গণতন্ত্রের প্রধান দরজা নির্বাচন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবেশের প্রধান ফটক হলো নির্বাচন। তিনি বলেন, যে সকল রাজনৈতিক দল এবং ব্যক্তি এ মুহূর্তে নির্বাচন চাইছে, তাদের জন্য সংস্কারের গুরুত্ব অপরিসীম। শুক্রবার (২৭ ডিসেম্বর) খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজিত ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেকেই ভুলভাবে অভিযোগ করছেন যে, বিএনপি সংস্কার চায় না, শুধুমাত্র নির্বাচন চায়। তিনি সাফ জানিয়ে দেন যে, নির্বাচন হবে তখনই, যখন প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি আরও বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হলে নির্বাচন একটি প্রধান দরজা,” এবং এই দরজা পার করতে হলে সংস্কারের প্রয়োজনীয়তা অপরিহার্য।

ফখরুল আরও বলেন, দেশের প্রধান সমস্যা হলো গণতান্ত্রিক চর্চার অভাব। এখানে কোনো ধরনের গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠেনি, এবং তা না থাকলে কোনো কিছু চাপিয়ে দিয়ে সফল হওয়া সম্ভব নয়। তিনি উদাহরণ হিসেবে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোর কথা উল্লেখ করেন। তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার যখন কার্যকর ছিল, তখন জনগণ তা গ্রহণ করেছিল এবং তারা মনে করেছিল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

গণতন্ত্রের বাস্তবায়নে জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “জনগণকে বাদ দিয়ে কিছু করা সম্ভব নয়, জনগণকেই সঙ্গে নিয়ে এই পরিবর্তন আনা হবে।” তিনি বর্তমান নির্বাচনী প্রক্রিয়ার প্রশংসা করেন এবং নির্বাচন কমিশনকে জনগণের সঙ্গে ইন্টারেকশন বাড়ানোর আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশের প্রশাসন এবং সরকারি মেশিনারির মধ্যে এখনও ফ্যাসিবাদী চর্চা চলছে, যা গণতন্ত্র প্রতিষ্ঠায় বড় বাধা। তিনি বলেন, “কাঠামো না থাকলে কিছু চাপিয়ে দিয়ে সফল হওয়া সম্ভব নয়।” গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় সংস্কারের কথা মনে করিয়ে দিয়ে তিনি জানান, “যত বেশি সময় যাবে, তত সমস্যাগুলো বাড়বে।”

তিনি অতীতে ২০১৬ সালে রাজনৈতিক সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাবনা দিয়েছেন এবং ২০২২ সালে ১২ দফা এবং ৩১ দফা প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন। মির্জা ফখরুল ইসলামের মতে, গণতন্ত্রের সঠিক চর্চা এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।

পরিশেষে, তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমরা একাত্তরকে ভুলে গেলে চলবে না, আর গণতন্ত্রের জন্য লড়াইয়ের ইতিহাস মনে রাখতে হবে।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




তারুণ্য নির্ভর সমাজ গড়ার আহ্বান জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা একটি তারুণ্য নির্ভর সমাজ গড়তে চাই। যুব সমাজের শক্তি কাজে লাগিয়ে চাঁদাবাজমুক্ত ও দখলদারমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখি।”

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) খুলনা জেলার কয়রা উপজেলার কপোতাক্ষ কলেজ মাঠে আয়োজিত উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “দেশে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাব যেন আর না থাকে। আগামী জাতীয় সংসদ নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে হতে হবে। জামায়াত সুযোগ পেলে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ ও উন্নত দেশ গড়ার প্রতিশ্রুতি দেয়।”

তিনি আরও বলেন, “জামায়াতের বিরুদ্ধে একটি বিশেষ মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা সবাইকে বলছি, জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে মা-বোনদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে।”

তিনি খুলনার কয়রা-পাইকগাছার প্রধান সমস্যা বেড়িবাঁধ সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, “অন্তর্বর্তী সরকারকে এই সমস্যার সমাধানে উদ্যোগ নিতে হবে। জনগণের সংকট দূর করতে জামায়াত সবসময় কাজ করে যাবে।”

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদসহ অনেকে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা মোক্তার হোসাইন এবং সঞ্চালনা করেন মাওলানা শেখ সিরাজুল ইসলাম।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”



সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত, দাবি নুরুল হক নুরের

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড একটি দুর্ঘটনা নয়, বরং এটি পরিকল্পিত। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ের আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নুরুল হক নুর আরও বলেন, “এলজিআরডি এবং ডাক ও টেলি যোগাযোগ উপদেষ্টার কক্ষে অতীতে সরকারের দুর্নীতির অনেক আলামত সংরক্ষিত ছিল।” তিনি এই ঘটনার মাধ্যমে সরকারের জন্য একটি শিক্ষা দেখতে চান এবং বলেন, “এখনই সময় সরকারি নথিপত্র ডিজিটালাইজ করার এবং পুরোনো যন্ত্রপাতি থেকে বেরিয়ে আধুনিক ফায়ার সার্ভিস সরঞ্জাম যুক্ত করার।”

তিনি আরো বলেন, “আগের মতো সময়ক্ষেপণ না করে দ্রুত সুষ্ঠু তদন্ত প্রতিবেদন জমা দেওয়া উচিত।”

বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টা ৫২ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ শুরু করেন রাত ১টা ৫৪ মিনিটে। প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে, আগুন নেভানোর কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য ট্রাকচাপায় নিহত হয়েছেন। তার নাম সোহানুজ্জামান নয়ন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এই তথ্য জানান।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”



ভারতীয় আগ্রাসন ঠেকাতে বাংলাদেশের ঐক্য জরুরি : আলতাফ হোসেন চৌধুরী

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ভারত বাংলাদেশের কিছু অংশ দখল করে তাদের দেশকে প্রসারিত করার চেষ্টা করছে। গত ১৬ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ এই আগ্রাসনের ইঙ্গিত বহন করে। তিনি দাবি করেন, ভারত ইতোমধ্যে চট্টগ্রামের নতুন নামকরণ, নতুন পতাকা এবং সরকারের রূপরেখাও দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আলতাফ হোসেন চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই আগ্রাসন প্রতিরোধ করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই, তবে এর জন্য দেশের নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা এবং পুলিশ বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো দ্রুত সংস্কার করতে হবে। আমরা আর কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে পারি না।”

এদিন তুরস্কের একটি এনজিওর অর্থায়নে স্থানীয় নেতারা জেলার ৫০০ ইমাম, গত ১৫ বছরে বিভিন্ন হামলা ও মামলায় শিকার ৫০০ বিএনপি নেতাকর্মী এবং জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন।

মো: আল-আমিন স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সেপ্টেম্বরের আগেই তফসিল ঘোষণা হতে পারে: সিইসি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০২৫ সালের সেপ্টেম্বরের আগেই ভোটার তালিকা প্রণয়ন ও রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এ ছাড়া আগামী বছরের ডিসেম্বরে নির্বাচন ধরে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে সিইসি বলেন, বর্তমান সরকারের ওপর দেশবাসীর প্রত্যাশা অনেক বেশি। এ ছাড়া নির্বাচন কমিশনের ওপরও প্রত্যাশা বেশি। নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে, ভণ্ডুল হবে এমন পরিস্থিতি আছে বলে আমি মনে করি না। মানুষ যখন দেখতে পাবে যে, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ তখন তারাই আমাদের পক্ষে দাঁড়াবে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট আসার আগেই ভোটার তালিকা চূড়ান্তকরণ, সীমানা পুননির্ধারণে কাজ শুরু হয়েছে। তবে এ ক্ষেত্রে ভুয়া ভোটার, নতুন ভোটার অন্তর্ভুক্তি ও সীমানা পুননির্ধারণ নিয়ে জটিলতা নিরসন করা কঠিন হবে বলে মানছেন সিইসি। একই সঙ্গে দল নিবন্ধনের জন্য যাচাই-বাছাইকেও চ্যালেঞ্জ মানছেন তিনি।




কুয়াকাটায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও হুমকির অভিযোগ

পটুয়াখালীর কুয়াকাটায় জমি দখল ও হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা গাজী মো. ইউসুফ মহুরির বিরুদ্ধে। তার আপন ছোট ভাইয়ের ছেলেসহ প্রতিবেশী ৬টি পরিবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন। মঙ্গলবার কুয়াকাটা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য দেন শাহজাহান বিশ্বাস।

লিখিত বক্তব্যে বলা হয়, গাজী মো. ইউসুফ মহুরি দীর্ঘ ১৫ বছর ধরে জমি দখল, মামলা ও হয়রানির মাধ্যমে প্রতিবেশীদের জুলুম করে আসছেন। ভুক্তভোগীদের দাবি, ৫ আগস্টের পরে তিনি বরিশালে পালিয়ে যান। তার অনুপস্থিতিতে কিছু জমি উদ্ধার করা হলেও বরিশাল থেকে লোক পাঠিয়ে প্রতিবেশী হাবিব মৃধার প্রায় ৫০০ গাছ কেটে ফেলেন।

অভিযোগকারীরা জানান, ইউসুফ তাদের জমি দখল করেই ক্ষান্ত হননি, বরং তাদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। ২০১৬ সালে আগের মামলাগুলোর নিষ্পত্তি হলেও, ৫ আগস্টের পর নতুন করে দুটি মামলা দায়ের করেছেন। এছাড়াও, তাদের বিরুদ্ধে নানাভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

