খালেদা জিয়ার অসুস্থতা, মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণে মুক্তিযোদ্ধা দলের পূর্বনির্ধারিত সমাবেশ স্থগিত করা হয়েছে। এ সমাবেশটি আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধা সমাবেশ আপাতত স্থগিত করা হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সকালেই নিশ্চিত করেন যে, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে সমাবেশে অংশগ্রহণ করতে পারবেন না।

এদিকে, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। দলের অভ্যন্তরে আলোচনা চলছে কবে সমাবেশটি পুনরায় আয়োজন করা হবে। তবে, নেতারা বেগম জিয়ার দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ধান লুটের অভিযোগে কুয়াকাটা যুবদল নেতার বিরুদ্ধে রাখাইন নারীর সংবাদ সম্মেলন

পটুয়াখালীর কুয়াকাটায় লুমা রাখাইন নামের এক রাখাইন নারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তার সাড়ে ৭ একর জমি থেকে প্রায় ২৫০ মণ ধান লুট করে নিয়ে গেছে মহিপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলী আক্কাস। এ ঘটনায় বিচারের দাবিতে কুয়াকাটা প্রেস ক্লাবে বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করেছেন লুমা রাখাইন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “এটি আমার বাবা ও ভাইয়ের কাছ থেকে প্রাপ্ত সম্পত্তি, যা আমি আজীবন ভোগদখল করে আসছি। হঠাৎ করে মহিপুর থানা বিএনপি নেতা মো. আলী আক্কাস ওই জমি দখল করার চেষ্টা করছেন। ৫ আগস্টের পর থেকে, তার সহযোগিতায় চিহ্নিত ভূমিদস্যুরা মাথাচাড়া দিয়ে উঠেছে।”

তিনি আরও জানান, ১৭ ডিসেম্বর বিকালে তার জমিতে বর্গাচাষি ধান কাটতে শুরু করলে, মো. আলী আক্কাসের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ধাওয়া করে এবং ধানগুলো লুট করে নিয়ে যায়।

লুমা রাখাইন লিখিত বক্তব্যে আরও বলেন, “আমার বাবা জীবিত থাকাকালে সম্পত্তি মংফরম তালুকদারের কাছে মৌখিকভাবে বিক্রি করেন, কিন্তু রেজিস্ট্রি হওয়ার আগেই আমার বাবা মারা যান। পরে আমি মংফরম তালুকদারের থেকে পুরো টাকা ফেরত নিয়ে সম্পত্তি পুনরুদ্ধার করি। আমি নিয়মিত খাজনা পরিশোধ করে আসছি।”

এ অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মো. আলী আক্কাস জানান, “এটি একটি ষড়যন্ত্র, এবং দলের মধ্যে কিছু মহল আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে।”

মহিপুর থানা যুবদলের আহ্বায়ক মো. সিদ্দিক মোল্লা বলেন, “এ বিষয়ে আমার জানা নেই। তবে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



জাতীয় বিপ্লবী পরিষদের ৭৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা

মুসলিম জাতীয়তাবাদী রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ তাদের ৭৭ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। বুধবার (১৮ ডিসেম্বর) এ কমিটি ঘোষণা করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আনিসুর রহমানকে রাজনৈতিক প্রধান, মোহাম্মদ শাফিউর রহমানকে সাংগঠনিক প্রধান, খোমেনী ইহসানকে আহ্বায়ক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হাসান মোহাম্মদ আরিফকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

এছাড়া, কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাস করা নারী, গবেষক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, উদ্যোক্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের বিভিন্ন দায়িত্বে মনোনীত করা হয়েছে।

জাতীয় বিপ্লবী পরিষদ ১৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আত্মপ্রকাশ করে। সেদিন দোয়া মাহফিল শেষে সংগঠনটির শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশ করে। দলটির গঠনের পরিপ্রেক্ষিতে দলের লক্ষ্য হচ্ছে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধান প্রণয়নের জন্য জনগণকে সংগঠিত করে রাজনৈতিক সংগ্রাম গড়ে তোলা।

