পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক প্রস্তাব জমা দিয়েছে বিএনপি

চন্দ্রদ্বীপ ডেস্ক: পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক প্রস্তাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনে পুলিশ প্রশাসন সংস্কার কমিশন প্রধান সফর রাজ হোসেনের কাছে বিএনপির পক্ষ থেকে এই প্রস্তাব জমা দেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য সাবেক সচিব এস এম জহিরুল ইসলাম দলের পক্ষ থেকে এ প্রস্তাব জমা দেন।

পুলিশ প্রশাসনিক সংস্কারে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদকে প্রধান করে একটি কমিটি গঠন করেছিল বিএনপি।




খালেদার গাড়িবহরে হামলার ঘটনায় মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে বোমা হামলা ও আগুন দেওয়ার ঘটনার সাত বছর পর তৎকালীন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর সরকারসহ ১৭৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ফেনী সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মো. শাফায়াত শুনানি শেষে মামলাটি তদন্ত করে ৪৫ দিনের মধ্যে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন জামা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ২৮ নভেম্বর যমুনা হাই ডিলাক্স পরিবহনের চেয়ারম্যান আবুল কাশেম মিলন বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ ও আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী সদর আমলি আদালতে এ মামলার আবেদন করেন।




পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির ৫নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সমাবেশ

পটুয়াখালীর কলাপাড়া পৌর শাখার উদ্যোগে ৫নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে চিঙ্গুরিয়া মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার।

ওয়ার্ড পৌর শাখা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খানের সঞ্চালনায় সমাবেশ শুরু হয়। উদ্বোধক বক্তা হিসেবে কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক বক্তব্য রাখেন। প্রধান বক্তা হিসেবে কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু তালুকদার, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, ওয়ার্ড বিএনপির নেতা বাবু নিতাই রায় সরকার প্রমূখ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, উপজেলা মহিলা দলের সভাপতি লিলি বেগম, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার কাজল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক হারুনর রশীদ প্রমূখ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ভোলায় সাবেক চার সংসদ সদস্যসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা

ভোলায় বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় সাবেক চার সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৮৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাদীর অভিযোগে আরও অজ্ঞাত ৩০০-৪০০ জনকেও আসামি করা হয়েছে।

এই মামলায় অভিযুক্ত সাবেক চার সংসদ সদস্য হলেন:

ভোলা-১ আসনের তোফায়েল আহমেদ

ভোলা-২ আসনের আলী আজম মুকুল

ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরী শাওন

ভোলা-৪ আসনের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব

আলী আজম মুকুল এবং আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বর্তমানে ঢাকায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে, তোফায়েল আহমেদ ও নুরুন্নবী চৌধুরী শাওনের অবস্থান নিশ্চিত করা যায়নি। ২০১৯ সালের ৫ আগস্টের পর থেকে তারা এলাকায় নেই বলে জানা গেছে।

২০১৯ সালের ৫ আগস্ট ভোলা শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। মামলার বাদী ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছাত্রদল কর্মী আরিফ হোসেন।

ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভেজ জানিয়েছেন, সোমবার (২ ডিসেম্বর) মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে হামলা এবং ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। পুলিশ ইতোমধ্যেই মামলার তদন্ত শুরু করেছে।

এই মামলার তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর পদক্ষেপ নিচ্ছে। অভিযুক্তদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পিরোজপুরে শ্রমিক দলের কার্যালয় পোড়ানোর ঘটনায় মামলা, শত্রুতার প্রতিশোধের অভিযোগ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে শ্রমিক দলের কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় প্রায় ছয় বছর পর থানায় মামলা হয়েছে। গত ১৮ অক্টোবর চা-দোকানি মো. মাসুম তালুকদার বাদী হয়ে ৬৩ জনকে আসামি করে মামলাটি করেন। অভিযোগ উঠেছে, শত্রুতার প্রতিশোধ নিতে মামলায় নিরীহ ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।

