তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে উত্তাল বরিশাল, নদীবন্দরে প্রস্তুত বিশাল লঞ্চ

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বরিশালে দেখা দিয়েছে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ। এই উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য ঐতিহাসিক জনসমাবেশে যোগ দিতে সড়ক ও নদীপথে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল বিভাগের হাজার হাজার নেতাকর্মী।
বরিশাল নদী বন্দরে ইতোমধ্যে বিশালাকৃতির চারটি লঞ্চ ধুয়ে-মুছে সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। নদী বন্দর কর্তৃপক্ষ জানায়, বরিশাল জেলা বিএনপির উদ্যোগে লঞ্চগুলো ভাড়া নেওয়া হয়েছে এবং বিকেলের মধ্যেই নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে এসব লঞ্চ।
এদিকে বরিশাল জেলার ১০টি উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা সকাল থেকেই সড়কপথে ঢাকায় যাওয়ার জন্য বাসস্ট্যান্ডগুলোতে ভিড় জমাচ্ছেন। অনেকেই নিজ উদ্যোগে বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত যানবাহনে রাজধানীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মাঝে এদিনটি ঘিরে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মনে করছেন, দলের গুরুত্বপূর্ণ এই নেতার দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং ভোটের রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে।
নদী বন্দরে সরেজমিনে দেখা গেছে, লঞ্চের ভেতরে উপজেলা পর্যায়ের নেতারা রশি ও চিহ্ন ব্যবহার করে নিজ নিজ কর্মীদের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করছেন, যাতে যাত্রাপথে শৃঙ্খলা বজায় থাকে।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন জানান, বরিশাল জেলা বিএনপির পক্ষ থেকে চারটি লঞ্চ ও প্রায় ২০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে হাজার হাজার নেতাকর্মী ইতোমধ্যেই ঢাকার পথে রওনা দিয়েছেন। বরিশাল মহানগর থেকেও আলাদাভাবে দুটি লঞ্চ ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বরিশাল বিভাগে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি দাবি করেন, বরিশাল বিভাগ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক নেতাকর্মী সড়ক ও নদীপথে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