এছাড়া, ছয় মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটি দেশের সব গুরুত্বপূর্ণ নাগরিকের সঙ্গে যোগাযোগ করে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য তৈরি করতে কাজ করবে। একই সময়ে দলটি ঢাকা সহ দেশের সব বিভাগ, মহানগর, জেলা ও থানা পর্যায়ে কমিটি গঠন করবে। গঠনতন্ত্র প্রণয়ন, দলীয় তহবিল গঠন ও কেন্দ্রীয় কার্যালয় প্রতিষ্ঠা করে মে মাসে প্রথম কেন্দ্রীয় কাউন্সিল করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধান প্রণয়নের জন্য চূড়ান্ত আন্দোলনের ডাক দেবে দলটি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রখ্যাত আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আগামী ২৬ ডিসেম্বর প্রায় এক যুগ পর দেশে আসছেন।

বুধবার তার চেম্বারের জুনিয়র কাউন্সেল ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন।

জানা গেছে, তিনি সুপ্রিম কোর্টে আইনপেশায় নিয়মিত হবেন। তার দুই ছেলে সুপ্রিম কোর্টে আইনপেশা পরিচালনা করে l
শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলে শুরু থেকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ছিলেন। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। একই বছরের ১৭ ডিসেম্বর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইংল্যান্ডে চলে যান। এক পর্যায়ে তিনি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন। পরে তিনি এবি পার্টির প্রধান উপদেষ্টা হন।

এরপর গত সেপ্টেম্বরে এবি পার্টি থেকে পদত্যাগ করেন দলটির প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।




পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়: ভোটাধিকার প্রতিষ্ঠায় অগ্রগতি

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ মন্তব্য করেছেন যে, পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তিনি বলেন, এটি দেশবাসীর জন্য স্বস্তির খবর, কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়েছে। তবে, তিনি আরও উল্লেখ করেন, শুধু তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিলেই হবে না, বরং সংবিধানের মূলনীতিতে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার মাধ্যমে জাতীয় ঐক্য আরও শক্তিশালী হবে।

পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পুরোনো দলীয় কার্যালয়ে দলের যুগ্ম ও সহকারী মহাসচিবদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “এ রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় জনমনে স্বস্তি ফিরে এসেছে, কিন্তু শুধু এই ব্যবস্থারই প্রয়োজন নেই। আমাদের জাতি সত্তার রক্ষা কবচ সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে এনে দেশের জনগণের জন্য আরও ভালো কিছু করা সম্ভব হবে।”

তিনি আরো যোগ করেন, “এমনকি আওয়ামী আমলের সংশোধনীগুলো বাতিল করারও দাবি জনগণের। দেশের সংবিধানে ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদী প্রভাব প্রতিরোধের জন্য সেই সংশোধনীগুলো বাতিল করতে হবে।”

এছাড়া, গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে আরও স্পষ্ট বক্তব্য আসা উচিত ছিল। তিনি বলেন, “এখনো পর্যন্ত কোন নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়নি, ২০২৫ বা ২০২৬ সালেও হতে পারে, কিন্তু এমন সংশয়জনক কথা দেশের জনগণের জন্য শঙ্কার সৃষ্টি করছে।”

মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, “নির্বাচন শুধু তারিখ নির্ধারণের ব্যাপার নয়। নির্বাচন হবে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী ফলপ্রসূ হতে হবে। আমরা চাই না গত ৫৩ বছরের মত নির্বাচন হোক, জনগণও চায় না। এই নির্বাচন একটি সুষ্ঠু পরিবেশে হতে হবে, যাতে জাতীয় সংহতি আরও শক্তিশালী হয়।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বিএনপির কনসার্টে সাংবাদিকদের মঞ্চ ভেঙে আহত কয়েকজন

বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত কনসার্টে সাংবাদিকদের জন্য নির্মিত মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে। কনসার্ট চলাকালীন মঞ্চটি ভেঙে পড়লে নিউজ-২৪, মাছরাঙা, এটিএন নিউজসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা আহত হন।

