বন্যার্তদের পাশে দাঁড়াতে নিজ জেলা সফর বাতিল ভিপি নুরের

পটুয়াখালী প্রতিনিধি :: বন্যার্তদের পাশে দাঁড়াতে পটুয়াখালীতে নিজ জেলা সফরের কর্মসূচি বাতিল করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

আগামী শনিবার (২৪ আগস্ট) তার নিজ জেলা সফরে যাওয়ার কথা ছিল। তিনি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং উদ্ধারকাজে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পটুয়াখালী জেলায় আগমন উপলক্ষে শনিবার (২৪ আগস্ট) জেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছিল। কিন্তু উজানের ঢলে দেশের পূর্বাঞ্চলে বন্যা বিপর্যয়সহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নির্দেশনায় প্রোগ্রামটি স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের দুর্গত এলাকায় উদ্ধারকাজসহ ভুক্তভোগী মানুষের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।




রাশেদ খান মেনন আটক

চন্দ্রদ্বীপ নিউজ :: ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে সাদা পোশাকের লোকজন ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যায়।

দলটির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতন এ তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার (১৯ আগস্ট) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান।

তিনি জানান, রাশেদ খান মেননকে আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা হয়। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউর হক নামে এক আইনজীবী মামলার আবেদন করেন। পরে আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এছাড়া আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেন।

১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রাশেদ খান মেনন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) নির্বাচিত হন মেনন।

রাশেদ খান মেননের জন্ম ১৮ মে ১৯৪৩ সালে। তার পৈতৃক নিবাস বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও ১৯৬৪ সালে একই বিষয়ে স্নাতকোত্তর করেন।

১৯৬২ সালে শিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে নেতৃত্বে আসেন মেনন। রাজনৈতিক কারণে তাকে বারবার জেলে যেতে হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়েছিল। এমএ পাস করেছেন জেলখানায় বসে পরীক্ষা দিয়ে।

সে সময়ের প্রধান ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন রাশেদ খান মেনন। ছিলেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি)।




বাঁধ খুলে অমানবিকতার পরিচয় দিয়েছে ভারত: তথ্য উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: আগাম সতর্ক না করে এবং প্রস্তুতির সুযোগ না দিয়ে বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে অসহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টাদের এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে এ বন্যা পরিস্থিতির সৃষ্টি করছে। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতির নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব দ্রুত ভারত-বাংলাদেশের জনগণবিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে।’

দুর্যোগ থেকে দুই দেশকে তাদের জনগণকে রক্ষায় একত্রে কাজ করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা কীভাবে একত্রে বাংলাদেশের জনগণ ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি, সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে।’

দুই দেশের সু-সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে এ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ ভারতের নীতি নিয়ে ক্ষুব্ধ। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন দিন ধরে পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করছে, কথা বলে আসছে। আমরা আশা করব, বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন যেন না রাখা হয়। ন্যায্যতার ভিত্তিতে যেন বাংলাদেশ-ভারত রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়।’

দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় দেশের সব সামাজিক ও রাজনৈতিক শক্তি এবং জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, ঠিক গণঅভ্যুত্থানে জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল।’

দুর্যোগ মোকাবেলায় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ব্যবসায়ীদেরও মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসার অনুরোধ করেন এ উপদেষ্টা।




সংবাদমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই: হাইকোর্ট

চন্দ্রদ্বীপ নিউজ :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো ধরনের বক্তব্য-বিবৃতি সংবাদমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়ে দেওয়া রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে এ রায় ঘোষণা করেন।

আদালতে রুল ও অন্তর্বর্তীকালীন আদেশ প্রত্যাহারের আবেদন করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা। তিনি আদালতে বলেন, ‘আমি আদালতে এই রিট মামলা আর চালাতে চাই না।’

এ সময় আদালতে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ৭ জানুয়ারি তারেক রহমানের বক্তব্য সংবাদমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একইসঙ্গে রুল জারি করে। রুলে তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

ওই রুল শুনানির জন্য আট বছর পর হাইকোর্টে আবেদন জানায় রিটকারী পক্ষ। কিন্তু তারেক রহমানের ঠিকানা ভুল থাকায় নোটিশ সঠিকভাবে জারি হয়নি। এ কারণে ঠিকানা সংশোধন করে ফের আবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। ওই নির্দেশনা মোতাবেক তারেক রহমানের ঠিকানা সংশোধন করে নোটিশ জারির নির্দেশ দেন আদালত। এরপরই নোটিশ জারি করা হয়।




কোথায় আছেন বরিশালের সাবেক ১৬ এমপি-মন্ত্রী !

