পটুয়াখালীতে বঙ্গবন্ধুর দুটি ম্যুরাল ভাঙচুর

পটুয়াখালী জেলা পরিষদের সামনে ও র্যাব ক্যাম্প-সংলগ্ন এলাকায় স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভাঙচুর করেছেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে হঠাৎ করেই জেলা পরিষদের সামনে ভিড় জমতে থাকে। পরে একত্রিত হয়ে বিক্ষুব্ধ জনতা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙতে শুরু করেন। এরপর তারা একটি মিছিল নিয়ে র্যাব ক্যাম্প-সংলগ্ন এলাকায় যান এবং সেখানকার ম্যুরালেও ভাঙচুর চালান।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি করেন, “এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলো থাকার অর্থ হলো ২০২৪-এর গণআন্দোলনকে কলুষিত করা। আমাদের শহরে এসবের কোনো স্থান নেই। ভবিষ্যতে যে কোনো স্বৈরাচারকে এভাবেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।”
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শহরের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