কনসার্টের শুরুর দিকে সাধারণ মানুষসহ গণমাধ্যমকর্মীদের ভিড় বাড়তে থাকে। দুপুরের পর থেকেই সংসদ ভবন চত্বর ও আশপাশের এলাকা লাখো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জাতীয় পতাকা হাতে, মুখে আলপনা এঁকে বিভিন্ন বয়সী নারী, পুরুষ, শিশু, কিশোররা বিজয় দিবসের এ কনসার্টে অংশ নিতে আসেন।

কনসার্টে পারফর্ম করছেন দেশের জনপ্রিয় শিল্পীরা। জানা গেছে, মঞ্চে উঠবেন জেমস, সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফারসহ আরও অনেকে।

এদিকে কনসার্ট ঘিরে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মিরপুর রোড, আগারগাঁও, ফার্মগেট, পান্থপথ ও গুলিস্তানসহ বেশ কিছু এলাকায় গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।

কনসার্টের আয়োজক ‘সবার আগে বাংলাদেশ’ নামে একটি সংগঠন। সংগঠনের আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, “এই আয়োজনের মাধ্যমে আমরা বিজয়ের আনন্দ উদযাপন করছি।”

এর আগে কনসার্টের শুরুতে সংগীতশিল্পী ইথুন বাবু ও মৌসুমী মঞ্চে ওঠেন এবং গেয়ে শোনান ‘আমি মেজর জিয়া বলছি’ গানটি।

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল ‘জাতীয় বিপ্লবী পরিষদ’

চন্দ্রদ্বীপ ডেস্ক: মুসলিম জাতীয়তাবাদী নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় বিপ্লবী পরিষদ’। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আত্মপ্রকাশ করে দলটি।

আত্মপ্রকাশের পর দলটির নেতাকর্মীরা জানান, ফ্যাসিবাদ বিলোপের দাবি পূরণ না হলে ২০২৫ সালে নতুন করে গণঅভ্যুত্থান করা হবে। দলের উদ্যোক্তারা জানিয়েছেন, জাতীয় বিপ্লবী পরিষদ চব্বিশের গণঅভ্যুত্থানে জড়িত ছাত্র-জনতার প্রথম রাজনৈতিক দল। তাই ফ্যাসিবাদ বিলোপ করে নতুন সংবিধান প্রণয়নের জন্য সবার আগে আন্দোলন গড়ে তুলবে।

আত্মপ্রকাশের পর জুলাই গণহত্যায় শহীদ নাইমা আক্তারের মা আইনুন নাহার ও দলটির সাংগঠনিক প্রধান মোহাম্মদ শফিউর রহমান নেতৃত্বে নেতাকর্মীরা মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করেন। মিছিলে তারা ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবার’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ নানা স্লোগান দেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় জাতীয় বিপ্লবী পরিষদের নেতা জাকির মজুমদার, রোটারিয়ান রাবেয়া আক্তার, আবদুস সালাম, হাসান আরিফ, সাইয়েদ কুতুব, ইঞ্জিনিয়ার ইমামুল হক, ডা. জহিরুল ইসলাম, মো. রাশিদুল ইসলাম, ইমাম সাদিক আদনান, জয়নাল আবেদিন, আহমেদ মোফাচ্ছের, কাউসার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্যসচিব ফজলুর রহমান, সহকারী সদস্যসচিব ইয়ামিন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুন, সদস্যসচিব মুহিব মুশফিক খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মেহেদি হাসান মাহি, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মো. আরিফুল ইসলামসহ বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা মহানগর, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত ছিলেন।




স্মৃতিসৌধে অসুস্থ মির্জা ফখরুল, তড়িঘড়ি সৌধ ত্যাগ

বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। নেতাকর্মীদের ভিড় ও ধাক্কাধাক্কির মধ্যেই তিনি মেঝেতে বসে পড়েন এবং পরে শুয়ে পড়েন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে। নেতাকর্মীরা তড়িঘড়ি করে তাকে একটি গণমাধ্যমের মাইক্রোবাসে তুলে দ্রুত স্মৃতিসৌধ ত্যাগ করেন।