বরিশাল অফিস :: ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে গেছেন বরিশাল বিভাগের ১৬ জন সাবেক এমপি-মন্ত্রী। এদের মধ্যে কেউ আছেন দেশে কেউবা পাড়ি জমাতে সক্ষম হয়েছেন বিদেশে। অনেকে আবার দেশত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর পরই।

আগৈলঝাড়া-গৌরনদী নিয়ে গঠিত বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ একমাস আগেই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। অনেকে বলছেন সরকার পতনের বিষয়টি শুরু থেকেই আঁচ করতে পেরেছিলেন আওয়ামী লীগের এ প্রভাবশালী নেতা। তাইতো আগেভাগেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি।

ভারতে পালিয়েছেন হিজলা-মেহেন্দিগঞ্জ নিয়ে গঠিত বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। এ আসন থেকে ২০১৪ সালে প্রথমবারের মত বিনাভোটে এমপি নির্বাচিত হন তিনি। এরপর ২০১৮ সালে দলীয় টিকিটে দ্বিতীয়বার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ২০২৩ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ। কিন্তু দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়ন পত্র বাতিল করে নির্বাচন কমিশন। এরপর তাকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচিত করা হয়। দলীয় সূত্র বলছে বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থান করছেন শাম্মি।

গত ২ আগস্ট সর্বশেষ এলাকায় এসেছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। খুব অল্প সময় অবস্থানের পর ঢাকায় চলে যান। সরকার পতনের আগের দিন ৪ আগস্ট তার বরিশালের বাসায় আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। জাহিদ ফারুক ২০১৮ সালে প্রথমবার এমপি নির্বাচিত হন।

বাকেরগঞ্জ উপজেলা ও পৌরসভা নিয়ে গঠিত বরিশাল-৬ আসনে প্রথমবার নৌকার টিকিট নিয়ে এমপি হয়েছিলেন আব্দুল হাফিজ মল্লিক। সরকার পতনের পর তারও কোন খোঁজ নেই।

রাজাপুর-কাঠালিয়া নিয়ে গঠিত ঝালকাঠী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর বাংলাদেশেই আত্মগোপনে আছেন। এই মুহূর্তে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ব্যারিষ্টার ওমর নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকার টিকিটে নির্বাচন করে বিজয়ী হন। হাসিনা সরকার পতনের পর তার বরিশালের বীরোত্তম ভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া রাজাপুরের বাসভবনেও হামলা চালানো হয়। দল ত্যাগের কারণে ইতিমধ্যে জাতীয় বেঈমানে ভূষিত হয়েছেন বিএনপির সাবেক এ নেতা।

ঝালকাঠী সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠী-২ আসনের এমপি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমুরও কোন খোঁজ নেই। কেউ বলছেন তিনি ভারতে পালিয়েছেন আবার কেউ বলছেন দেশেই অবস্থান করছেন তিনি। তিনি প্রথমবার ২০০১ সালে উপনির্বাচনে কয়েকমাসের জন্য এমপি নির্বাচিত হয়েছিলেন। ওই আসনের তৎকালীন জনপ্রিয় এমপি জুলফিকার আলী ভুট্টোর মৃত্যু হলে এ আসনটি শূন্য হয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে তখন কারচুপি করে এমপি নির্বাচিত হন আমির হোসেন আমু। এরপর ২০১৪ ও ২০১৮ সালে বিনাভোটে সংসদ সদস্য নির্বাচিত হলেও তাকে মন্ত্রী করা হয়নি। সরকার পতনের পর পরই তার ঝালকাঠীর বাড়ীতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। বাসা থেকে উদ্ধার করা হয় প্রায় ৫ কোটি টাকা।

ভান্ডারিয়া-কাউখালী ও নেছারাবাদ নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন মহারাজ। তিনি এক সময় সাবেক মন্ত্রী ও জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর একান্ত ব্যক্তিগত সহকারী ছিলেন। ওই সময় বিপুল অর্থ-সম্পদের মালিক হন মহারাজ। নির্বাচনে এ আসনে নৌকার টিকিট পেয়েছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। কিন্তু তিনি বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন এক সময়ের ব্যক্তিগত সহকারীর কাছে। সরকার পতনের পর মহারাজেরও কোন খোঁজ নেই।

পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনের এমপি শ.ম রেজাউল করিমও আত্মগোপনে আছেন। তিনি এ আসন থেকে দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত এমপি নির্বাচিত হয়েই মন্ত্রীর চেয়ারে বসার সুযোগ পান আওয়ামী লীগের এ নেতা।

মঠবাড়ীয়া উপজেলা ও পৌরসভা নিয়ে গঠিত পিরোজপুর-৩ আসনে প্রথমবারের মত স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগ নেতা শামীম শাহনেওয়াজ। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেনের আপন ভাই। সরকার পতনের পর তারও কোন খোঁজ নেই।

বরগুনা-আমতলি-তালতলি নিয়ে গঠিত বরগুনা-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু এলাকায় অবস্থান করছেন। তিনি স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৫ বারের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে পরাজিত করেন। পরাজিত শম্ভু ইতিমধ্যে এলাকা ছেড়ে পালিয়েছেন। বামনা ও পাথরঘাটা নিয়ে গঠিত বরগুনা-২ আসনের সাবেক এমপি সুলতানা নাদীরা ঢাকায় অবস্থান করছেন।

দেশের পট পরিবর্তনের সাথে সাথে আত্মগোপনে চলে গেছেন বাউফল উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-২ আসনের ৮ বারের সংসদ সদস্য আসম ফিরোজ।

সরকার পতনের আগে গত ২৭ জুলাই দেশত্যাগ করেছেন পটুয়াখালী-৩ আসনের দুইবারের সংসদ সদস্য এসএম শাহজাদা। বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন তিনি। শাহজাদা এক সময়ে বিএনপির রাজনীতি করলেও ২০১৮ সালে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনারের সুপারিশে নৌকার টিকিট পেয়ে বিনাভোটে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।
কলাপাড়া-রাঙাবালী নিয়ে গঠিত পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। শেখ হাসিনার দেশ ত্যাগের পর তারও কোন খবর নেই। অনেকের ধারণা তিনি ভারতে আশ্রয় নিয়েছেন।

চরফ্যাশন-মনপুরা নিয়ে গঠিত ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি সবশেষ ৩ আগস্ট এলাকায় এসে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন চরফ্যাশনের একজন সংবাদকর্মী। তবে একটি জাতীয় দৈনিকের সংবাদে বলা হয়েছে গত ২৭ জুলাই দেশ ছেড়ে দুবাইয়ে আশ্রয় নিয়েছেন চারবারের এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

বোরহানউদ্দীন-দৌলতখান নিয়ে গঠিত ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ৫ আগস্ট দুপুর পর্যন্ত নিজ বাসায় অবস্থান করছিলেন। শেখ হাসিনার পদত্যাগের পর পরই মোটরসাইকেলযোগে পালিয়ে প্রানে রক্ষা পান।

লালমোহন-তজুমদ্দীন নিয়ে গঠিত ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন সবশেষ ৪ আগস্ট ঢাকায় মহড়া দিয়েছেন। অনেকের ধারণা তিনি বাংলাদেশেই আত্মগোপন করে আছেন।




গুম খুন ও গনহত্যার প্রতিবাদে পটুয়াখালীতে যুবদলের বিক্ষোভ মিছিল

পটুয়াখালী প্রতিনিধি :: ১৫ বছরে গুম খুন হামলা ও গনহত্যার প্রতিবাদ এবং শেখ হাসিনা সহ জড়িত সকলের বিচারের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

বুধবার (২১ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় পৌর শহরের বনানী মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক শিপলু খান, ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ১৫ বছরে স্বৈরাচারী খুনি হাসিনা লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীকে গুম খুন করে ও নির্যাতন চালায়। মিথ্যা মামলায় গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে বন্দী রাখে।

এছাড়া আলেম ওলামাদের পৌচাশিক কায়দায় হত্যা, পিলখানা হত্যাকান্ডসহ ছাত্র জনতার গনঅভ্যুথ্যানে হাজার হাজার ছাত্র জনতা ও শিশু হত্যা যখমের সরাসরি নির্দেশদাতা, শেখ হাসিনা সহ তার দোসরদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান তারা।

এদিকে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর অফিসার হত্যা, (২৮ অক্টোবর) লগি বৈঠার তান্ডব, শাপলা চত্ত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরহ আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা, অসংখ্য গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপি সহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, হেফাজতে নির্যাতন ও হত্যা, নিরাপদ সড়ক ও কোটা সংস্কার আন্দোলনে নৃশংস গণহত্যায় শহীদদের স্মরণে শোক রেলী করেছে জেলা ছাত্রদল।

দুপুর ১২ টার দিকে পটুয়াখালী সরকারী কলেজ প্রাঙ্গন থেকে রেলীটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিযে শেষ হয়। এসময় জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, জেলা ছাত্রদল আহবায়ক মেহেদী হাসান শামীম সাধারন সম্পাদক জাকারিয়া আহাম্মেদ সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।




