মাদক ও অস্ত্রবিরোধী সংগ্রামে তরুণদের পাশে জামায়াত নেতা মাসুদ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে যুবসমাজকে রক্ষা করতে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার (৫ নভেম্বর) বাউফলে উপজেলা জামায়াত ইসলামীর যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
তিনি বলেন, “এখনো অনেকের ইশারায় দোকানগুলোতে চা ও চকলেটের চেয়ে মাদক বেশি বিক্রি হয়। আমাদের তরুণ সমাজকে ধ্বংস করার এ ষড়যন্ত্র বন্ধে আমি আজ থেকেই মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। তরুণদের রক্ষা করতে প্রশাসনের ওপর নির্ভর না করে নিজেদের পাশে দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন, “তরুণদের হাত থেকে কলম ও খাতা ছিনিয়ে নিয়ে যারা অস্ত্র ও মাদক তুলে দিতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা এক হাতে তরুণদের খাতা ও কলম দেব, অন্য হাতে কুরআন ও হাদিস তুলে দেব, যাতে তারা দেশের কল্যাণে কাজ করতে পারে।”
সম্মেলনে মাসুদ তার বক্তব্যে তরুণদের উদ্দেশ্যে বলেন, “আমাদের তরুণ সমাজের জন্য এক কঠিন সময় চলছে। এ সময় তাদের নৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী হতে হবে। আমাদের যুবকদের নেতৃত্ব দিতে হবে, যাতে তারা দেশ ও সমাজের উন্নয়নে অগ্রগামী হয়।”
তিনি বলেন, “মাদক ও অস্ত্রের বিরুদ্ধে এ যুদ্ধ আমাদের শেষ নয়। যেকোনো মূল্যেই এ বাউফলকে মাদকমুক্ত ও নিরাপদ করব। এ লড়াইয়ে হয় আমরা জিতব, নয়তো আরও বড় ত্যাগ স্বীকার করতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, বাউফল উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী। তারা মাসুদের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে মাদক ও অস্ত্রবিরোধী আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্মেলনের শেষে সকল নেতাকর্মী মাদক ও অস্ত্রমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে শপথ করেন।








