বহিষ্কৃতরা বিএনপির সদস্যপদ নবায়ন করতে পারবেন না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কৃত বা অব্যাহতি পাওয়া ব্যক্তিরা বিএনপির সদস্যপদ নবায়ন করতে পারবেন না। এ সিদ্ধান্ত দলের স্বচ্ছতা বজায় রাখা ও অপ্রত্যাশিত হস্তক্ষেপ ঠেকানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য নবায়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রিজভী বলেন, “যারা বহিষ্কৃত হয়েছেন বা অব্যাহতি পেয়েছেন, তারা দলীয় সদস্যপদ নবায়ন বা প্রাথমিক সদস্য হতে পারবেন না। বহিষ্কার হওয়ার পর তাদের সব ধরনের সদস্যপদ বাতিল হয়ে গেছে।”
তিনি আরও বলেন, সদস্যপদ নবায়ন কার্যক্রমে দলকে সুরক্ষিত রাখার জন্য জেলা ও মহানগর শাখাকে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী কীটপতঙ্গরা বিএনপির সদস্যপদে ঢুকে যেন ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।”**
দলের স্বচ্ছতা বজায় রাখা এবং অভ্যন্তরীণ বিশুদ্ধতা রক্ষার উদ্দেশ্যে নবায়ন প্রক্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা করে রিজভী বলেন, **“বিএনপির ওপর নানাভাবে আক্রমণ ও অপপ্রচার চালানো হচ্ছে। প্রশাসন, পুলিশ এবং সরকারি চক্রের মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। নবায়ন কার্যক্রম দলীয় শৃঙ্খলা ধরে রাখতে সহায়ক হবে।”গণতান্ত্রিক ঐক্যের শক্তি এবং এর কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি বৃহৎ গণতান্ত্রিক ঐক্যের মাধ্যমে সংগ্রামকে আরও বেগবান করতে চায়। “আমাদের আন্দোলন সাফল্যের পথে রয়েছে। এই বিজয় কেউ কেউ ভালভাবে নেন না। তবে রাষ্ট্র ও দলের ভেতরের ষড়যন্ত্র এবং চক্রান্ত সত্ত্বেও আমরা অগ্রসর হচ্ছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী সকু এবং কার্যনির্বাহী কমিটির সদস্য সামসুজ্জামান মেহেদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মো. আরাফাত জামান
স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম








