যালুট করি। তারা ছাত্র-জনতাকে একত্র করে স্বৈরাচার সরকারের পদত্যাগ ঘটিছে। এবিজয় সকলের। এ বিজয় ছাত্রদের।

তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার গঠনের মধ্য দিয়ে তিনমাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বৈরাচার এখন পালিয়ে গেছে।




‘আন্দোলনকারী শক্তির মতামত নিয়ে দ্রুত অন্তবর্তী সরকার গঠন করুন’

বরিশাল অফিস :: সর্বক্ষেত্রে বৈষম্য বিলোপ, ফ্যাসিবাদী শাসনের ভিত্তি উচ্ছেদ ও সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়ানো, ছাত্র-জনতা হত্যার বিচার, দুর্নীতির মূল উৎপাটনের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে আন্দোলনকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সকল ছাত্র সংগঠন এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আলোচনা করে অন্তবর্তীকালীন সরকার গঠনের ঘোষণার দাবি জানানো হয়েছে।

বুধবার (৭ আগস্ট) সকাল ১১টায় অশ্বিনী কুমার হলচত্বরে বাম গণতান্ত্রিক জোট এ দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজিজ খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তী প্রমুখ।

সমাবেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলা হয়, গণবিক্ষোভে স্বৈরাচারী শেখ হাসিনার পলায়ন ছাত্র জনতার বিজয়। এই বিজয়কে স্থায়ী করতে হলে স্বৈরাচারী ব্যবস্থার অবসান করে পূর্ণ গণতান্ত্রিক অধিকার ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

সমাবেশে সারা দেশের মানুষের জান-মালের নিরাপত্তা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন দেশবাসীকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, এই সুযোগে বিভিন্ন জায়গায়, দুর্নীতিবাজ, লুটপাটকারীরা বিভিন্ন অফিসে তাদের দুর্নীতির ফাইল পোড়ানোর উৎসব করতে পারে। এ বিষয়ে দেশবাসীকে সচেতন থেকে দুর্বৃত্তদের রুখে দাঁড়াতে হবে।

নেতৃবৃন্দ বলেন, লুটপাটের স্বর্গরাজ্য যারা গড়েছিলেন তাদের বাসার লাগেজের মধ্য থেকেও ৫ কোটি টাকা উদ্ধার হচ্ছে। ফলে সামনে যেন আবার কোন লুটেরা ক্ষমতার মসনদে বসতে না পারে তা নিয়ে বক্তারা জনগণকে সতর্ক থাকার আহবান জানান।

সমাবেশে বক্তারা বলেন, শত শত শহীদের রক্তদান ও দীর্ঘ লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই। ফ্যাসিবাদী শাসকের পতনের বিজয় ধরে রাখতে সচেতন দেশবাসীকে পাহারাদারের ভূমিকা নেওয়ারও আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।




নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম নয়াপল্টন

বরিশাল অফিস :: বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে উৎসবমুখর পরিবেশ। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সরগরম নয়াপল্টন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা। এসময় তারা সদ্য বিদায় নেয়া আওয়ামী সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে কর্মীদের উপস্থিতি। হাজারো কর্মীরা এসে জড়ো হয় দলটির এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

বুধবার (৭ আগস্ট ) নয়াপল্টনে বিএনপির সমাবেশ উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছে উৎসবের আমেজ। প্রস্তুত করা হয়েছে মঞ্চ।

এদিকে বেলা পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় নেতাকর্মীরা তাকে স্লোগান দিয়ে স্বাগত জানান।

এ সময় নয়াপল্টন এলাকায় দেখা যায়, সমাবেশ উপলক্ষে রাস্তায় নতুন পোস্টার লাগানো হয়েছে। নতুন পোস্টারের ভাষাও বদলে গিয়েছে। এতদিন পোস্টারে দলের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়েছেছিল কিন্তু আজ আর তা নেই। এখন ‘মাদার অব ডেমোক্রেসি’ উল্লেখ করে টানানো হয়েছে নতুন পোস্টার।

উল্লেখ্য, আজ দুপুর ২টা থেকে শুরু হবে বিএনপির এই সমাবেশ। উক্ত সমাবেশের সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এদিকে সময় গড়ানোর সাথে সাথে আসতে থাকেন দলের সিনিয়র নেতারা। দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু।




