বেগম রোকেয়া নারীদের মুক্ত করেছে, রংপুর মুক্ত করবে বাংলাদেশকে: ড. মুহাম্মদ ইউনূস

চন্দ্রদ্বীপ নিউজ :: রংপুরবাসীকে পুরো বাংলাদেশকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা স্মরণ করে তিনি বলেন, বেগম রোকেয়া নারীদের মুক্ত করেছেন, এখন রংপুর পুরো বাংলাদেশ মুক্ত করবে।

শনিবার (১০ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রংপুর সফরে গিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই আহ্বান জানান তিনি।

আহ্বান জানানোকালে ড. ইউনূস বলেন, নতুন বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। তরুণদের এখন কেউ টেনে রাখতে পারবে না, পথ পরিষ্কার করতে হবে।

তিনি আরো জানান, তোমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের নিরাপদে রাখবা। বলবা, সবাই আমরা ভাই। বাংলাদেশ এক পরিবার। পৃথিবীতে বহু দেশ আছে, এত সুন্দর পরিবার নাই। এত সুন্দর একটা দেশ, কোথায় চলে যেতে পারতাম আমরা! শুধু মনটা শক্ত রাখতে পারলে হতো। আর তরুণদের রাস্তা খুলে দিলে আমরা মুক্ত হয়ে যেতাম।

প্রধান উপদেষ্টা তার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ঘটনা উল্লেখ করে বলেন, নারীদের হাতে টাকা দিয়ে দেয়া চ্যালেঞ্জের ছিল। কিন্তু সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছি। ধীরে ধীরে নারীদের উন্নয়ন হয়েছে। বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে সামাজিক ব্যবসার মডেল। নারীদের স্বাবলম্বী করে মুক্ত করার প্রেক্ষিতে তিনি রংপুরের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে স্মরণ করেছেন। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা দাবিগুলো লিখিত আকারে প্রস্তাব করার আহ্বান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

 




রোববার দিল্লি থেকে ফিরবেন বিএনপি নেতা সালাউদ্দিন

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আগামীকাল রোববার (১১ আগস্ট) ভারতের দিল্লি থেকে ঢাকায় ফিরবেন ।

আন্তর্জাতিক শাহজালাল বিমান বন্দরে দুপুর ২টায় তার পৌঁছানোর কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল বলেন, তিনি বেলা ১১টায় দিল্লি থেকে রওয়ানা দেবেন।

২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।




রাজনৈতিক আশ্রয় নয় ভিসার মাধ্যমে ভারতেই থাকবেন শেখ হাসিনা

চন্দ্রদ্বীপ নিউজ :: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকবেন। তবে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় নেবেন না। এর বদলে ভারতের ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন।

শুক্রবার (৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এর সহযোগী সংস্থা নিউজ-১৮ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিউজ-১৮ এ ব্যাপারে বলেছে, “শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে আমরা আমাদের সূত্রের মাধ্যমে জানতে পেরেছি— মনে রাখবেন এটি সিএনএন নিউজ-১৮ এর এক্সক্লুসিভ— বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন।”

সংবাদমাধ্যমটি আরও বলেছে, “হাসিনা ভিসার মাধ্যমে ভারতে অবস্থান করবেন। কারণ আমাদের (ভারতের) কোনো শরণার্থী বা সাহায্যপ্রার্থীর আইন নেই।”

নিউজ-১৮ এর সাংবাদিক জানিয়েছেন, “যুক্তরাজ্যে হাসিনা রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন সেটি আপাতত বাতিল করা হয়েছে। কারণ যুক্তরাজ্য এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রও তার ভিসা বাতিল করেছে। হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের উপর ইউরোপের অন্যান্য দেশগুলো চাপ দিচ্ছে। তবে ভারত সরকার শেখ হাসিনাকে বলেছে যে যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যত পরিকল্পনা ঠিক না করছেন ততদিন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করতে পারবেন।”

সরকারি চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে ৪০০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পর গত সোমবার ৭৬ বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশ সেনাবাহিনী তাকে ৪৫ মিনিটের আলটিমেটাম দেওয়ার পর তিনি ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে যান।