শাহজাহান বিশ্বাস অভিযোগ করেন, ইউসুফ তাদের বলেছেন, ‘শেখ হাসিনা এবার ক্ষমতায় এলে তোদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেব।’ এ হুমকি পরিবারগুলোকে আতঙ্কিত করেছে।

সংবাদ সম্মেলনে গাজী ইউসুফের আপন ভাই গাজী ইউনুসের পরিবারসহ মো. হোসেন বিশ্বাস, শাহজাহান বিশ্বাস, মোস্তফা ঘরামী, নুর নবী, শহীদ গাজী, কুলসুম, এবং হাবিব মৃধাসহ ১৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রসঙ্গে গাজী মো. ইউসুফ বলেন, ‘দল ক্ষমতায় থাকাকালীন আমার দ্বারা কারও কোনো ক্ষতি হয়নি। কারও জমি দখল করিনি। তারা আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে।’ তবে তিনি হুমকির অভিযোগ অস্বীকার করেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সাবেক প্রতিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান এবং তাঁর স্ত্রী ফাতেমা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা দায়ের করেছে। তাঁদের বিরুদ্ধে মোট প্রায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগ উঠেছে।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো করেন। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মহিববুর রহমানের বিরুদ্ধে ৭ কোটি ৬৪ লাখ ৩১ হাজার ৪৭৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর ২৩টি ব্যাংক হিসাবে ২৩ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৫৭৬ টাকার লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।

দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন মহিববুর রহমান ও তাঁর স্ত্রী ফাতেমা আক্তার। ফাতেমার বিরুদ্ধে ৩ কোটি ৯২ লাখ ১৯ হাজার ৭৫২ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১১টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, স্বামীর অবৈধ সম্পদ থেকে ফাতেমা সম্পদশালী হয়েছেন।

দুদকের মামলার প্রক্রিয়া শুরু হওয়ার পর বিষয়টি নিয়ে পটুয়াখালীজুড়ে আলোচনা চলছে। এই মামলাগুলোকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ধর্মীয় ঐক্যের বার্তা দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন বা সংখ্যালঘু ধারণায় আমরা বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে দেশকে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করাই আমাদের লক্ষ্য।”

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর মিরপুর সেনপাড়া খ্রিষ্টান চার্চে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। এ দেশকে ফুলের বাগানের মতো সুন্দর রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কিছু অপশক্তি এই ঐক্য নষ্ট করতে চাইছে। তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক হতে হবে।”

তিনি আরও বলেন, “জামায়াত সবসময় অপরাধ, দুর্নীতি, এবং অপশক্তির বিরুদ্ধে অবস্থান নেয়। তবুও যদি কোনো ভুল হয়, আমরা তা সংশোধন করতে প্রস্তুত। দেশের সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত আপোষহীন।”

জামায়াত আমির বলেন, “বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাসের ঐতিহ্য রয়েছে। সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে সুখ-দুঃখ ভাগাভাগি করে নিয়েছে। জামায়াত এ ঐতিহ্যকে আরও শক্তিশালী করতে কাজ করছে।”

তিনি বলেন, “দেশে দুটি শ্রেণি অপরাধপ্রবণ। একদিকে রয়েছে উচ্চ শ্রেণি, যারা কলমের খোঁচায় মানুষের অধিকার কেড়ে নেয়। অন্যদিকে বস্তির মানুষ, যাদের মাদক ও অস্ত্র দিয়ে অপরাধে ব্যবহার করা হয়। এদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা প্রদর্শন করতে হবে।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মিরপুর ব্যাপটিস্ট চার্চের জ্যেষ্ঠ পালক রেভারেন্ড মার্টিন অধিকারী। সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, মিরপুর ব্যাপটিস্ট চার্চের সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা এবং রেভারেন্ড প্রিন্স কিরণ বাইন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



জাতীয় সরকার ছাড়া বর্তমান সরকার ছয় মাসও টিকবে না: নুরুল হক

ডাকসু’র সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, “জাতীয় সরকার ছাড়া এ সরকার ছয় মাসও টিকবে না। তারা নিজেদের পরিচিত সার্কেল, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছে, যা গণঅভ্যুত্থানের অংশীদারদের হতাশ করেছে।”

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপরীতে হাতিরঝিলে অনুষ্ঠিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের গুলশান জোনের উদ্যোগে আয়োজিত এ সভায় জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।

সভায় নুরুল হক বলেন, “বর্তমান সরকার নির্বাচন নিয়ে বিভক্তি সৃষ্টি করছে। গণঅভ্যুত্থানের শহীদদের ত্যাগ ও বিপ্লবীদের পাশে না দাঁড়িয়ে সরকার তাদের এড়িয়ে চলছে। এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, “বারবার আহত ও নিহতদের সহযোগিতা ও ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হলেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, ডিসেম্বরের মধ্যে আহতদের অর্ধ কোটি এবং নিহতদের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া না হলে জানুয়ারিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে।”

নুরুল হক জানান, “আমরা জানি, বিপ্লবের পর প্রতি বিপ্লবের ঝুঁকি থাকে। কিন্তু সরকার আমাদের বার্তা বুঝতে ব্যর্থ হয়েছে। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে জনসমর্থন হারিয়ে অন্তর্বর্তী সরকারও টিকে থাকতে পারবে না।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এবং যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মামুন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল ‘জনশক্তি’

চন্দ্রদ্বীপ ডেস্ক: জুলাই-আগস্টের আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে। তবে ধীরে ধীরে এই আন্দোলন রূপ নেয় সরকার পতনের কঠোর কর্মসূচিতে। অবশেষে সফলতা আসে। এরপর আলোচনায় আসে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ।

অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নির্বাচনের দিকে অগ্রসর হবে এবং জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে। এ অবস্থায়, আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার নিজেদের অবস্থান ভোটের ময়দানে দেখতে চান। তারা নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন।

জানা গেছে, আগামী দুই মাসের মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। বিদ্যমান দলগুলোর তুলনায় এটি বেশ ভিন্ন বৈশিষ্ট্যের হবে বলে জানা গেছে। দলের সম্ভাব্য নাম হিসেবে প্রস্তাব করা হয়েছে ‘জনশক্তি,’ যদিও সবার মতামতের ভিত্তিতে নাম পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। ছাত্রনেতারা জানিয়েছেন, নতুন দলের মূল লক্ষ্য হবে জনগণের আস্থা অর্জন করা।

প্রশ্ন হচ্ছে, নতুন এ রাজনৈতিক প্ল্যাটফর্মটি কেমন হতে পারে? ছাত্রনেতারা বলছেন, তারা এতদিনের প্রচলিত রাজনীতির ধারা থেকে আলাদা কিছু উপস্থাপন করবেন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী জানিয়েছেন, এই দলটি হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে। এখানে সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামোর কোনো স্থান থাকবে না। পুরোনো সমস্যা, যেমন টেন্ডারবাজি, চাঁদাবাজি, জনআকাঙ্ক্ষার বিপরীত কর্মকাণ্ড বা কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নের পথে তারা হাঁটবে না।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সারজিস আলম বলেন, নতুন যে রাজনৈতিক দল আসবে আমরা আশা করছি তারা কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কাজের মাধ্যমে প্রমাণ দেবে। এই দলকে জনগণের প্রত্যাশা বুঝতে হবে। বিগত সময়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য দলগুলো জনগণের প্রত্যাশা বুঝতো না। আশা করি, এই দল তেমন হবে না।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মানুষ যদি চায় আমাদের রাজনৈতিক দল তৈরি করা উচিত তাহলে অবশ্যই আমরা এটি ভাববো।

নতুন দলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্ত হবেন প্রাইভেট বিশ্ববিদ্যায়লের শিক্ষার্থীরা। আসছে সংসদ নির্বাচনেই অংশ নেয়ার পরিকল্পনাও তাদের।

বিষয়টি নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আগামীতে যে রাজনৈতিক প্রক্রিয়াগুলো আসছে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা যুক্ত হবে। সেখানে তারা সর্বোচ্চ পর্যায়ে আসীন হবে। বলেন, আগামী নির্বাচনে আমরা প্রতিযোগিতা করবো। আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয়। দেশের কল্যাণসাধন করা। যদি গণহত্যার বিচারের আগেই নির্বাচন হয়, তবে আমাদের লক্ষ্য থাকবে যেকোনোভাবে খুনিদের বিচার করা।

দলের সম্ভাব্য নাম কী হতে পারে এবং অর্থের উৎস কীভাবে নিশ্চিত হবে? এ বিষয়ে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আন্দোলনগুলোর মতোই এখানে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। আমরা জনগণের কাছে নাম প্রস্তাব চাইব এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, ‘জনশক্তি’ নামে একটি সম্ভাব্য নাম নিয়ে ভাবনা চলছে।

অর্থের উৎস প্রসঙ্গে তিনি বলেন, আমরা ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের পরিকল্পনা করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছি, যাতে সেগুলোর সাহায্য যথাযথভাবে ব্যবহার করা যায়।

নির্বাচনের ভোট যুদ্ধে ফল যাই হোক নিজেদের বিপ্লবী চেতনা ধরে রাখার অঙ্গীকার ছাত্র নেতাদের। জানালেন, রাজনৈতিক জোটেও যোগ দিতে পারেন তারা। নাসিরুদ্দিন জানান, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকটি দলের সঙ্গে তাদের আলোচনা-বোঝাপড়া চলছে। সূত্র: যমুনা টিভি