শেখ হাসিনা কোনো দেশের কাছে আশ্রয় চাননি: জয়

বরিশাল অফিস :: বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দেশের কাছে আশ্রয় চাননি। যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র শেখ হাসিনার আশ্রয় চাওয়ার অনুরোধে সাড়া দেয়নি এ ধরনের খবর সত্য নয় বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার (৬ আগস্ট) এনডিটিভির সঞ্চালক শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয় চাওয়া ও যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল নিয়ে প্রশ্ন করলে এসব কথা জানান তিনি।

জয় জানান, তার মা রাজনীতি থেকে অবসরে যাবেন এবং জীবনের বাকিটা সময় পরিবারের সঙ্গেই কাটাবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কোনো আলোচনাই হয়নি।

গত সোমবার (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে গণঅভ্যুত্থানের মুখে হেলিকপ্টারে করে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় শংকর বলেছেন, খুবই অল্প সময়ের নোটিশে ভারতে আসার অনুমতি চান তিনি। এখন তিনি ভারতে আছেন বলে জানিয়েছে এনডিটিভি। তবে শেখ হাসিনা ভারত থেকে যুক্তরাজ্য যেতে পারেন বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

এমন পরিস্থিতিতে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের সঙ্গে কথা বলে এনডিটিভি। তবে তিনি জানান, যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী কোনো ব্যক্তি আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য দেশটিতে যেতে পারবেন না।

গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলনে রূপ নিলে মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি।

সূত্র: এনডিটিভি




অন্তর্বর্তীকালীন সরকারে যাদের নাম প্রস্তাব করেছেন সমন্বয়করা

বরিশাল অফিস :: টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়ার পর দেশের ক্ষমতা বুঝে নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন এ নিয়ে নানা আলোচনা।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে। তাকে প্রধান করার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবে সম্মতি দেন রাষ্ট্রপতি।

বঙ্গভবন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীমউদ্দিন খান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক উপস্থিত ছিলেন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

ড. মুহাম্মদ ইউনূস ছাড়া আর কারা থাকছেন অন্তর্বর্তীকালীন সরকারে এমন প্রশ্নে তিনি জানান, আমরা ১০ থেকে ১৫ জনের নাম প্রস্তাব করেছি। সবার সঙ্গে আলোচনা করে এই সরকার গঠন করা হবে। এই তালিকা চূড়ান্ত না হওয়ায় এতে কারা রয়েছেন সেটা জানাননি সমন্বয়করা।

তবে সূত্র মতে তালিকায় থাকা বাকিরা হলেন- ড. সালেহউদ্দিন আহমেদ, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ড. শাহ্দীন মালিক, ড. তাসনিম আরেফা সিদ্দিকী, মো. তৌহিদ হোসেন, শহীদুল্লাহ খান বাদল, অধ্যাপক আসিফ নজরুল, আদিলুর রহমান, ব্যারিস্টার সারা হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ। এর বাইরে বৈঠকে রাষ্ট্রপতি আরও একজন মুক্তিযোদ্ধাসহ দুজনকে রাখার পরামর্শ দিয়েছেন। আর একজন সংখ্যালঘু ও একজন আদিবাসীও যুক্ত হতে পারেন।

সূত্রে আরও জানা যায়, ড. ইউনূসের পক্ষ থেকেও সমন্বয়কদের ৩১ সদস্যের একটি তালিকা দেওয়া হয়েছে। তিনি দেশে ফিরলে আলোচনা করে ১৫ থেকে ২০ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।




বরিশালের বিএনপি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান স্বপনের

বরিশাল অফিস :: এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, মোবাইল ফোনের মাধ্যমে সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন গৌরনদী-আগৈলঝাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। সে লক্ষ্যে প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে আমাদের নেতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

গত সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর গৌরনদী বাসস্ট্যান্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। দীর্ঘ বছর পর রাজপথে মিছিল করতে পেরে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু।

অন্যদিকে মঙ্গলবার সকালে আনন্দ মিছিল করেছেন দীর্ঘদিন কোণঠাসা থাকা বিএনপি নেতাকর্মীরা।