শেখ হাসিনা-মেনন-ইনুসহ ২৭ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

চন্দ্রদ্বীপ নিউজ :: পদত্যাগের পর দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৪ দলের শরিক জাসদের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেননসহ ২৭ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে।

গত ৪ আগস্ট মিরপুরের দেশ পলিটেকনিক কলেজের নবম শ্রেণির ছাত্র নিহত শাহরিয়ার হাসান আলভীর (১৫) বাবা মো. আবুল হাসান আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দায়ের করেন। তাঁর পক্ষে ছিলেন আইনজীবী মো. আসাদ উদ্দিন।

২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি গণহত্যার অভিযোগ দায়ের করা হয়। সেগুলোর তদন্ত চলছে।

বাকি আসামিরা হলেন—জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তরীকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, যুবলীগ সেক্রেটারি মাইনুল হাসান নিখিল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুর রহমান, মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইসমাঈল মোল্লা, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পী। এছাড়া সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনকে আসামি করা হয়েছে।

প্রশাসনে থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিবি পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, র‍্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও মিরপুর মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী সাব্বিরকে আসামি করা হয়েছে।

 




যারা অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন, তারা রাজনীতি বোঝেন না: মির্জা ফখরুল

চন্দ্রদ্বীপ নিউজ :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যারা এই অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন, তারা রাজনীতি বোঝেন না। তারা রাজনীতি করেন না। তারা একটা অল্প সময়ের জন্য এসে- এই রাষ্ট্রকে যে ধ্বংস করে দিয়েছে সেটাকে একটু টেনে তোলার চেষ্টা করছেন। এই সময়ে নেতিবাচক কথা বা কাজ করে- প্রচেষ্টাকে ভণ্ডুল করে দেওয়া ঠিক হবে না।’

আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমীগর বলেন, ‘ছাত্ররা আমাদের নতুন কিছু শিক্ষা দিয়েছে, এটা নেওয়া উচিত। আমরা স্বাধীন হয়েছি, এখনো স্থিতিশীল হতে পারিনি। এখনো গণতন্ত্রকে ঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে সবার সমর্থন দিয়ে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে হবে।’

তিনি বলেন, ‘আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগনের একটি প্রতিনিধিত্বমূলক সংসদ গঠন করতে পারব এবং সেটা সরকার গঠন করবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, ছাত্ররাও সংস্কারের কথা বলছেন। এই সংস্কারকে আমরা স্বাগত জানাই। ধৈর্য্য ধরতে হবে। আওয়ামী লীগ দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে।’ এ সময় তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং চলমান আন্দোলনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আসুন আমাদের ছোট-খাটো বিভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হই। গণতন্ত্রের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তাকে কীভাবে কাজে লাগাতে পারি, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি সে জন্য একসঙ্গে কাজ করি। আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

সালাম তালুকদারকে স্মরণ করে সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘২২ পরিবারের এক পরিবারের সদস্য ছিলেন আবদুস সালাম তালুকদার। তার সততা নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলতে পারেনি। বড় উদাহরণ- তার নাতনিকে নিয়ে তার মেয়েকে স্কুলে আনা-নেওয়া করে রিকশায়। অথচ, সালাম তালুকদারের চামচা হওয়ার যোগ্যতাও যাদের ছিল না, তারা কয়েক কোটি টাকা দামের গাড়িতে ঘুরে বেড়ান।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশ্যে দেশ ও দেশের মানুষকে শান্ত থাকতে নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আমাদেরকেও নানা নির্দেশনা দিয়েছেন। আমরা তাদের নির্দেশনা কতটা মেনে চলছি, বুকে হাত দিয়ে স্মরণ করেন।’

শামসুজ্জামান মেহেদির পরিচালনায় আরও স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি নেতা এ এস এম আবদুল হালিম, আবদুস সালাম, রশিদুজ্জামান মিল্লাত, ব্যারিস্টার কায়সার কামাল, সুলতান সালাউদ্দিন টুকু, নিলোফার চৌধুরী মনি, রেজাবুদ্দৌলা চৌধুরী, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের জামাতা মাহমুদুল হাসান প্রমুখ।




গুলিবিদ্ধ বরিশালের ছাত্রদল কর্মীর পাশে বিএনপি নেতা

বরিশাল অফিস :: কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী রুহুল আমিনের (২১) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন নগর বিএনপির সাবেক সদস্য মীর জাহিদুল কবির জাহিদ।

তিনি গত ৪ আগস্ট নগরের করিম কুটির এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন।

এরপর তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু ব্যয়ভার মেটাতে ব্যর্থ হওয়ায় চিকিৎসা খরচ বহনের দায়িত্ব নেন এ বিএনপি নেতা।

গুলিবিদ্ধ রুহুল নগরের ১১ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের কর্মী এবং মেট্রোপলিটন কলেজের ছাত্র। এছাড়া তিনি নগরের দক্ষিণ আলেকান্দার আর্শেদ আলী কন্টাকটার গলির বাসিন্দা।

ছাত্রদল কর্মী রুহুল আমিন বলেন, ‘সংঘর্ষের সময় আমার ডান পায়ের হাটুর ওপরে রানে গুলিবিদ্ধ হই। এরপর খরচ জোগাড় করতে না পেরে চিকিৎসা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল।

এ বিষয়টি মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জানতে পারেন। তিনি বিষয়টি বিএনপি নেতা জাহিদকে জানালে তিনি আমার চিকিৎসার সব খরচ বহনের দায়িত্ব নেন।

এ বিষয়ে বিএনপি নেতা মীর জাহিদুল কবির জাহিদ বলেন, দেশ সংস্কারের আন্দোলনে ওই গুলিবিদ্ধ শিক্ষার্থীর দায়িত্ব নিতে পেরে ভালো লাগছে।




সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেফতার

চন্দ্রদ্বীপ নিউজ :: রাজধানীর বারিধারা এলাকা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল।

চাঁদপুরে বিএনপি নেতার বাড়ি, অফিস ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মামলায় সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

গত ১৫ আগস্ট চাঁদপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শহরের বাগাদী রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আ. রাজ্জাক হাওলাদার।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৮ জুলাই রাত ৮টায় এবং ৪ আগস্ট সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জেএম সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে এক হাজার থেকে ১২শ’ লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।




পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালী প্রতিনিধি :: বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

১৮ আগস্ট রোববার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের নিউমার্কেট গোল চত্বর প্রাঙ্গণে সমাবেশ শেষে পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুজনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট গিয়ে শেষ হয়। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নিউমার্কেট চত্বরে জমায়েত হন।




আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট




১২ সিটির মেয়র অপসারণ, প্রশাসক নিয়োগ




যেসব জেলার ডিসি প্রত্যাহার হচ্ছেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: যেসব  জেলার  ডিসিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, তাদের চলতি সপ্তাহে প্রত্যাহার করা হবে।

জনপ্রশাসন সূত্রে জানা গেছে, এই অভিযোগে চলতি সপ্তাহে ৩০ থেকে ৩৫ জেলার ডিসিদের (জেলা প্রশাসক) প্রত্যাহার করা হবে।

তবে বৈষম্যে শিকার কর্মচারী ঐক্য ফোরামের দাবি সব বিভাগের বিভাগীয় কমিশনার, জেলার ডিসি, পুলিশ সুপারসহ (এসপি) জাতীয় নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সব কর্মকর্তাকে প্রত্যাহার করতে হবে।

ফোরামের সম্বয়ক অবসরপ্রাপ্ত যুগ্মসচিব এবিএম আব্দুস সাত্তার  অফিসার্স ক্লাবে মতবিনিময় সভায় বলেন, শেখ হাসিনার ক্ষমতাকে প্রলম্বিত করতে সতায়তাকারী মাঠ প্রশাসনের কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

বৈষম্যে শিকার কর্মচারী ঐক্য ফোরামের দাবি, তারা দায়িত্বে থাকার সব যোগ্যতা হারিয়েছে। তারা রোববার থেকে সচিবালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করলে সরকারের তরফ থেকে ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে তারা তাদের কর্মসূচি স্থগিত করেছে।

জানা গেছে, ডিসি হিসাবে কর্মরত প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তাদের অনেকের মেয়াদ ৩ বছর ছুঁই ছুঁই। তাদের দ্রুত প্রত্যাহারের একটা আলোচনা আন্দোলনের আগে থেকেই চলছিল। আন্দোলনের ফলে এখন নতুন করে ডিসিদের প্রত্যাহারের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। যারা বিগত আন্দোলনে বিতর্কিত ভূমিকা রেখেছেন, তারা আগে প্রত্যাহার হবে।

প্রত্যাহারের তালিকায় ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, খুলনা, সিলেট, নরসিংদী ও বরিশালসহ ৩৫ জেলার ডিসি চলতি সপ্তাহের মধ্যেই প্রত্যাহার হচ্ছে। পরবর্তীতে অন্য জেলার ডিসিরাও প্রত্যাহার হবে।

 




ভারতে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন যেসব বিদেশি নেতা




উন্নত চিকিৎসা নিতে শিগগিরই বিদেশে যাবেন খালেদা জিয়া

চন্দ্রদ্বীপ নিউজ :: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দ্রুত বিদেশে যাবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

রবিবার রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।

জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুততম সময়ের মধ্যে বিদেশে যাবেন। তবে কোথায় যাবেন, কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তা এখনো চূড়ান্ত হয়নি।’

বিএনপির পক্ষ থেকে আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘সাড়ে ৭০০’র বেশি মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে অনেকেই বাড়ি ফিরে গেছে। আবার অনেকের দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। বর্তমানে ১১ জন রোগী দু-চোখে দেখছেন না। তাদের আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। বেগম খালেদা জিয়ার নির্দেশেই আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে এসেছি।’