২০১৯ সালের ২০ জানুয়ারি বলদিয়া ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় দীর্ঘ সময় পেরিয়ে মামলা হলেও, এতে জমি সংক্রান্ত বিরোধ ও রাজনৈতিক প্রতিহিংসার জেরে দিনমজুর, প্রতিবন্ধী, ওয়ার্ড বিএনপির কর্মীসহ নিরীহ ব্যক্তিদের নাম আসামির তালিকায় যুক্ত করা হয়েছে।

বাদী মাসুম তালুকদার জানিয়েছেন, মামলার খসড়া তিনি তৈরি করেননি। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা মো. শাহীন আহমেদ এটি প্রস্তুত করে তাকে বাদী বানিয়েছেন। এমনকি মামলার এজাহারে যাদের নাম রয়েছে, তাদের অনেকেই এ ঘটনায় জড়িত নন।

দিনমজুর মো. এমদাদুল তালুকদার বলেন, “আমি দিনমজুর মানুষ। মামলার কারণে পরিবার নিয়ে চরম দুর্দশায় আছি।”

একইভাবে কলেজছাত্র রানা তালুকদার অভিযোগ করেন, “আমাকে মামলায় আসামি করে এখন মামলা থেকে নাম বাদ দিতে টাকা দাবি করা হচ্ছে।”

এছাড়া মানসিক প্রতিবন্ধী আলাউদ্দীনকে (৬৪) পর্যন্ত আসামি করা হয়েছে। জনপ্রতিনিধি মো. বাবুল মিয়া বলেন, “রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত না হয়েও আমাকে মামলায় ফাঁসানো হয়েছে। বাদী মাসুম মামলার থেকে অব্যাহতি দিতে ৫০ হাজার টাকা দাবি করেছেন।”

মামলার বাদী মাসুম তালুকদার টাকা দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, “বিএনপি সমর্থকদের কিছু সাধারণ মানুষ মামলার আসামি হয়েছেন। তবে আমি কারও কাছ থেকে টাকা চাইনি।”

অন্যদিকে, শাহীন আহমেদ মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছেন। নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানান, অনেক নিরীহ মানুষকে আসামি করা হয়েছে।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমীন বলেন, “অভিযোগ তদন্ত চলছে। যার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাবে, তাকেই গ্রেপ্তার করা হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ভান্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথী গ্রেফতার

পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরশহরের যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের একটি যৌথ দল। বুধবার (৪ ডিসেম্বর) ভান্ডারিয়া পৌর এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আসমা সুলতানা যুথী পিরোজপুরের মো. আজাদ জোমাদ্দারের মেয়ে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সোবাহান জানান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পিরোজপুর বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় আসমা সুলতানা যুথীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর ডিবি পুলিশের ইন্সপেক্টর ইয়াসিন খান বলেন, “আসমা সুলতানা যুথী পিরোজপুর সদর থানার একটি মামলায় গ্রেফতার হয়েছেন।”

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মেদ আনওয়ার জানান, আসমা সুলতানা যুথীর বিরুদ্ধে ভান্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মিলেছে ‘হারিছ চৌধুরীর’ ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিএনপি নেতা আবুল হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে মরদেহ তুলে ডিএনএ টেস্ট করা হয়। টেস্টে তার ডিএনএ পরিবারের সঙ্গে মিলেছে। এখন পরিবারের পছন্দমতো কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হিসেবে হারিছ চৌধুরীর মরদেহ দাফন করতে বলা হয়েছে।

এ বিষয়ে প্রতিবেদন দাখিলের পর বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহদীন চৌধুরী।

পরে আইনজীবী মাহদীন চৌধুরী বলেন, ছদ্মবেশে থাকা সেই মাহমুদুর রহমানই হারিছ চৌধুরী। ডিএনএ টেস্টে তা প্রমাণিত হয়েছে। হারিছ চৌধুরীর মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। সেখান থেকে সিলেটের কানাইঘাটে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে, ৫ সেপ্টেম্বর তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে মরদেহ তুলে ডিএনএ টেস্ট করার নির্দেশ দেন।