শেখ হাসিনার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল

বরিশাল অফিস :: বিগত ১৫ বছরে বিএনপিসহ অন্যান্য দলের কয়েক হাজার নেতাকর্মীকে গুম, খুন-জখম, শাপলা চত্বরে পৈশাচিক কায়দায় হত্যা, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি করে হত্যা ও জখমের নির্দেশদাতা শেখ হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা দক্ষিণ ও মহানগর যুবদলের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের শুরুতে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান।

বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডভোকেট এইচএম তছলিম উদ্দিন, সালাউদ্দিন নাহিদ, যুগ্ম সম্পাদক নুরুল আমিন কায়েস, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাযহারুল বাসলাম জাহান প্রমুখ।

 

অপরদিকে একই দাবিতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের নেতৃত্বে নগরীর জেলখানা মোড় এলাকা থেকে কালো পতাকার মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। অন্যদিকে জেলা ও মহানগর ছাত্রদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে অনুরূপ বিক্ষোভ মিছিল করা হয়েছে।

 




হাসিনা-রেহানা-পুতুল-জয়ের বিরুদ্ধে মামলার আবেদন

চন্দ্রদ্বীপ নিউজ :: বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে পুলিশের গুলিতে ফলের দোকানি মো. ফরিদ শেখ নিহত হওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

আজ মঙ্গলবার নিহত ফরিদের বাবা মো. সুলতান শেখ এই মামলার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদ বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন।

মামলার অপর আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, জুনায়েদ আহমেদ পলক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে নূর তাপস, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ নুরুল ইসলাম, হারুন-অর-রশিদ, বিপ্লব কুমার, হাবিবুর রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আমির হোসেন আমু, সাদ্দাম হোসেন, আবুল হাসান। এ ছাড়া অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে ছাত্র-জনতার তুমুল আন্দোলন চলাকালে বিকেল সাড়ে ৩টায় ফরিদ শেখ যাত্রাবাড়ী ফ্লাইওভারের টোল প্লাজার দক্ষিণ পার্শ্বের রাস্তা দিয়ে তার নিজের ফলের দোকানে যাচ্ছিলেন। এ সময় তিনি পুলিশের গুলির আঘাতে মারাত্মক আহত হয়ে রাস্তায় লুটিয়ে পরেন। পরে আশেপাশের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ আগস্ট হাসপাতালে মারা যান ফরিদ শেখ।




হত্যা মামলায় দীপু মনি ও জয় রিমান্ডে

চন্দ্রদ্বীপ নিউজ :: মোহাম্মদপুরের মুদিদোকানি আবু সায়েদকে হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির চার দিনএবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন শুনানি শেষে এ রিমান্ড আদেশ দেন।

আগে মামলার তদন্তকারী কর্মকর্তা, মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন এ রিমান্ড আবেদন করেন।

মুদি দোকানি আবু সায়েদকে হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির ৪ দিনের এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুট থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন এ রিমান্ড আবেদন করেন।

এরআগে সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দীপু মনিকে গ্রেফতার করা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দীপু মনিকে শুরুতে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। এরপর শিক্ষামন্ত্রী এবং সবশেষ সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন তিনি। চাঁদপুরে দীপু মনির আত্মীয়-স্বজন সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।

সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে মোহাম্মদপুর থানায় করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আরিফ খান জয় ২০১৪ সালে নেত্রকোনা-২ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান।




সারা দেশে দেড় হাজার বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল ভাঙচুর

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীসহ সারা দেশে প্রায় দেড় হাজার ভাস্কর্য, রিলিফ ভাস্কর্য, ম্যুরাল ও স্মৃতিস্তম্ভ ভাঙচুর, অগ্নিসংযোগ ও উপড়ে ফেলা হয়েছে। এসব ভাস্কর্য ও ম্যুরালের বেশির ভাগই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধকেন্দ্রিক। ধ্বংস করা হয়েছে ময়মনসিংহের শশীলজের ভেনাসের মূর্তি, সুপ্রিম কোর্টের থেমিস ও শিশু একাডেমির দুরন্ত ভাস্কর্যটিও।

৫ থেকে ১৪ আগস্টের মধ্যে ৫৯টি জেলায় ১ হাজার ৪৯৪টি ভাস্কর্য, রিলিফ ভাস্কর্য (সিরামিক বা টেরাকোটা দিয়ে দেয়ালে খোদাই করে ফুটিয়ে তোলা অবয়ব), ম্যুরাল ও স্মৃতিস্তম্ভ ভাঙচুর, অগ্নিসংযোগ ও উপড়ে ফেলার তথ্য আছে। বেশির ভাগ ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটেছে ৫, ৬ ও ৭ আগস্ট।