 




সাদেক আবদুল্লাহ বাড়িতে আগুনে পোড়ার চারদিন পর আওয়ামী লীগ নেতার মরদেহ শনাক্ত

বরিশাল অফিস :: অগ্নিকাণ্ডে নিহত হওয়ার চারদিন পর বরিশাল জেলার ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নঈমুল হোসেন লিটুর মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা।

শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে থাকা অগ্নিদগ্ধ দেহটি শনাক্ত করা হয়।

গত ৫ আগস্ট মহানগর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ব‌রিশাল সি‌টি কর্পো‌রেশ‌নের সা‌বেক মেয়র সেরনিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর কাল‌ীবা‌ড়ি রোডস্থ পৈত্রিক বাসভব‌নে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিন রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা এক‌টি কক্ষ থে‌কে পু‌ড়ে যাওয়া তিন‌টি লাশ উদ্ধার করেন। সেদিন দুটো লাশের পরিচয় মিললেও একটি লাশের পরিচয় শনাক্ত করা যায়নি, যা আজ শনাক্ত হলো।

ব‌রিশাল সি‌টি কর্পো‌রেশ‌নের সা‌বেক প‌্যা‌নেল মেয়র ও ১৯নং ওয়া‌র্ডের পাঁচবারের নির্বা‌চিত কাউ‌ন্সিলর এবং মহানগর আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ছিলেন শিক্ষক গাজী নঈমুল হো‌সেন লিটু।

নিহতের বড় ভাই গাজী মঞ্জুরুল হো‌সেন বরুন ও লিটুর স্ত্রী বেগম নাজমা মরদেহ শনাক্তের সময় হাসপাতালে ছিলেন।




বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য আইএসআই দায়ী: জয়

চন্দ্রদ্বীপ নিউজ :: বাংলাদেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) দায়ী বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে মদদ দিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই।

শুক্রবার (৯ আগস্ট) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত সজীব ওয়াজেদ জয় পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘পারিপার্শ্বিক প্রমাণ দেখে আমি মোটামুটি নিশ্চিত; পাক আইএসআই-এর জড়িত থাকার সন্দেহ করছি। হামলা ও বিক্ষোভ ছিল অত্যন্ত সমন্বিত, সুপরিকল্পিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলার উদ্দেশ্যপ্রণোদিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যাই করুক না কেন, তারা পরিস্থিতি আরও খারাপ করার চেষ্টা অব্যাহত রেখেছে।’

জয় দাবি করেন দেশে যে পুলিশের ওপর হামলা, থানা পুড়িয়ে দেয়া, সংখ্যালঘুদের ওপর আক্রমণ এসবই সন্ত্রাসী সংগঠন ও বিদেশি শক্তির পক্ষ থেকে উস্কানি দেয়ার ফলাফল। একইসাথে এসব জঙ্গী সংগঠন ও বিদেশি শক্তিগুলো অস্ত্র সরবরাহের মাধ্যমে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

এ সময় জয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার হলেই শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। তবে সক্রিয় রাজনীতিক হিসেবে ফিরবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবেন না। এই দুঃসময়ে আওয়ামী লীগের কাউকেও ছেড়ে যাবেন না।’

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর দুদিন পর বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১৬ উপদেষ্টাকে এরই মধ্যে নিয়োগ দেয়া হয়েছে।

 




যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ

চন্দ্রদ্বীপ নিউজ :: নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

শুক্রবার (৯ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদের মো: মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছে।

আসিফ মাহমুদ ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র কেন্দ্রীয় নেতা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্রশক্তি। ২০২৩ সালের ৪ অক্টোবর আত্মপ্রকাশ করে দলটি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সামাজিকমাধ্যমে বেশ সরব দেখা গেছে আসিফ মাহমুদকে। বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে আন্দোলনকারীদের নির্দেশনা দিয়েছেন তিনি।

পুরো নাম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র সমন্বয়ক থেকে ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা’ হয়েছেন তিনি।

আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। তার পিতার নাম মো. বিল্লাল হোসেন ও মাতার নাম রোকসানা বেগম। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সাবেক শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

 




ডা.ইউনূসসহ উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

চন্দ্রদ্বীপ নিউজ :: নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের মধ্যে দফতর বণ্টন করে দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদের মো: মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছে।

মুহাম্মদ ইউনূস পেয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম, ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া ড. সালেহ উদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, ড. আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, ড. আ ফ ম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফরিদা আখতার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, মো. নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এর আগে বৃহস্প‌তিবার ড. ইউনূ‌সের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন সদস্য। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঢাকার বাইরে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে আসতে পারেননি নতুন দায়িত্ব পাওয়া তিন উপদেষ্টা।

 




২৭ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: ড. ইউনূ‌সের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের মধ্যে দপ্তর বণ্টন করে দেওয়া হয়েছে। সড়ক ও সেতু মন্ত্রণালয়সহ ২৭ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়গুলো হলো- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম, ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।




নৈরাজ্যে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বরিশাল বিএনপি

বরিশাল অফিস :: গণঅভ্যুত্থান পরবর্তী অরাজক পরিস্থিতি তৈরি করে দখলদারিত্ব চালানো বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে বরিশাল মহানগর বিএনপি। নৈরাজ্য দখলদারিত্ব না করে দেশ গঠনের কাজে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই হুঁশিয়ারি জানান নেতৃবৃন্দ।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। কিন্তু বরিশালের বিভিন্ন স্থাপনা, ঘাট, বাজার, সাংবাদিক সংগঠন দখলের পাঁয়তারা চালাচ্ছে একটি দুষ্কৃতকারী মহল। বরিশাল মহানগর বিএনপি এই দায়ভার নেবে না। একইসঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী যদি দখল কার্যক্রমে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

একই সিদ্ধান্ত জানিয়ে নগরীর বিভিন্ন এলাকায় মাইকিংও করছে দলটি।

উল্লেখ্য, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পরপরই বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার ও দখলের অভিযোগ পাওয়া যাচ্ছে।




অন্তর্বর্তী সরকার নির্বাচন দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা: জয়

চন্দ্রদ্বীপ নিউজ :: অন্তর্বর্তী সরকার নতুন সরকার নির্বাচনের আয়োজনে করলে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

কয়েক সপ্তাহের মারাত্মক বিক্ষোভের পর হাসিনা পদত্যাগে বাধ্য হয়ে গত সোমবার (৫ আগস্ট) প্রতিবেশী ভারতে পালিয়ে যান। এরপর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার বৃহস্পতিবার (৮ আগস্ট) শপথ গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন এই সরকার দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বপালন করবে।

এ পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বার্তা দিয়েছেন জয়। জয়ের দাবি, সদ্য গঠিত অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলে দেশে ফিরবেন তার মা।

শুক্রবার (৯ আগস্ট) এনডি টিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আপাতত, তিনি (হাসিনা) ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচনের সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন।’

এর আগে বার্তা সংস্থা পিটিআইকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জয় বলেন, যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি (শেখ হাসিনা) ফিরে আসবেন।

সাক্ষাৎকারে জয় অভিযোগ করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছে। এছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন জয়।

এ সময় আওয়ামী লীগ ভারতের সবসময়ের বন্ধু উল্লেখ করে জয় বলেছেন, বাংলাদেশে থাকা আওয়ামী নেতাদের সুরক্ষা নিশ্চিতে যেন ভারত চাপ দেয়।

এছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করে এতে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়ার দাবিও জানিয়েছেন হাসিনাপুত্র জয়। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দেওয়া যাবে না। ডক্টর ইউনূসের ব্যক্তিগত মত যাই হোক তিনি সামনে এগিয়ে যাওয়া এবং পুরোনো ভুলগুলো যেন ফিরে না আসে সেই কথা বলেছেন। আমি আশা করি তিনি তার কথা রাখবেন।’

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর দুদিন পর বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১৬ উপদেষ্টাকে এরই মধ্যে নিয়োগ দেয়া হয়েছে।