২০২১ সালে গণমাধ্যমের খবরে বলা হয়, ওই বছরের ৪ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক নেতা হারিছ চৌধুরীকে ‘মাহমুদুর রহমান’ পরিচয়ে ঢাকার সাভারের জালালাবাদ এলাকায় একটি মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়।

হারিছ চৌধুরীর মেয়ে জানান, সদ্য বিদায়ী স্বৈরাচার সরকারের গোয়েন্দা বিভাগ একটা নাটক রচনা করে বাবার মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করেছে। মিডিয়া একটার পর একটা রিপোর্ট করেছে, হারিছ চৌধুরীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না। এটা নিয়ে যেন কখনো প্রশ্ন না উঠে সেটা ডিটারমিন করার জন্য এ রিট করেছি। আমার বাবার মৃত্যু নিয়ে সন্দেহ থাকবে সন্তান হিসেবে এটা খুব মর্মান্তিক, কষ্টদায়ক। এখনো মানুষ জিজ্ঞেস করে সত্যিই কি মারা গেছেন? আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে। তাই এটা শেষ করতে আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত নিরাশ করেননি।

সাভারের জামিয়া খাতামুন নাবিয়্যিন মাদ্রাসার কবরস্থানে মাহমুদুর রহমান নামে কবর দেওয়া আবুল হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে ডিএনএ টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর তার নামে কেন ডেথ সার্টিফিকেট ইস্যু করা হবে না, তার নামে ইন্টারপোলের রেড নোটিশ কেন প্রত্যাহার করা হবে না, একইসঙ্গে তার শেষ ইচ্ছা অনুযায়ী নিজ জেলায় বীর মুক্তিযোদ্ধার যথাযথ সম্মান দিয়ে কেন কবরস্থ করা হবে না এই মর্মে রুল জারি করা হয়।

স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, রেজিস্ট্রার জেনারেল (জন্ম ও মৃত্যু), সিআইডির পরিচালক, ঢাকা জেলার পুলিশ সুপার ও সাভার মডেল থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়।

২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারির পর হারিছ চৌধুরী সস্ত্রীক তার গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার দর্পনগরে যান। রাত ১২টার পর তার ব্যক্তিগত সহকারী আতিক মোবাইল ফোনে জানান, ঢাকায় বিএনপি নেতাদের বাসভবনে যৌথ বাহিনীর অভিযান চলছে। কয়েক ঘণ্টা পর যৌথ বাহিনী হারিছের বাড়িতে হানা দেয়। কিন্তু তার আগেই তিনি সটকে পড়েন। কিছুদিন সিলেটে লুকিয়ে থাকার পর ওই বছরের ২৯ জানুয়ারি জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে চলে যান। ভারতের আসামের করিমগঞ্জ জেলার বদরপুরে তার নানাবাড়ি। সেখানেই তিনি ওঠেন। সেখান থেকে বিদেশে যাতায়াত করতেন।




ইউনূসের সঙ্গে সংলাপ, বিএনপির যেসব নেতা থাকবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: জাতীয় ঐক্য গঠনে ছাত্রনেতাদের পর এবার দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সব ঠিক থাকলে বুধবার (৪ ডিসেম্বর) এই সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বিএনপির পাঁচ নেতা অংশ নেবেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংলাপের আহ্বান করেছেন। তার ডাকে বুধবার বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপ যাবেন বিএনপির পাঁচজন নেতা।

শায়রুল কবির খান আরও বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধিদলে থাকবেন ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও এ জেড এম জাহিদ হোসেন।




ঝালকাঠিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আ.লীগ নেতা আটক

ঝালকাঠির নলছিটিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার মানপাশা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক শহিদুল ইসলাম মানপাশা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে শহিদুল ইসলামের সঙ্গে স্থানীয় এক প্রবাসীর স্ত্রীর অবৈধ সম্পর্ক চলছিল। সোমবার রাতে মানপাশা বাজারে একটি ভবনে তাদের একান্তে সময় কাটাতে দেখে স্থানীয়রা ভবনের প্রবেশদ্বার তালাবদ্ধ করে দেন। পরে খবর পেয়ে নলছিটি থানা পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, শহিদুল ইসলামের অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে অনেকেই অবগত থাকলেও তার রাজনৈতিক প্রভাবের কারণে কেউ প্রতিবাদ করার সাহস পেতেন না। তবে সম্প্রতি এলাকাবাসীর ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় এ ঘটনা প্রকাশ্যে আসে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “অনৈতিক সম্পর্কের অভিযোগে আটক শহিদুল ইসলাম এবং ওই নারীকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



আইনজীবীকে মেরেও আমাদের ফাঁদে ফেলতে পারেনি: ঝালকাঠিতে ডা. শফিকুর রহমান

চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে হত্যা করার পরও একটি উগ্রবাদী গোষ্ঠী তাদের পাতানো ফাঁদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ফেলতে পারেনি বলে মন্তব্য করেছেন। সোমবার সকালে ঝালকাঠি জেলা জামায়াতের আয়োজনে শহরের পূর্ব চাঁদকাঠির একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বক্তৃতার শুরুতেই ডা. শফিকুর রহমান গত সাড়ে ১৫ বছরের স্বৈরশাসন থেকে মুক্তি পাওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দক্ষিণ অঞ্চলের প্রধান তিনটি ইসলামী মারকাজের মধ্যে দুটিতে আজ দোয়া নিতে এসেছি। একটি ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ও অন্যটি পিরোজপুরের ছারছীনা দরবার শরিফে। এটি কোনো সাংগঠনিক কর্মসূচি না হলেও জেলা জামায়াতের উদ্যোগে এ সংক্ষিপ্ত সমাবেশেও উপস্থিত হয়েছি।”

ডা. শফিক আরও বলেন, “ক্ষমতায় গিয়ে অনেকে নিজেদেরকে দেশের মালিক ভাবেন আর জনগণকে ভাড়াটিয়া মনে করেন। আমরা খেদমত করার সুযোগ পেলে সেবক হিসাবে কাজ করব, মালিক হিসাবে নয়।”

সোমবার দুপুরে স্বরূপকাঠির জগন্নাথকাঠি বাজারে এক পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, “গণ-অভুত্থানে বিতাড়িত আওয়ামী লীগ সরকার মাওলানা মো. দেলাওয়ার হোসাইন সাঈদীসহ হাজারও নিরপরাধ মানুষকে হত্যা করেছে। আল্লাহ আমাদের জালিমমুক্ত করেছেন।” এরপর তিনি ঐতিহাসিক ছারছীনা দরবারে গিয়ে মরহুম পিরদের মাজার জিয়ারত করেন এবং দরবারের সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

গৌরনদী বাসস্ট্যান্ডে পথসভায় তিনি বলেন, “আমাদের আকাশে কালো সূর্য এবং কালো মেঘ ঘোরাফেরা করছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। দেশের জন্য জীবন দেব, তবুও দেশের একমুঠো মাটি কাউকে দেব না।”

মাদারীপুরে অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন, “গত সাড়ে ১৫ বছর এ জাতি জিম্মি দশায় ছিল। মানুষ খুন, গুম হয়েছে, সম্পদ লুণ্ঠন হয়েছে। যারা এ কাজ করেছেন তারা শাসক বানানো হয়নি, তারা নিজেই শাসক হয়েছেন।”

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোবারক হোসাইন, মাসুদ সাঈদী, বরিশালের জেলা আমিরসহ ঝালকাঠি ও পিরোজপুর জেলার নেতাকর্মীরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম