বিএনপির সিদ্ধান্তের পক্ষে ১২ দল

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের অপসারণ ইস্যুতে বিএনপির সিদ্ধান্ত অনুসরণ করবে ১২ দলীয় জোট। একই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টিতে প্রধান উপদেষ্টার সংলাপ চায় গণ-অধিকার পরিষদ। গতকাল রবিবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকের পর এ অবস্থানের কথা জানিয়েছে জোট ও পরিষদ। বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আরিফ সোহেল, উমামা ফাতেমা ও আবদুল হান্নান মাসউদ। জাতীয় নাগরিক কমিটির পক্ষে ছিলেন নাসীরউদ্দীন পাটওয়ারী, সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব।

ছিলেন সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল ইসলাম, সহ আইন সম্পাদক হাবিবুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ।

এর আগে গত শনিবার বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠক হয়। জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বৈঠক করেন গত শুক্রবার। এসব বৈঠকের মূল আলোচ্য বিষয় রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে নৈতিকভাবে একমত হওয়া। এ ছাড়া সংবিধান বাতিল ও প্রক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক ঘোষণার বিষয়েও আলোচনা হয়েছে।

‘শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই’- রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের এমন বক্তব্যের পর তাকে অপসারণে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন। সরকারও নানা তৎপরতা চালায়। কিন্তু এতে সাংবিধানিক সংকট হতে পারে- এমন আশঙ্কা করা হয়। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে দলীয় অবস্থান ব্যক্ত করে বিএনপি। এরপরই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে ধারাবাহিক বৈঠক শুরু করেন।




ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতের আমিরের সতর্কবার্তা: “পরিণতি হবে করুণ”

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “যদি নিজের দলসহ অন্য রাজনৈতিক দলের কেউ এখন ফ্যাসিবাদের মতো আচরণ করে, তাহলে তাঁদের পরিণতি অতীতের ফ্যাসিবাদের চেয়েও করুণ হবে।” আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় তিনি বলেন, “আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। তবে ন্যায়বিচারে আমাদের অধিকার রয়েছে। শহীদ পরিবারের সদস্যদের ন্যায়বিচার চাইতে আহ্বান জানান শফিকুর রহমান।”

শফিকুর রহমান আরও বলেন, “আওয়ামী লীগের খুনের বিচার চাই। আমরা চাই আদালত যেন আমাদের ওপর যেভাবে জুলুম হয়েছে, তাঁদের ওপরও সেভাবে ন্যায়বিচার নিশ্চিত করে।” তিনি সরকারি চাকরির জন্য শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।

তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদের থাবায় নিহতদের স্মরণ করেন এবং তাঁদের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। শহীদ পরিবারের সদস্যরাও তাঁদের বক্তব্যে হত্যাকারীদের বিচার চেয়েছেন।




১৫ জুলাই ঢাবিতে হামলার ঘটনায় ছাত্রলীগের ২২০ জনের বিরুদ্ধে নতুন মামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দ্বিতীয় দফায় ছাত্রলীগের ২২০ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় নতুন মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন রোববার (২৬ অক্টোবর) মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভির হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু এবং ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদসহ অন্যদের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার পর শাহবাগ থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন, “গত ২১ তারিখে আমরা একটি মামলা করেছিলাম। সেই মামলায় বাদ পড়া আসামিদের বিরুদ্ধে এবং আন্দোলনের মূল উসকানিদাতাদের বিরুদ্ধে নতুন এই মামলা দায়ের করেছি।”

আমান হোসেন জানান, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, “১৫ জুলাই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নির্মম হামলার শিকার হয়েছেন শিক্ষার্থীরা। আমরা যারা কর্মসূচিতে অংশগ্রহণে বাধা পেয়েছি, তাদের নাম মামলার এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে সমন্বয়ক রিফাত রশীদ, হামজা মাহবুব, মোহাম্মদ মহিউদ্দীন উপস্থিত ছিলেন।

মামলার বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর বলেন, “একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই বাছাই চলছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।”




পটুয়াখালীতে জেলা যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান ও ঔষধ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

আজ, ২৭ অক্টোবর রবিবার সকালে কলেজ রোডস্থ জেলা যুবদল কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

অনুষ্ঠানে জেলা যুবদলের সহ-সভাপতি এ্যাডভোকেট রুহুল আমীন রেজা, সহ-সভাপতি গোলাম রব্বানীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের নেতৃত্বে ছিলেন জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সার্জারী বিশেষজ্ঞ ডাঃ একেএম ওমর ফারুক মসিহ। চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন গাইনি বিশেষজ্ঞ ডাঃ তানজিলাতুজ্জাহান মালিহা, মেডিকেল অফিসার তানভীর আহমেদ তৌকির, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আরাফাত হোসেন নিপু, ডাঃ তাসনীম আনসারী অর্ণব এবং ডাঃ ফয়সাল হোসাইন।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ৪৬ বছর আগে জাতীয়তাবাদী যুবদল গঠন করেন। আজ ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্ণধার তারেক রহমানের নির্দেশনায় অসহায় দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচী সারাদেশে যুবদলের উদ্যোগে পালিত হচ্ছে।




সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৬ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তার গ্রেফতারের কারণ হিসেবে কোন মামলার উল্লেখ করা হয়নি।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ২০১৭ সালে কক্সবাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা এবং বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায় চট্টগ্রামে একাধিক মামলা দায়ের রয়েছে।




রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে হঠকারী সিদ্ধান্ত নয়: মির্জা ফখরুল

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (২৭ অক্টোবর) রাজধানীর শেরে-বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে তাড়াহুড়ো না করে সাংবিধানিক প্রক্রিয়ায় সবকিছু করা উচিত। আমরা মনে করি, জাতীয় ঐক্য গঠন করে গণঅভ্যুত্থানের ফসলকে সংরক্ষণ করতে হবে, এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচন বিলম্বিত হলে কোনো ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা করছি, তাই দ্রুত একটি সাংবিধানিক রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। আমাদের সংগ্রাম জনগণের স্বাধীনতার জন্য এবং তা যেকোনো মূল্যে রক্ষা করব।”

এ সময় যুবদলের ভূমিকাকে প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, “যুবদল আমাদের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের সার্বভৌমত্বের রক্ষায় ছাত্র-জনতার অভ্যুত্থানের সঠিক পরিণতিতে তাদের অবদান থাকবে।”

তিনি জানান, রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপি আলোচনায় বসবে এবং সর্বোচ্চ ফোরামে আলোচনা শেষে অবস্থান নির্ধারণ করবে।




শহীদদের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি জানালেন জামায়াত আমির

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছাতে তাদের জীবনীকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন। রোববার (২৭ অক্টোবর) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের অবদান সম্পর্কে বর্তমান প্রজন্মের সঠিক ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন।

তিনি বলেন, “প্রতি শহীদ পরিবার থেকে অন্তত একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শহীদ পরিবারগুলোর প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন থাকা উচিত এবং তাদের পাশে দাঁড়ানো উচিত।”

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শহীদদের প্রতি সম্মান জানাতে এবং বিচার নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলকে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে। শুধুমাত্র ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে পারব।”




গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে আনন্দ র‍্যালি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে গণ অধিকার পরিষদ (জিএপি) এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীরা আজ শনিবার সকালে আনন্দ র‍্যালি ও সমাবেশের আয়োজন করেন। বেলা ১০:৪৫ মিনিটে পটুয়াখালী লঞ্চঘাট থেকে শুরু হওয়া এই র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে ঝাউতলায় এসে সমাপ্ত হয়।

র‍্যালিটি ঝাউতলা ও সার্কিট হাউস চত্বর হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। দুপুর ১২:০০ টায় নেতাকর্মীরা কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেন।

এ অনুষ্ঠানে পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম সোহেল রানা, যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলার সভাপতি সাইফুল ইসলাম রুম্মান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ মহসিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সহ-সভাপতি মোঃ মনির মোল্লা এবং যুব অধিকার পরিষদ সদর উপজেলার আহ্বায়ক মোঃ মহসিন মৃধা ও সদস্য সচিব আবুল বাশার উপস্থিত ছিলেন। এছাড়াও গণ, যুব, ছাত্র, শ্রমিক, পেশাজীবী ও আইনজীবী অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, “গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা ভিপি নুরুল হক নুর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলেন। এই যাত্রায় ছাত্র-জনতা এক হয়ে ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে। আমাদের মুলমন্ত্র গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার। আমাদের ট্রাক প্রতীক নিয়ে দেশবাসীর অধিকার আদায়ের লড়াই চলবে।”




দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

চন্দ্রদ্বীপ ডেস্ক :: অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিএনপির মহাসচিবের এই সফরটি ছিল মূলত ব্যক্তিগত। পরিবারকে সময় দিতে গত ৯ অক্টোবর তিনি ঢাকা ত্যাগ করেন। সফরের আগে তিনি জানান, তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা এবং অন্যান্য স্বজনরা অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বসবাস করছেন। তিনি স্ত্রী রাহাত আরা বেগমের সঙ্গেও দেখা করতে অস্ট্রেলিয়া যান, যিনি বিগত দেড় মাস ধরে মেয়ের কাছে রয়েছেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই মূলত এই সফর।

মির্জা ফখরুলের পরিবারের সদস্যদের নিয়ে বিএনপির সমর্থকদের মাঝেও আলোচনা ছিল। তার মেয়ে ড. শামারুহ মির্জা ২০০৬ সাল থেকে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং সেখানেই তার স্বামী ও সন্তানদের সঙ্গে জীবনযাপন করছেন। ছোট মেয়ে সাফারুহ মির্জা ঢাকায় একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করেন এবং বাবার এই সফরকালে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়েও তার উদ্বেগ প্রকাশিত হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশে ফেরার পর, বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। দেশে ফিরে আসার পরপরই রাজনৈতিক কার্যক্রম নিয়ে নতুন করে পরিকল্পনা করবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশে ফিরে মির্জা ফখরুল বিএনপির চলমান আন্দোলন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

 




ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ঢাকার মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে সভাপতির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “সাড়ে ১৫ বছর স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ তীব্র গণআন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরশাসনের কবল থেকে মুক্তি পেয়েছে। হাজার হাজার লোক আহত ও পঙ্গুত্ববরণ করেছেন এবং এখনও অনেকে চিকিৎসাধীন রয়েছেন। যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন।” তিনি আহতদের চিকিৎসার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, “দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। জুলাই-আগস্ট বিপ্লবের চেতনা অন্তরে ধারণ করতে হবে।”

এসময় বৈঠকে নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে জামায়াত আমির ২০২৫-২৬ কার্যকালের জন্য নির্বাচিত জেলা ও মহানগর আমিরগণের নাম ঘোষণা করেন।