যাত্রাবাড়ী থানার সাবেক ওসি টেকনাফে গ্রেফতার

চন্দ্রদ্বীপ ডেস্ক : সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে কলেজছাত্র ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। হত্যা মামলাটিতে যাত্রাবাড়ী থানার আরেক পরিদর্শক জাকির হোসেনকেও খুঁজছে পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টেকনাফ থানার ওসি আব্দুল্লাহ আল মামুনও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিএমপির যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এবং কক্সবাজার জেলা পুলিশের নির্দেশনায় টেকনাফ এপিবিএনে কর্মরত আবুল হাসানকে গ্রেফতার করা হয়। তাকে ঢাকা মহানগর পুলিশে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

গত ২০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন রাজারবাগ পুলিশ লাইনসের উপপরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে কলেজছাত্র ইমাম হাসান তাইম। তিনি নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম. ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় তার মা মোছা. পারভীন আক্তার বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচজনকে আসামি করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, এসি তানজিল আহমেদ, যাত্রাবাড়ী থানার ওসি আবুল হোসেন ও পরিদর্শক জাকির হোসেন।

হত্যা মামলাটিতে আজ শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ আলীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।




সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ নিউজ :: সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।

রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় সংশ্লিষ্ট থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। নুরুল ইসলাম সুজন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর কক্ষে ছিলেন বলে জানিয়েছে রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশ।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন অসুস্থ হওয়ায় হাসপাতালের ৮৩৩ নম্বর কক্ষেই পুলিশি হেফাজতে রয়েছেন।

নুরুল ইসলাম সুজন ২০০১ সালে পঞ্চগড়–২ আসন থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নেন। তখন বিএনপির প্রার্থী মোজাহার হোসেনের কাছে পরাজিত হন তিনি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন নূরুল ইসলাম সুজন। এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী এমরান আল আমিনকে পরাজিত করে দ্বিতীয় বার নির্বাচিত হন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নুরুল ইসলাম সুজন তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তখন তাঁকে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশ ছেড়ে যান শেখ হাসিনা। আশ্রয় নেন প্রতিবেশি ভারতের কাছে। আর তারপর থেকেই দলটির নেতাকর্মীরাও পলাতক। ইতোমধ্যে দুই ডজনের বেশি প্রভাবশালী সাবেক মন্ত্রী–এমপি গ্রেপ্তার হয়েছে।




সাড়ে ১৭ বছর জনগণের জীবনে ছিলো দুঃসহ কালোরাত: জামায়াত আমীর

চন্দ্রদ্বীপ নিউজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সাড়ে ১৭ বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিলো দুঃসহ কালোরাত। শেখ হাসিনা সেটাকে কালিমা হিসেবে জাতীর কপালে লেপে দিতে চেয়েছিলেন, জাতি এখন তার দিকে যেটা ফিরিয়ে দিয়েছে। শেখ হাসিনার নির্দেশে প্রত্যন্ত সারাদেশে লগি বৈঠার তাণ্ডব চালিয়ে মানুষকে হত্যা করেছে। ফ্যাসিস্টের সূত্রপাত এখান থেকেই শুরু হয়।

সোমবার(১৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যোনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত পরিবারের সাথে জামায়াতের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বিডিআর বিদ্রোহ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর উপর আঘাত দিয়েছে। পিলখানায় বিডিআর সদর দপ্তরে ৫৪ জন সামরিক অফিসারকে হত্যা করেছে। মহিলা সদস্যদের নির্যাতিত লাঞ্চিত এবং হত্যা করে ড্রেনে লাশ ভাসিয়ে দিয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। সেনাবাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে দেয়া হয়নি।

তিনি বলেন, ৪২ বছর যাদের বিরুদ্ধে কোন থানায় জিডি কিংবা মামলাও ছিলো না। ৪২ বছর পরে তাদের বিরুদ্ধে মানবতাবিরাধী অপরাধে অভিযোগ আনা হলো। মিথ্যা মামলা ও সাজানো স্বাক্ষী দিয়ে একে একে শীর্ষ স্থানীয় ১১ জনকে আমাদের বুক থেকে কেড়ে নেয়া হল।