শহীদ বেদীতে ফুল দেওয়ার পর মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। এ সময় নেতাকর্মীদের ধাক্কাধাক্কির কারণে তিনি অসুস্থ হয়ে মেঝেতে বসে পড়েন। পরিস্থিতি আরও অবনতি হলে তাকে শুইয়ে মাথায় পানি দিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ফুল দেওয়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে ভিড় ও ধাক্কাধাক্কি চলছিল। সাংবাদিকদের সামনে অসুস্থ হয়ে পড়লে নেতাকর্মীরা তাকে পাঁজাকোলে তুলে নিয়ে যান।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায়, সাভারের সাবেক সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবু, ধামরাই উপজেলা যুবদল সভাপতি মুরাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



২০২৫ সালের শেষ দিকে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক: আগামী বছর ২০২৫ সালের শেষে দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমন আশাবাদ ব্যক্ত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড একযোগে তার ভাষণ সরাসরি সম্প্রচার করছে। গত আগস্ট মাসে দায়িত্ব নেওয়ার পর জাতীয় উদ্দেশ্য এটি তৃতীয় ভাষণ।

জাতীয় উদ্দেশ্য ড. মুহাম্মদ ইউনূস বলেন, এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করতে পারি যে স্থানীয় নির্বাচনসহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা ১০০ শতাংশের এর কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সাহস করতে পারবে না।

ভাষণে ড. ইউনূস বলেন, আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই, কেননা এই দুটি কমিশনের সুপারিশের ওপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ।

প্রধান উপদেষ্টা বলেন, এ প্রসঙ্গে বড় খবর হলো প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার। তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন। তাদের হাতে অনেক কাজ।

ড. ইউনূস বলেন, প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। এটা এমনিতেই কঠিন কাজ। এখন কাজটা আরো কঠিন হলো এজন্য যে গত তিনটা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারোর। গত ১৫ বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। ছাত্রজনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এই অভিজ্ঞতাকে মসৃণ করার সমস্ত আয়োজন করতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটারেরা শতকরা ১০০ ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক। নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান সবাই মিলে আমরা যেন এই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি।

নতুন ভোটার ছাড়াও যাদের আগে থেকে ভোটার তালিকায় নাম থাকার কথা ছিল তারা ভোটার তালিকায় আছে কিনা তা নিশ্চিত করতে হবে। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে বলে জাতির উদ্দেশ্য বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। অতীতে আমরা এ ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি। এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয় এটা আমরা নিশ্চিত করতে চাই। এর জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, সবকিছুই সময় সাপেক্ষ ব্যাপার। এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই, তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে।

প্রধান রাজনৈতিক দলের উদ্দেশ্য প্রধান উপদেষ্টা বলেন, আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি, আবার বলছি “যদি”, অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে।




বিজয় দিবসে জামায়াত-শিবিরের যে যে কর্মসূচি

মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার নেতাকর্মীদের সঙ্গে আগামী ১৬ ডিসেম্বর (সোমবার) সকাল ১০টায় রাজধানীর বিজয়নগরে একটি সমাবেশ ও র‌্যালির আয়োজন করেছে। এই সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির মো. নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে দলের আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরী নেতারা বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সহদপ্তর সম্পাদক ও সমন্বয়ক আবদুস সাত্তার সুমন।

অপরদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরও ১৬ ডিসেম্বর ৫৪তম বিজয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করবে। র‍্যালিটি সকাল ৯টায় রাজধানীর বায়তুল মোকাররম (উত্তর গেট) থেকে শাহবাগ পর্যন্ত অনুষ্ঠিত হবে। র‍্যালিতে উপস্থিত থাকবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”