আওয়ামী লীগের রাজনীতিতে থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগ নামে বা তাদের মতাদর্শে আর রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের রাজনীতি ফ্যাসিবাদী নীতির ওপর চলেছে, যার ফলে গণহত্যা পর্যন্ত সংঘটিত হয়েছে। যারা নিজেদের ভুল বুঝতে পারবেন, তাদের উচিত এই আদর্শ ত্যাগ করা। তবে তাদের রাজনৈতিক বা নাগরিক অধিকারে কোনো বাধা নেই। তারা চাইলে নতুন দল গঠন করতে পারেন বা অন্য দলে যোগ দিতে পারেন।
তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কর্মসূচি দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, কারণ তাদের দৃশ্যমান রাজনৈতিক অবস্থান নেই। তিনি দাবি করেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন, যা বিভিন্ন স্থানে গুপ্ত হামলা ও গুজব ছড়ানোর চেষ্টা করছে। সংগঠনের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা থাকায় পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনাসহ অভিযুক্ত অনেক নেতা সেখানে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকেই বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। তিনি বলেন, ভারত সরকার যদি সহযোগিতা না করত, তাহলে তারা এসব করতে পারত না। তিনি আশা প্রকাশ করেন যে, ভারত ভবিষ্যতে আরও দায়িত্বশীল আচরণ করবে।
এ বিষয়ে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, নির্বাচনে অংশ নিতে পারবে কি না—এটি একটি জাতীয় ঐকমত্যের বিষয়। আদালত, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো যে সিদ্ধান্ত নেবে, সেটিই চূড়ান্ত হবে। তবে অভ্যুত্থানকারীদের দৃষ্টিতে আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক ও আইনগত ভিত্তি নেই।
মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