তিনি আরো বলেন, বাংলাদেশকে এমন মডেল বানালেন ও রাজপথ তৈরি করলেন গাড়ি দিয়ে রাজপথে যেতে পারলেন না। এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হল। জাতীকে ভাগে ভাগে বিভক্ত করেছেন। প্রত্যক্তটি মানুষ ছিলো জুলুমের শিকার। কেউ কারও বিরুদ্ধে সামান্য কথা বললেও ডিজিটাল আইনে তাদের ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে। এমনকি সাংবাদিকদেরও নির্যাতন করা হয়েছে।

জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইজ্জত উল্লাহ, টাঙ্গাইল শহর শাখার সভাপতি মামুন আব্দুল্লাহ প্রমুখ।

এসময় জামায়াতের নেতা-কর্মী, বৈষম্য বিরোধী আন্দোলনের সমস্বয়ক ও নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।




শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া দাবি আওয়ামী লীগের

চন্দ্রদ্বীপ নিউজ :: ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে বাধ্য হয়ে ভারতে পাড়ি জমান দীর্ঘ দেড় দশক ধরে দেশ শাসন করা শেখ হাসিনা। তিনি দেশ ছাড়ার ৬ সপ্তাহ পরে সামনে এলো শেখ হাসিনার পদত্যাগপত্র। কিন্তু ফেসবুকে ভাইরাল এই পদত্যাগপত্রটি আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে ভুয়া বলে দাবি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহূর্তেই ছড়িয়ে পড়া ওই পদত্যাগপত্রে দেখা গেছে, এটি গত ৫ আগস্ট রাষ্ট্রপতি বরাবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো হয়েছিল।

এদিকে আওয়ামী লীগ দাবি করেছে, ‘দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোন পদত্যাগপত্র প্রকাশ, একটি দৈন্যতা মাত্র’

তারা ফেসবুকে ভাইরাল ওই পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, কেন এই পদত্যাগপত্র ভুয়া?

১। তারা ভুলে এখনও মুজিববর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যেই মুজিববর্ষ ২০২১ সালে শেষ!
২। লক্ষ্য করুন ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট।
৩। পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিলো।
৪। শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য।
৫। গত ৫ আগস্ট ছিলো ২১ শ্রাবণ, পদত্যাগপত্রে দেওয়া ২০ শ্রাবণ!
পোস্টে আরও লিখেছে, ‘দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি। তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এইসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন।’

প্রসঙ্গত, বর্তমানে ভারতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে থেকেই সম্প্রতি একটি ফাঁস হওয়া ফোনালাপে তাকে বলতে শোনা যায়, তিনি পদত্যাগ করেননি, তিনি এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী।




দ্রুত নির্বাচনের দাবি ‘সরকারের ভেতর থেকে নতুন দল তৈরির কথা বললে জনগণ কীভাবে বুঝবে তাঁরা নিরপেক্ষ?’

চন্দ্রদ্বীপ ডেস্ক: অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ছাত্র-জনতা রক্ত দিয়ে সুযোগ তৈরি করেছে সামনে এগিয়ে যাওয়ার, আমাদের ব্যবস্থাকে জনগণ যেভাবে চায়, সেভাবে নিয়ে আসার। সেটা কি নস্যাৎ করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে? যাঁরা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাঁদের দায়িত্ব দিয়েছে, তাঁদের মধ্য থেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। যদি বলেন নতুন দল তৈরি করতে হবে, তাহলে জনগণ কী করে বুঝবে যে তাঁরা নিরপেক্ষভাবে কাজ করছেন?’

আজ সোমবার ‘দ্বিকক্ষ পার্লামেন্ট: উচ্চকক্ষের গঠন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

বিএনপির মহাসচিব বলেন, বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করেছে যে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালে জন্য রাখা হোক। সমস্ত সংস্কার তারাই করুক। যেকোনো সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। সে জন্য নির্বাচিত সরকার প্রয়োজন।

বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে হওয়া সব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের স্বৈরশাসনকে সহায়তাকারীরা এখনো প্রশাসনে রয়ে গেছেন, তাঁদের অপসারণ করতে হবে। সেই সঙ্গে আন্দোলনে নিহত-আহত ব্যক্তিদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান মির্জা ফখরুল।

আলোচনা সভার সভাপতিত্ব করেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, নির্বাচন অবশ্যই করতে হবে। তবে সংস্কার ছাড়া নির্বাচন দিলে তাতে কোনো লাভ হবে না। সংবিধান সংস্কার ও শাসনব্যবস্থা মেরামত করতে হবে। যারা হত্যা করেছে, তাদের ক্ষমা করা যাবে না। বিচার করতে হবে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, কোন কোন বিষয়ে সংস্কার করতে হবে, সে বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে। কোনটা আগে শুরু করা হবে, সেটা কীভাবে বাস্তবায়ন করা হবে এবং তা কীভাবে টেকসই যায়, তা ভাবতে হবে। কারণ, অর্জন করলেও তা টিকিয়ে রাখা যায় না। যে সংস্কার না করলে এই আন্দোলন ব্যর্থ হতে পারে, সেটা নিয়ে আলোচনার করা দরকার।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাব সমর্থন করেন না বলে জানান এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, বাংলাদেশে এটা নিরাপত্তার জন্য উদ্বেগের। এখানে আইন পাস করা কঠিন হয়ে যাবে। তাই এটা পুনর্বিবেচনা করা দরকার।

এ সময় আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব আবু ইউসুফ সেলিম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া ও কে এম জাবির।




আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে

বরিশাল অফিস :: হোটেল কর্মচারী মো. সিয়াম সরদার হত্যা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও অ্যাডভোকেট মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এ আদেশ দেন।

মিরপুর মডেল থানায় এ মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান কারাগারে আটক রাখার আবেদন করেন।

এর আগে গতকাল রাত ১১টায় বেইলী রোডের নওরতন কলোনি থেকে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। আর রাজধানীর সেগুনবাগিচা থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

নিহত সিয়াম সরদারের বাবা মো. সোহাগ সরদার বাদী হয়ে গত ১২ সেপ্টেম্বর ১১৪ জনকে আসামি করে মামলা করেন। মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি হলেন আসাদুজ্জামান নূর। তবে মাহবুব আলাীর নাম এজাহারে নেই। তাকে এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশীদ, মনির হোসেন, আওয়ামী লীগ নেতা মাইনুল হোসেন খান নিখিল ও কামাল আহমেদ মজুমদার।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই রাত ১১টার দিকে মিরপুর-১০ এ আবু তালেব স্কুলের সামনে আওয়ামী লীগসহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসাদুজ্জামান খান কামালের নির্দেশে নির্বিচারে গুলি করে। এ সময় সিয়াম সরদার হোটেলের কাজ শেষে বাসায় ফিরছিলেন। তখন গুলিবিদ্ধ হয়ে সিয়াম মারা যান।




ভারতে পালানোর সময় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ আটক ৪

চন্দ্রদ্বীপ ডেস্ক: অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা থেকে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকার চালক সেলিমসহ চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এ সময় তাদের বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করে স্থানীয়রা।

একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহাবুবুর রহমান সমকালকে বলেন, ‘আমার বাড়ি ময়মনসিংহ সদরে। মোজাম্মেল হোসেন বাবু ভাই আমাকে বলার পর আমি তার সঙ্গে যোগ দেই। পথে ১০টি মোটরসাইকেল পথরোধ করে আটকিয়ে আমাদেরকে কিলঘুসি দিয়ে টাকা চায়। এক পর্যায়ে আমার মানিব্যাগ চেক করে ৩০০ টাকা পায়। টাকা নিয়ে মানিব্যাগটি ফকিন্নি বলে আমার মুখের উপর ফেলে দেয়। পরে আমাদের সবার কাছে চেক করে যা ছিল সব নিয়ে যায়। এরপর কি হইছে আমি বলতে পারবো না।’

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া সমকালকে বলেন, আজ সোমবার ভোর ৬টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এ সময় তাদের বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করে স্থানীয়রা। আটক চারজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মো. আজিজুল ইসলাম বলেন, আটকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




নতুন রাজনৈতিক শক্তির বিকাশ দরকার— ড. ইফতেখারুজ্জামান

চন্দ্রদ্বীপ ডেস্ক: টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আমদের নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। রাজনৈতিক বিভাজনের কারণে আমাদের রাষ্ট্র কাঠামোতে বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ হয়েছে। প্রতিষ্ঠানগুলো অকার্যকর করে দেওয়া হয়েছে, সেগুলোকে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই চর্চায় ত্রিমুখী আঁতাত কাজ করেছে। রাজনৈতিক শক্তি একদিক থেকে, আমলাতন্ত্র আরেকদিক দিক থেকে। অন্যদিক থেকে বিনিয়োগকারীরা কাজ করেছেন। দুর্নীতি সহায়ক ও দুর্নীতিকে সুরক্ষা দেওয়ার মতো রাষ্ট্র কাঠামো তৈরি হয়েছে। যার ফলে সমাজে বৈষম্য বেড়েছে। সেটাকে ধারণ করার জন্য আমাদের মৌলিক অধিকার হরণ করা হয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ক্ষমতাকে প্রশ্ন করার পাশাপাশি জনগণকে কারো না কারো প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এতবছর ধরে ফ্যাসিস্ট সরকার থাকার একটা প্রভাব আমাদের মধ্যে রয়েছে। আমরা এখন ক্ষমতাকে ভয় পাই। সবাই মনে করে, ক্ষমতায় যে যায়, সে রাবণ হয়। আমাদের মধ্যে এ চিন্তা আছে। এ কারণে আমরা বার বার বলছি, ‘অতীতের অভিজ্ঞতা, যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ডিরেইল হয়েছে’। এখন আমরা যদি সবকিছুকে এভাবে রিজেক্ট করি, তাহলে আমরা এই সংকট উত্তরণ করতে পারব না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আরিফ সোহেল বলেন, ‘জনগণের ভাষা যেটা লড়াই ও প্রতিরোধের মাধ্যমে তৈরি হয়েছে সেটাকে আমরা ক্ষমতায় আসতে দেখিনি। আমাদের রাজনৈতিক দল থেকে পরিবারতন্ত্র সরাতে হবে। জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এ আকাঙ্ক্ষার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে একটি রূপান্তর করতে হবে। এ রূপান্তর কোনো মাইনাস প্রক্রিয়া না।আমরা দেশের রাজনৈতিক দলগুলোতে রূপান্তর দেখতে চাই। আমরা এ বোঝাপড়া করতে চাই, সবার সঙ্গে বসতে চাই।




জিএম কাদেরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গাইবান্ধায় জাপার বিক্ষোভ মিছিল

চন্দ্রদ্বীপ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।

রবিবার দুপুরে জাতীয় পার্টি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদে শহরের হর্কাস মার্কেটের সামন থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। মিছিলে জেলা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আসা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।




আওয়ামী লীগকে ছাড়াই হয়তো ভোট  হবে: কমিশন প্রধান

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা সংস্কারের দায়িত্বে গঠিত কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার  জানিয়েছেন, সংবিধান লঙ্ঘন করে ভোট জালিয়াতি করার দায়ে আগে বিচার হবে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যূত আওয়ামী লীগ‌ নেতৃত্বের। এর পরে শাস্তি ভোগ করে তবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন তাঁরা। তাতে আগামী নির্বাচনে শেখ হাসিনার দল যদি অংশগ্রহণ না-করতে পারে, তাতেও কোনও অসুবিধা হবে না।

সুজন নামে একটি নাগরিক অধিকার সংগঠনের প্রধান বদিউল আলম দীর্ঘদিন ধরেই নির্বাচনী সংস্কারের দাবিতে সরব। ক্ষমতাসীন হওয়ার এক মাস পূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বক্তৃতায় ৬টি সংস্কার-কমিশন গঠনের ঘোষণা করে তার প্রধানদের নাম জানান। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের বিষয়ে কমিশনের প্রধান হিসাবে বদিউলের নাম বলেন তিনি। বদিউল শনিবার একটি অনুষ্ঠানে তাঁর বক্তৃতায় বলেন, “পূর্বে যারা ডামি নির্বাচনের আয়োজন করেছে তারা সুস্পষ্ট ভাবে সংবিধান লঙ্ঘনকারী। সংবিধান লঙ্ঘনের অভিযোগে তাদের বিচার হবে। তা না হলে আগামী দিনে দৃষ্টান্ত সৃষ্টি হবে না। বিগত তিন জাতীয় নির্বাচন পরিচালনায় যুক্ত ১০ লক্ষ মানুষ সবাই নির্বাচনী অপরাধী।” বদিউলের কথায়, “আওয়ামী লীগের সবাই কলঙ্কিত ও পলাতক।” তিনি জানান, বিচারে যে শাস্তির বিধান হবে, তা ভোগ করে তার পরে ভোট করতে হবে আওয়ামী নেতাদের। বদিউল বলেন, “আওয়ামী লীগকে বিলুপ্ত করার পক্ষে কেউ নই। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তারা শাস্তিভোগ শেষ করে পুনর্গঠিত হতে না-পারলে তাদের ছাড়াই নির্বাচন হবে। সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না।”

বদিউলের এই মন্তব্যে ‘চক্রান্ত’ দেখছেন আওয়ামী লীগ নেতৃত্ব। আত্মগোপনে থাকা দলের এক কেন্দ্রীয় নেতা বলেন, “ইউনূস সরকার আসলে অন্য কারও কর্মসূচি রূপায়ণ করছে। আওয়ামী লীগকে এত ভয় কেন বদিউলদের? এই চক্রান্ত কেন করতে হচ্ছে তাদের? অতীতেও এ সব করে আমাদের শেষ করা যায়নি, এ বারেও হবে না। শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীনতা পাওয়া বাংলাদেশকে শেখ হাসিনা যে ভাবে উন্নয়নের পথে নিয়ে গিয়েছেন, মানুষ তা জানেন বলেই আওয়ামী লীগকে ভোটারদের কাছে পৌঁছতে দিতে চায় না এরা।” বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ অসীম জানান, তাঁরা কোনও দলের উপরে নিষেধাজ্ঞা চান না। অসীম বলেন, “বিএনপি সব সময়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। আওয়ামী লীগ আমাদের বাদ দিয়ে জালিয়াতির ভোট করত। আমার দল তার পক্ষপাতী নয়। তবে গণঅভ্যুত্থানের পরে ছাত্র-জনতা কী সিদ্ধান্ত নেয়, সেটা আলাদা।”

পর্যটন শহর কক্সবাজারে ‘শালীন পোশাক’ না পরা এবং একা ঘোরার দায়ে মেয়েদের হেনস্থার যে ভিডিয়ো আগের দিন প্রকাশিত হয়েছিল, তার মূল আসামি ফারুকুল ইসলামকে পুলিশ আটক করেছে। তবে হেনস্থা হওয়া মেয়েদের খোঁজ মেলেনি বলে পুলিশ জানিয়েছে। এর পরে পুলিশই এই মাদ্রাসা ছাত্রের বিরুদ্ধে l